এবার ট্রেনে যাত্রীর চাপ কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ অক্টোবর ঈদুল আজহা। নাড়ির টানে আবার ছুটে যাওয়ার পালা। আগামীকাল সোমবার থেকে ট্রেন ও বাসে চড়ে ছুটে যাওয়া শুরু হবে আপন ঠিকানার উদ্দেশে। সেইভাবে প্রস্তত আছে রেলওয়ে কর্তৃপক্ষ। দূরপাল্লার বাসগুলোরও আগাম টিকিট বিক্রি হয়ে গেছে। রেলওয়ে সূত্র জানায়, ১ অক্টোবর থেকে রেলের ভাড়া বৃদ্ধির পর ট্রেনের যাত্রী পরিবহন কিছুটা কমেছে। বিশেষ করে দাঁড়িয়ে যাওয়ার (স্ট্যান্ডিং) টিকিট বিক্রি কমে গেছে। রেলের কর্মকর্তারা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থার কারণে ট্রেনের ওপর চাপ একসময় বেশি ছিল। সম্প্রতি ভাড়া বৃদ্ধির কারণে চাপ কিছুটা কমেছে। ঈদ উপলক্ষে এবারও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন ঈদের তিন দিন আগে থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থার পাশাপাশি প্রতিটি ট্রেনে বাড়তি কোচ (বগি) সংযোজন করা হচ্ছে। এতে আরও বেশি সংখ্যক যাত্রী পরিবহন সম্ভব হবে।রেলের চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) রোকনুজ্জামান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, যাত্রার আগ মুহূর্তে আন্তনগর ও এক্সপ্রেস ট্রেনের স্ট্যান্ডিং (আসনবিহীন, অর্থাৎ দাঁড়িয়ে যাওয়া) টিকিট ছাড়া হবে। নির্দিষ্ট কাউন্টার থেকে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে সুবর্ণতে আসনের বাইরে কোনো স্ট্যান্ডিং টিকিট ছাড়া হবে না। রোকনুজ্জামান আরও বলেন, ‘যাত্রার দিন আমরা আসনের বাইরে আরও ৩০ শতাংশ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে ছাড়ব। এতে ঘরমুখো মানুষ কষ্ট করে হলেও বাড়ি যেতে পারবে। ভাড়া বৃদ্ধির কারণে এবার স্ট্যান্ডিং টিকিট বিক্রি কম হতে পারে। তবে যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’ রেল সূত্র জানায়, ঈদ উপলক্ষে স্টেশনের কাউন্টারগুলো থেকে মাত্র ৬৫ শতাংশ টিকিট যাত্রীদের কাছে বিক্রি করা হয়েছে। ভিআইপি এবং রেলের কর্মকর্তা ও কর্মচারীদের সংরক্ষিত আসন ছাড়াও যাত্রীরা মুঠোফোনের মাধ্যমে টিকিট সংগ্রহ করেছে। এই তিন শ্রেণীর আসনের সংখ্যা প্রায় দুই হাজার। আর যাত্রীরা কাউন্টার থেকে সরাসরি পেয়েছে চার হাজার আসনের টিকিট। চট্টগ্রাম থেকে প্রতিদিন সুবর্ণ, মহানগর প্রভাতী, পাহাড়িকা, মহানগর গোধূলী, মেঘনা, উদয়ন, চট্টলা এক্সপ্রেস ও তূর্ণা গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনগুলোর গন্তব্য হচ্ছে ঢাকা, সিলেট ও চাঁদপুর। তবে কিছু ট্রেন ফেনী, লাকসাম, কুমিল্লা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব এবং সিলেট রেলপথের জেলা শহরগুলোতে যাত্রা বিরতি করে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের সময়ে ট্রেনভ্রমণ সবচেয়ে নিরাপদ ও আরামদায়ক বলে তাঁরা মনে করেন। সরকার ভাড়া বাড়িয়েছে বলে টিকিটের কালোবাজারি এবার অনেক কমেছে। তবে ভাড়া বৃদ্ধির পর সেবার মান সেই অর্থে বাড়েনি অভিযোগ অনেক যাত্রীর। সুবর্ণ এক্সপ্রেসে পরশু মঙ্গলবার ঢাকায় যেতে তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত টিকিট কিনেছেন রাশেদুর রেজা। তিনি প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম স্টেশনে টিকিট কিনতে এবার আমাকে ঝক্কিঝামেলা তেমন পোহাতে হয়নি। টিকিটের দাম অস্বাভাবিক বেড়েছে বলে অনেক যাত্রী বাসভ্রমণকে হয়তো অগ্রাধিকার দিচ্ছে। তবে ট্রেনে সেবার মান বাড়ানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পালন করা হচ্ছে না।’ বৃহত্তর বরিশাল ও আশপাশের জেলাগুলোর মানুষ চাঁদপুর হয়ে লঞ্চযোগে গন্তব্যে পৌঁছান। এ কারণে ঈদের চার-পাঁচ দিন আগে থেকে মেঘনা এক্সপ্রেসে যাত্রী পরিবহন অস্বাভাবিক বেড়ে যায়। ঈদে ওই ট্রেনে কোচের সংখ্যাও বাড়ানোর পাশপাশি দুটি বিশেষ ট্রেনও যাত্রী পরিবহন করবে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে। এদিকে দূরপাল্লার বাসগুলোর বেশির ভাগ টিকিট সপ্তাহ দুয়েক আগে বিক্রি শেষ হয়েছে। তবে বাড়তি টাকা দিলে বিশেষ ব্যবস্থায় টিকিট সংগ্রহ করে দেয় পরিবহন কাউন্টারের কর্মীরা। উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর বাস নগরের স্টেশন সড়ক ও অলংকার মোড় থেকে ছাড়া হয়। কদমতলি টার্মিনাল থেকে বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লাগামী যাত্রীরা বাসে ওঠেন। চট্টগ্রাম শহরের বেশির ভাগ যাত্রী এই টার্মিনাল দিয়ে গন্তব্যে যাত্রা করে বলে জানা গেছে। কারণ নগরের একটি বৃহৎ জনগোষ্ঠী বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লার বাসিন্দা, যারা মধ্যবিত্ত ও স্বল্প আয়ের লোক। এই টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বাসগুলোর ভাড়া সহনীয় পর্যায়ে আছে।