এবার টাইটান যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউরিওসিটির মঙ্গলযাত্রার পরে এবার শনির উপগ্রহ টাইটানে যাওয়ার চিন্তা-ভাবনা শুরু করেছেন বিজ্ঞানীরা। এই নতুন অভিযানে টাইটানের বৃহত্তম হ্রদ, ‘লাইজেইয়া মারে’কে নিয়েই পরীক্ষা-নিরীক্ষা করতে চান বিজ্ঞানীরা। সম্প্রতি ‘সেনার’ নামে একটি বেসরকারি প্রযুক্তি ও কারিগরি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে স্পেনের একটি মহাকাশ গবেষণা কেন্দ্র এই অভিযানের পরিকল্পনা শুরু করেছে। প্রকল্পটির নাম, ‘টাইটান লেক ইন-সিটু স্যাম্পলিং প্রোপেলড এক্সপ্লোরার’ (ট্যালিস)। স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত ইউরোপীয় গ্রহবিজ্ঞান সম্মেলনে (ইপিএসসি) ওই পরিকল্পনার কথা জানানো হয়েছে। পৃথিবীর মতোই টাইটানে রয়েছে ঘন বায়ুমণ্ডল। তবে সেখানকার শীতল সাগরে পানির পরিবর্তে কিছুটা ঘন তরল পদার্থ রয়েছে। টাইটানের উত্তর গোলার্ধের বেশির ভাগজুড়েই রয়েছে হাইড্রো-কার্বনপূর্ণ হ্রদ, সাগর ও বিভিন্ন নদী। নতুন পরিকল্পনা অনুযায়ী, টাইটানের উত্তর মেরুর বৃহত্তম হ্রদ লাইজেইয়া মারে ভাসবে রোবটবাহী নৌকাসদৃশ নভোযান। ট্যালিশ নামের এ অভিযানে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা। ইনডিপেন্ডেন্ট।