কক্সবাজারের নতুন শহীদ মিনার নির্মাণকাজ শেষের পথে। ১৬ ডিসেম্বর এ শহীদ মিনারে ফুল দিয়ে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবে শহীদ মুক্তিযোদ্ধাদের। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, শহীদ মিনার তৈরির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৩৫ লাখ টাকা। নির্মাণকাজ প্রায় শেষ। শহীদ মিনারের সৌন্দর্য বৃদ্ধির জন্য পেছনে তিনটি কৃষ্ণচূড়া গাছ লাগানো হবে। উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর ধরে কক্সবাজারের মানুষ ভাঙা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়ে আসছেন। ১৯৯২ সালের মাঝামাঝি সময়ে ওই শহীদ মিনারটি নির্মাণ করা হয়। এরপর আর কোনো সংস্কার হয়নি। শুধু প্রতিবছর একুশে ফেব্রুয়ারি ও ১৬ ডিসেম্বর এলে চুনকাম করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাধীনতা-পরবর্তী সময়ে শহরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে। ওই সময় জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও প্রশাসনের কর্মকর্তারা শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করতেন। পরে শহরের প্রাণকেন্দ্র শহীদ সরণিতে কেন্দ্রীয় শহীদ মিনারটি নির্মাণ করা হয়। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, ‘গত ১৮ বছর ধরে আমরা ভাঙা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেছি। এবার ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালিত হবে অন্যভাবে। নতুন শহীদ মিনার নির্মাণের খবরে জেলাবাসী খুশি।’ কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজ বিহারী দাশ বলেন, ‘বরাদ্দ না থাকায় এত দিন শহীদ মিনারটি তৈরি করা সম্ভব হয়নি। এখন জেলা পরিষদ এটি নির্মাণ করায় আমরাও খুশি।’ ঠিকাদারি প্রতিষ্ঠান কোরাইশী এন্টারপ্রাইজের মালিক আমির হামজা কোরাইশী বলেন, শহীদ মিনার নির্মাণের কাজ ৯৯ শতাংশ শেষ হয়েছে। ১৬ ডিসেম্বরের আগেই প্রস্তুত হবে নতুন শহীদ মিনার।