এবার পালা আর্জেন্টিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা লাগানো নিয়ে সমর্থকদের মধ্যে প্রতিযোগিতা চলছেই। কার চেয়ে কে বেশি দীর্ঘ পতাকা লাগাতে পারে এ নিয়ে মাতামাতির শেষ নেই। অলি-গলিও ছেয়ে গেছে পতাকায়। ছবিটি নগরের ঝাউতলা এলাকা থেকে তোলা  সৌরভ দাশ
ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা লাগানো নিয়ে সমর্থকদের মধ্যে প্রতিযোগিতা চলছেই। কার চেয়ে কে বেশি দীর্ঘ পতাকা লাগাতে পারে এ নিয়ে মাতামাতির শেষ নেই। অলি-গলিও ছেয়ে গেছে পতাকায়। ছবিটি নগরের ঝাউতলা এলাকা থেকে তোলা সৌরভ দাশ

মাঠে গড়াল বিশ্বকাপ। হয়ে গেল কিক অফ। শুরুতেই এগিয়ে গেল ব্রাজিল। সেই সঙ্গে দূর হলো অঘটন-আশঙ্কার মেঘ। কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়া স্থানীয় ‘ব্রাজিলিয়ানরা’ তুলল সগৌরবের জয়ধ্বনি। হেক্সা জয়ের তর্কে মেতে থাকা উচ্ছ্বসিত আনন্দিত সমর্থকেরা এবার আঙুল তুলছেন প্রতিপক্ষ আর্জেন্টিনার দিকে। প্রতিপক্ষই বটে। সাত সাগর তেরো নদীর ওপারের বিশ্বকাপে আর যা-ই হোক বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের তর্কই আসে ঘুরে-ফিরে।
সেই আর্জেন্টিনার আজ প্রথম পরীক্ষার দিন। এই বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামছে তারা। প্রতিপক্ষ বসনিয়া। আর্জেন্টিনার সমর্থকেরা কথার লড়াইয়ে এখনই যেন উড়িয়ে দিচ্ছেন এই দলকে। পাড়া-মহল্লা থেকে সেই ধ্বনি কান পাতলেই শোনা যায়। ব্রাজিলের জয়ে আবার একটু কি চাপে পড়ে গেলেন তাঁরা? প্রথম ম্যাচের চাপ!
এই যেমন নানা টিপ্পনী এখন শুনতে হচ্ছে আর্জেন্টাইন সমর্থকদের—‘লেজে পা কাটবে। আগে মাঠে নামুক তার পর দেখা যাবে। নেইমার দেখিয়ে দিয়েছে...’
কথার লড়াই চলছে। আপাতত তাতে কিছুটা পিছিয়ে আর্জেন্টিনার সমর্থকেরা। তাঁরা এখন দলের জন্য প্রার্থনায় ব্যস্ত। নেইমারের জোড়া গোলে বিশ্বকাপ শুরু। যদি মেসি গোল না পায়, তাহলে বড় ‘কেলেঙ্কারি’ হয়ে যাবে। প্রতিপক্ষরা পেয়ে বসবে—এমন শঙ্কাই এখন ঘুরপাক খাচ্ছে তাঁদের মনে।
তবে আর্জেন্টিনার জয় ও মেসির গোল নিয়ে তর্ক-বিতর্কের পাশাপাশি চলছে বাজিও। এই বাজিতে গা ভাসেয়েছেন পাড়া-মহল্লার তরুণেরা। গোলের ব্যবধান, কে গোল করবে এসব নিয়েই চলছে এই বাজি ধরা।
আরেকটি প্রস্তুতি চলছে এখনই। সেটা খেলা দেখার। কীভাবে কোথায় খেলা দেখবে তার আয়োজন চলছে। তবে দিবাগত রাত চারটায় আর্জেন্টিনার খেলা হওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন সাধারণ দর্শকেরা। সবান্ধব খেলা দেখার ইচ্ছাতে এটা প্রতিবন্ধক হয়ে দেখা দিয়েছে। তার পরও থেমে নেই। এই যেমন হেমসেন লেনের কিছু তরুণ রাতে গলিতে টেলিভিশন বসিয়ে খেলা দেখার জন্য প্রস্তুতি নিচ্ছে। ১২ জুন প্রথম ম্যাচের দিনও এখানে সবাই একসঙ্গে খেলা দেখেছে। ব্রাজিল-আর্জেন্টিনা কাঁধে কাঁধ মিলিয়েই ফুটবল-দর্শন। তবে তাতে বন্ধুত্ব নেই। সেটা বোঝা গেল প্রথম আত্মঘাতী গোলে যখন ব্রাজিল পিছিয়ে পড়ে তখন।
আর্জেন্টিনার সমর্থকদের সেকি উল্লাসে চিৎকার চেঁচামেচি আর করতালি। কিছুক্ষণ পর নেইমারের গোলে আবার উল্লাস। এবার ব্রাজিলিয়ান সমর্থকদের। আজও বিভিন্ন পাড়ায় দুই প্রতিপক্ষ একসঙ্গেই খেলা দেখবে এবং তর্কে মাতবে এমনটি চোখ বন্ধ করে বলে দেওয়া যায়।
বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসগুলোতে আজ উৎসবের প্রস্তুতি। দলবেঁধে প্রিয় দলের খেলা দেখার জন্য আগে থেকেই প্রস্তুত শিক্ষার্থীরা। অনেকে একসঙ্গে জার্সি পরে খেলা দেখার আয়োজন করছেন।
প্রথম ম্যাচ হিসেবে আকাশি-সাদা পতাকার কাটতি আরেক দফা বেড়েছে। নতুন করে বিভিন্ন ছাদে উঠছে আর্জেন্টাইন পতাকা। প্রতিযোগিতা চলছে কার চেয়ে কে বড় পতাকা লাগাতে পারে। আর আর্জেন্টাইন টি-শাটের কদর বেড়েছে বিশ্বকাপের আগে থেকেই। সেটা আরও বেগবান হয়েছে গত কয়য়েক দিনে—এমনটি জানালেন বিক্রেতারা।
সবশেষে আর যা-ই হোক, আজকের ম্যাচের দিকে তাকিয়ে দুই পক্ষই। আজ কি তাহলে সমতার দিন? এই প্রশ্নের উত্তর মিলবে ৯০ মিনিটের ফুটবল যুদ্ধের পর।