এবার তাঁরা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার চারজন নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। ক্ষমতার সীমাবদ্ধতা ও এলাকার চাহিদা অনুযায়ী উন্নয়ন করতে না পারায় তাঁরা এবার প্রার্থী হননি বলে জানিয়েছেন।
এই চার জনপ্রতিনিধি হলেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, পেকুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইদ্রিছ বাদশা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন ফারজানা।
রেজাউল করিম বলেন, এরশাদের শাসনামলে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডে উপজেলা পরিষদ চেয়ারম্যানদের বিশাল ভূমিকা ছিল। বর্তমানে তার ১০ ভাগও নেই। আগে উপজেলা পরিষদের মাধ্যমে মাঠপর্যায়ে সব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হতো। এখন সাংসদেরা উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা দিতে চান না।
এস এম জাহাঙ্গীর আলম বলেন, ‘এই পদে থেকে জনগণের জন্য কিছু করার সুযোগ নেই। এ জন্য নির্বাচন করছি না।’
মো. ইদ্রিছ বাদশা বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মানেই ঢাল-তলোয়ারবিহীন নিধিরাম সর্দার। একজন ইউপি সদস্য যতটুকু এলাকায় কাজ করার সুযোগ পান, সেই ক্ষমতাও ভাইস চেয়ারম্যানদের দেওয়া হয়নি।
নাজনীন ফারজানা বলেন, সরকার নারী ক্ষমতায়নের কথা বললেও মহিলা ভাইস চেয়ারম্যানদের জন্য তিন বছর চেয়ার পর্যন্ত দেয়নি। পরে চেয়ার দেওয়া হলেও কোনো উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ ছিল না। তিনি আরও বলেন, ‘নির্বাচিত হয়ে জনগণকে কিছু দিতে পারিনি। তাই এবার নির্বাচন করছি না।’