এবার ছোলার বৈচিত্র্য কম
প্রতিবছর রোজায় চার-পাঁচটি দেশ থেকে ছোলা আমদানি হয়। কিন্তু এবার আমদানি হয়েছে মাত্র দুটি দেশ থেকে। এর মধ্যে অস্ট্রেলিয়া থেকে আমদানি করা ছোলার পরিমাণ বেশি। এরপর মিয়ানমার থেকে বন্দর দিয়ে কয়েক হাজার টন ছোলা আমদানি হয়েছে। ফলে ক্রেতারা এবার ছোলায় তেমন বৈচিত্র্য পাবেন না।জানা গেছে, প্রতিবছর রোজার আগে ইথিওপিয়া, তানজানিয়া, অস্ট্রেলিয়া, মিয়ানমারসহ কয়েকটি দেশ থেকে ছোলা আমদানি হতো। বৈরী আবহাওয়ার কারণে ছোলা উৎপাদনকারী দেশগুলোতে ফলন কম হওয়ায় কয়েকটি দেশ থেকে ছোলা আমদানি হয়নি। অস্ট্রেলিয়া ও মিয়ানমার থেকেই ছোলা আমদানি হয়েছে। অবশ্য ইথিওপিয়া থেকে আমদানি হয়েছে ২৪০ টন।বন্দর সূত্রে জানা যায়, এ মাসের প্রথম দুই সপ্তাহে ছোলার আমদানি কমে গেছে। এ সময়ে ছোলা এসেছে ৫০০ টনের কম। অবশ্য দেশীয় ব্যবসায়ীরা এর আগেই অস্ট্রেলিয়া থেকে বিপুল পরিমাণ ছোলা আমদানি করেছেন। এ বছরের মে থেকে জুন পর্যন্ত প্রায় ৮৯ হাজার মেট্রিক টন ছোলা আমদানি করেন ব্যবসায়ীরা। এখন বিশ্ববাজারে ছোলা রপ্তানি কমে গেলেও দেশে সরবরাহে সমস্যা হবে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের হিসাবে রমজান মাসে ছোলার চাহিদা প্রায় ৭০ হাজার টন। তবে সরকারি হিসাবে এ চাহিদা ২৫ হাজার টন। চাহিদার ব্যাপক তারতম্য থাকলেও ছোলার সরবরাহ নিয়ে দুশ্চিন্তার কারণ দেখছেন না ব্যবসায়ীরা।এ ব্যাপারে ইয়াছির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মোজাহের হোসেন প্রথম আলোকে বলেন, ছোলার সরবরাহ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। বাজার ঘুরে দেখা গেছে, এবার রোজার বাজারে অস্ট্রেলিয়া থেকে আমদানি করা ছোলার প্রাধান্য বেশি। তবে দেখতে সুন্দর এবং বড় দানার কারণে মিয়ানমারের ছোলার দাম বেশি। অস্ট্রেলিয়ার ছোলা কেজিপ্রতি ৮০ টাকায় বিক্রি হলেও মিয়ানমারের ছোলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮৫ টাকায়। আবার বড় দানা ও দেখতে সুন্দর না হলেও অস্ট্রেলিয়ার ছোলার স্বাদ বেশি বলে জানান খুচরা বিক্রেতারা।কাস্টম হাউসের তথ্যে দেখা যায়, মিয়ানমারের ছোলার আমদানি-মূল্য পড়েছে ৬৪ থেকে ৬৫ টাকা। এর সঙ্গে কেজিপ্রতি তিন টাকা খরচ যোগ করে আমদানিকারকেরা বিক্রি করছেন কেজিপ্রতি ৬৯ থকে ৭১ টাকা। আর অস্ট্রেলিয়া থেকে আমদানি করা সাধারণ মানের ছোলার আমদানি-মূল্য পড়েছে মানভেদে ৫৭ থেকে ৬৩ টাকা পর্যন্ত। এই ছোলাও খুচরায় কেজিপ্রতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, আমদানিকারক পর্যায় থেকে কার্যত ছোলার বাজার এখন পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের হাতে চলে গেছে। রোজার প্রথম সপ্তাহে বিক্রির জন্য বিক্রেতারা ছোলার মজুদ করে রেখেছেন। রিয়াজউদ্দিন বাজারের বিক্রেতা মো. ইউনুছ প্রথম আলোকে বলেন, ‘ক্রেতারা রোজার এক সপ্তাহ আগে-পরে ছোলার কেনাকাটা শেষ করে ফেলেন। এ কারণে ক্রেতাদের চাহিদা মেটাতে পাইকারি বাজার থেকে ছোলা কিনে এনে রাখা হয়েছে।’