এবার পান্তা-ইলিশ নয় পান্তা-ফাইস্যা!
আর মাত্র একটা দিন অপেক্ষা। তারপর গ্রামবাংলার ঐতিহ্যের সেই লোকজ উৎসব পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের এ দিনে দিনভর চলবে নানা আয়োজনে পান্তা ইলিশ খাওয়ার মহোৎসব। অনেকের কাছে বৈশাখ মানেই পান্তাভাতের সঙ্গে রুপালি ইলিশ। এ ইলিশ নিয়ে এখন চিন্তিত অনেকে। কারণ সাগরে এখন ইলিশ নেই। দু-একটা ট্রলার ইলিশ ধরে আনামাত্রই শেষ হয়ে যায়। চড়া দামে ইলিশগুলো কিনে নিয়ে সরবরাহ করা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। কেউ কেউ পাঠাচ্ছে ভারতের কলকাতায়ও। তাহলে কি এবার পান্তা ইলিশ খাওয়া হবে না? এদিকে পয়লা বৈশাখের দিন পান্তা ইলিশের বদলে পান্তা-ফাইস্যা (ইলিশ হিসেবে চালিয়ে দেওয়া) খাওয়ার আয়োজন করেছে কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোট।গত শনিবার বিকেলে শহরের বাহারছড়া বাজারে গিয়ে দেখা গেল, এক বিক্রেতা ছয়টি ইলিশ নিয়ে বসে আছেন। প্রতি কেজি ইলিশের দাম হাঁকা হচ্ছে ৬০০-৭০০ টাকা। প্রতিটি ইলিশের ওজন হবে ৫০০ থেকে ৭০০ গ্রাম। বলা যায়, জাটকা ইলিশ। শহরের বড়বাজার, কালুর দোকান বাজারেরও একই অবস্থা। কোথাও ইলিশ নেই।বড়বাজারের মাছ বিক্রেতা ফজলুল করিম (৪৫) জানান, গভীর সাগর থেকে জেলেরা প্রতিদিন হাজার হাজার ইলিশ ধরে আনছেন। এসব মাছ বিক্রি হয় নুনিয়াছটা ফিশারিঘাটে। আড়তদারেরা পাইকারি হিসেবে সব ইলিশ কিনে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ দিচ্ছেন। কক্সবাজারের হাটবাজারে বিক্রির জন্য কোনো ইলিশ রাখা হচ্ছে না। ট্রলারের জেলেরা খাবারের জন্য নিয়ে আসা কিছু ইলিশ খুচরা বাজারে বিক্রি করেন। গত শুক্রবার বেলা ১১টায় বাঁকখালী নদীর তীরে, শহরের নুনিয়াছটা ফিশারিঘাটে গিয়ে দেখা মেলে অসংখ্য রুপালি ইলিশের। ২০টির বেশি ট্রলার থেকে নামানো হচ্ছে কয়েক হাজার করে ইলিশ। এই ইলিশ খোলা মেঝেতে রেখে চলছে গণনার কাজ। এরপর বরফ মিশিয়ে বোঝাই করা হচ্ছে বড় বড় বাঁশের ঝুড়িতে। তারপর এ ঝুড়ি তোলা হচ্ছে ট্রাকে। মুহূর্তে এ ট্রাক চলে যাচ্ছে ঢাকা-সিলেট আর কলকাতার উদ্দেশে।এক ব্যবসায়ীকে বললাম, ‘ইলিশ কিনব ১০টা। কত নেবেন?’জবাব এল, ‘এখানে খুচরা ইলিশ বিক্রি হয় না।’‘তাহলে পাইকারিতে ১০০ ইলিশ নেব, কত নেবেন?’জবাব দিলেন, ‘আড়তদারকে জিজ্ঞাসা করতে হবে।’এক আড়তদার বলেন, এগুলো দাদনের মাছ। লাখ লাখ টাকা দাদন দেওয়ার সময় শর্ত থাকে, সাগর থেকে ধরে আনা মাছ তাঁদেরই নির্দিষ্ট মূল্যে বিক্রি করতে হবে। সেই মাছ আড়তদারেরা তুলে দেন ফড়িয়াদের হাতে। কারণ, এই ফড়িয়া থেকে দাদন নেন আড়তদারেরা। ফিশারিঘাটে এ ধরনের ফড়িয়ার সংখ্যা ৫০ জনের বেশি। এই ফড়িয়ারা দেশের ইলিশ কিনে উল্লেখযোগ্য একটি অংশ ভারতের কলকাতায় পাঠিয়ে দিচ্ছেন। কক্সবাজারের ইলিশ দিয়ে কলকাতার মানুষ ভুঁরিভোজ করবে, আর কক্সবাজারের মানুষ পয়লা বৈশাখের বিশেষ দিনটিতেও পান্তা-ইলিশ খেতে পারবে না, তা কী করে হয়? এ যেন বৈশাখের আকাল পান্তা-ইলিশ।ফিশারিঘাটের আড়তদার ওমর কাজি (৪২) জানান, সরকার সম্প্রতি আড়তদারি প্রথা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু কিছু লোক মিছিল-মিটিং করে তা থামিয়ে দেয়। তবে কিছু ট্রলার মালিক এই প্রথার বাইরে থেকে মাছ বিক্রি করেন।কিন্তু সাগরে ইলিশ ধরা না পড়ার কারণে সংকট দেখা দিচ্ছে। কিছু ট্রলার ইলিশ ধরে আনলেও তা বিক্রি হচ্ছে চড়া দামে। আর পয়লা বৈশাখ এলে ইলিশের দাম তো একটু বাড়বেই।ফিশারিঘাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল ইসলাম জানান, সাগরে এখন ইলিশ পাওয়া যাচ্ছে না, তাই দাম বেশি। বেশি দামে ইলিশ কিনে কেউ ঢাকা-চট্টগ্রামে নিয়ে গেলে করার কিছু নেই। সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার সভাপতি তাপস রক্ষিত জানান, ইলিশের সংকট আর চড়া দামের কারণে এ পয়লা বৈশাখে অনেকের পান্তা-ইলিশ খাওয়া হবে না। এখন পান্তার সঙ্গে ইলিশ বাদ দিয়ে ফাইস্যা মাছ যোগ করতে হচ্ছে। ফাইস্যার আকৃতি ইলিশের চেয়ে ছোট হলেও মাছটির শরীরজুড়ে ইলিশের মতো কাটায় ভর্তি। তাই অনেকে ফাইস্যাকে ইলিশ মনে করে খেতে পারে। আসলে এবার পান্তা-ইলিশের বদলে হবে পান্তা-ফাইস্যার বৈশাখ। পয়লা বৈশাখের দিন সকালে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে শহরের পাবলিক হল মাঠে চলবে নানা সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি এই পান্তা-ফাইস্যা খাওয়ার মহোৎসব।