এবার পরুন জগার

চাপা জিনস, সরু গ্যাবার্ডিন প্যান্ট, ধুতি পায়জামা—অনেক তো পরলেন। এবার পরুন জগার। ডিজাইনাররা ধারণা করছেন, ক্যাজুয়াল প্যান্ট হিসেবে এবার পুরো বছর জমাবে জগার। দেখতে অনেকটা জগিং প্যান্টের মতো, তবে ‘স্ট্রিট ওয়্যার প্যান্ট’ হিসেবে যেকোনো ক্যাজুয়াল পার্টিতে পরে যেতে পারেন।
ফ্যাশন হাউস ব্যাঙের স্বত্বাধিকারী ও ডিজাইনার সায়েম হাসান জানালেন, ইউরোপে আরও দুই বছর আগে থেকে জনপ্রিয় জগার। ‘আমাদের দেশে মাত্র কয়েক মাস আগে থেকে বিভিন্ন ফ্যাশন হাউস জগার তৈরি করছে। এরই মধ্যে তরুণদের কাছে জনপ্রিয়তা পেয়েছে প্যান্টটি। জগার বলতে জগিং করার প্যান্ট মনে করলে ভুল হবে। কারণ, জগার ক্যাজুয়াল প্যান্ট হিসেবে যেকোনো অনুষ্ঠানে ভালো দেখাবে।’
শীতে জগার পরলে আরামও মিলবে। কারণ, জগার প্যান্টের নিচের দিকটা পায়ের সঙ্গে আটকানো থাকে।

জগার যেমন
জগার প্যান্ট অনেকটা শীতে পরার ট্রাউজারের মতো। তবে সেখানে এসেছে নতুনত্ব। জগার ক্যাজুয়াল প্যান্ট হিসেবেই জনপ্রিয় হচ্ছে। নিট ও ওভেন দুই ধরনের কাপড়ে জগার প্যান্ট তৈরি হচ্ছে। সেইলরের জ্যেষ্ঠ ডিজাইনার শিবলী রহমান বলেন, ‘বাংলাদেশে ২০১৭ সালের পুরোটাই জগার জনপ্রিয় থাকবে।
সব মৌসুমে পরার উপযোগী করেই বানানো হচ্ছে এই প্যান্ট। উৎসবের মৌসুমে জগারের আধিক্য থাকবে।’ সাধারণ প্যান্টের মতো করেই তৈরি হচ্ছে জগার। ভিন্নতা কোমর ও প্যান্টের নিচের দিকে। কোমরে ইলাস্টিক বা ফিতা ব্যবহার করা হচ্ছে। প্যান্টের নিচের দিকে ব্যবহার হচ্ছে চওড়া রবার। কখনো আবার ট্রাউজারের মতো নিচের দিকটা তৈরি হচ্ছে। কিছু কিছু প্যান্টে সামনে জিপার আছে। গ্যাবার্ডিনের নিচের অংশেও ছোট্ট জিপারের ব্যবহার দেখা যাচ্ছে। প্যান্টের সামনে হাঁটুর অংশে একাধিক চওড়া সেলাই দিয়ে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে।
নিট কাপড়ের জগারে গাঢ় ও হালকা দুই ধরনের ওয়াশ হচ্ছে। এটা দেখতে অনেকটা ডেনিমের মতো। জগারের সুবিধা হচ্ছে কোমর নিয়ে ঝামেলা কম। উচ্চতার সঙ্গে মিলিয়ে কোমর কমবেশি করা যায় এসব প্যান্টে। ইলাস্টিক বা ফিতা থাকায় এই সুবিধা। জগার প্যান্টে দুই থেকে চারটা পকেট থাকছে। পকেটে চিকন করে আলাদা কাপড়ের ব্যবহারও ভালো দেখাবে। প্যান্টের রং হিসেবে দেখা যাচ্ছে খাকি, বাদামি, অ্যাশ, জলপাই, কালো ইত্যাদি।

কেমন দাম?
জগার প্যান্টের দাম নির্ভর করে এর মানের ওপরে। ফ্যাশন হাউসে জগারের দাম পড়বে ১ হাজার থেকে ১ হাজার ৮০০ টাকার মধ্যে। এ ছাড়া বিভিন্ন শপিং মল ও বিপণিতে জগার কিনলে দাম ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়। তবে শপিং মলের চেয়ে ফ্যাশন হাউসের তৈরি জগিং প্যান্টের ফিনিশিং ভালো।
যেখানে পাবেন?
ব্যাঙ, সেইলর, ইজি, প্লাস পয়েন্ট, একস্টাসিসহ বিভিন্ন ফ্যাশন হাউস তৈরি করছে জগার প্যান্ট। এ ছাড়া রাজধানীর বঙ্গবাজার, নিউ সুপার মার্কেট, নুরজাহান মার্কেট, এলিফ্যান্ট রোড, বসুন্ধরা সিটি শপিং মল ও যমুনা ফিউচার পার্কে পাওয়া যাবে এই প্যান্ট।