সিটি করপোরেশনের উদ্যোগে ৪১টি ওয়ার্ডের ৩২০টি খাল এবং নালা-নর্দমা খনন ও পরিষ্কারের জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৬০ ভাগ এলাকায় কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে, আগামী এক-দেড় মাসের মধ্যে সব কাজ শেষ হবে। সামনের বর্ষায় নগরের জলাবদ্ধতা অনেক কমবে বলে আশা করছেন মেয়র মোহাম্মদ মন্জুর আলম। কথা বলেছেন নিজস্ব প্রতিবেদকমেয়র নির্বাচিত হওয়ার পর প্রথম বর্ষা আসছে। ‘জলাবদ্ধতামুক্ত নগর’ গড়া আপনার নির্বাচনী অঙ্গীকার। এ ব্যাপারে আপনার প্রস্তুতি কেমন?মোহাম্মদ মন্জুর আলম: আমরা চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ৪১টি ওয়ার্ডের ৩২০টি খাল এবং নালা-নর্দমা খনন ও পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। এ জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৬০ শতাংশ এলাকায় কাজ শুরু হয়েছে। শিগগিরই বাকি এলাকায়ও কাজ শুরু হবে। আশা করছি, আগামী এক-দেড় মাসের মধ্যে সব কাজ শেষ হবে। ফলে এবারের বর্ষায় নগরের জলাবদ্ধতা ৫০ শতাংশ কমে যাবে বলে আশা করছি। আমি এ ব্যাপারে নগরবাসীর সহযোগিতা কামনা করছি। খাল ও নালা দখল থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। সে সঙ্গে খালে যেন কেউ আবর্জনা না ফেলেন সে অনুরোধও করছি। চাক্তাই খাল খননের দীর্ঘস্থায়ী কোনো প্রকল্প আছে কি?মোহাম্মদ মন্জুর আলম: চাক্তাই খালের পাশে একটি নতুন রাস্তার নির্মাণকাজ আগামী অর্থবছরে শেষ হবে। এ জন্য ৫৭ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ রাস্তা দিয়ে চাক্তাই খালের মাটি ও আবর্জনা পরিষ্কার করা সম্ভব হবে। এতে চারপাশের এলাকার পানি খাল দিয়ে দ্রুত সরে যাবে। মুরাদপুর ও বহদ্দারহাট এলাকায় আরও একটি বিকল্প খাল খননের কথা দীর্ঘদিন ধরে বলে আসছেন। এটা করা কি সম্ভব হবে?মোহাম্মদ মন্জুর আলম: ১৯৯৫ সালে চট্টগ্রামের উন্নয়ন মহাপরিকল্পনায় মুরাদপুর থেকে বহদ্দারহাট হয়ে কর্ণফুলী নদী পর্যন্ত একটি ও আরও কিছু বিকল্প খাল খননের কথা বলা হয়েছে। সরকারের কাছে আমার অনুরোধ, চট্টগ্রাম শহরকে রক্ষা করতে হলে কর্ণফুলী নদীর খনন (ড্রেজিং) ও বিকল্প খাল খনন করতে হবে। কর্ণফুলীর খননকাজের দরপত্র দেওয়া হয়েছে বলে আমরা শুনেছি, এটা আনন্দের খবর। সরকার যেন খালগুলো খননেরও উদ্যোগ নেয় সেটা আমাদের প্রত্যাশা। চাক্তাই ও মহেশখালের মুখে স্লুইসগেট দেওয়ার কথা ছিল। এটার অগ্রগতি কতটুকু?মোহাম্মদ মন্জুর আলম: বৃষ্টির সময় শহরে সাগরের পানি ঢোকা রোধ করতে চাক্তাই ও মহেশখালের মুখে দুইটি ফ্লেপ (স্লুইসগেইট) বসানো দরকার। এ বিষয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডকে দায়িত্ব দিয়েছি। তারা এ নিয়ে গবেষণা ও জরিপ করছে। এটা শেষ হলে তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেব আমরা। তা ছাড়া মহেশখালের আশপাশে উপকূলীয় বাঁধে প্রয়োজনীয়সংখ্যক স্লুইসগেট নেই। আমরা ওই বাঁধে কিছু স্লুইসগেট তৈরির উদ্যোগ নিয়েছি।