এবার পেকুয়া-চকরিয়া রুটে মানব পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় মানব পাচারের জন্য দালাল চক্র এখন কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলাকে নতুন রুট হিসেবে ব্যবহার করছে। এই দুই উপজেলার সাতটি ঘাট থেকে মালয়েশিয়াগামী যাত্রীদের ইঞ্জিনচালিত নৌকায় ওঠানো হয়। গত মাসে তিনটি ঘাট থেকে পুলিশ মালয়েশিয়াগামী ৫১ জন যাত্রীকে আটক করেছে।
স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানান, চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের মাছঘাট, সাহারবিলের চোয়ারফাঁড়িঘাট, বদরখালীর বদরখালী বাজার জেটিঘাট ও ডুলাহাজারার মালুমঘাট এবং পেকুয়া উপজেলার উজানটিয়ার করিমদাঁদ মিয়ার জেটিঘাট, মগনামার মগনামা জেটিঘাট ও রাজাখালীর আরব শাহ বাজারঘাট মালয়েশিয়ায় মানব পাচারের জন্য ব্যবহার করছে দালালেরা। এর মধ্যে গত ৩ সেপ্টেম্বর মাছঘাট এলাকা থেকে ১০ জন, ৮ সেপ্টেম্বর করিমদাঁদ মিয়ার জেটিঘাট থেকে ২০ জন ও ২১ সেপ্টেম্বর মগনামা জেটিঘাট থেকে ২১ জন মালয়েশিয়াগামী যাত্রীকে আটক করে পুলিশ। এসব যাত্রী সিরাজগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, যশোর, কুমিল্লা ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকার বাসিন্দা।
পেকুয়া থানার পুলিশের হাতে ২১ সেপ্টেম্বর আটক হওয়া টাঙ্গাইলের আলকদ্বীপ এলাকার শহীদ মণ্ডলের ছেলে শামীম মণ্ডল (২২) বলেন, মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে জসিম নামের এক দালাল চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে ট্রলারে তুলে মগনামা জেটিঘাটে এনে তাঁদের নামিয়ে দেয়। সেখানে জসিমের সঙ্গে যোগ দেয় আরও কয়েকজন দালাল। এখান থেকে সরাসরি মালয়েশিয়াগামী ট্রলারে তুলে দেবে বলে মুঠোফোন ও টাকাপয়সা হাতিয়ে নেয় দালালেরা। এরপর পুলিশ এলে দালালেরা পালিয়ে যায়।
উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুল ইসলাম চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর ও মহেশখালীতে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর তৎপরতা বেড়ে যাওয়ায় দালালেরা এখন চকরিয়া ও পেকুয়াকে নতুন রুট হিসেবে বেছে নিয়েছে। এর মধ্যে অনেকে এই পথে মালয়েশিয়া গেছে বলে খবর পেয়েছি। এ ছাড়া এসব যাত্রীকে এখন চট্টগ্রাম থেকে নদী পথে এখানে আনা হচ্ছে। তারপর মালয়েশিয়াগামী ট্রলারে তুলে দিচ্ছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রকিব বলেন, সাম্প্রতিক সময়ে মালয়েশিয়াগামী দুটি চালানের ৪১ জনকে আটক হওয়ার বিষয়টি উদ্বেগজনক। পেকুয়াকে নতুন রুট হিসেবে ব্যবহারের ক্ষেত্রে আমরা তীক্ষ্ন নজর রাখছি। দালালচক্রের মধ্যে পেকুয়ার কেউ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা গ্রাম থেকে সমুদ্র পথে যাওয়া ছিদ্দিক আহমদ (৩০) নামের এক যুবক মালয়েশিয়া থেকে মুঠোফোনে জানিয়েছেন, তিনি ছয় মাস আগে দালালচক্রের সহযোগিতায় চকরিয়ার চোয়ারফাঁড়ি জেটিঘাট দিয়ে ট্রলারে করে গভীর সমুদ্রে যান। সেখান থেকে আরেকটি ট্রলার এসে তাঁদের তুলে নিয়ে থাইল্যান্ডে নিয়ে যায়। থাইল্যান্ডের সীমান্তবর্তী পাহাড়ি পথ দিয়ে কয়েক দিন পর তাদের মালয়েশিয়া নেওয়া হয়। থাইল্যান্ডে নিয়ে পথের মধ্যে তাঁদের জিম্মি করে জনপ্রতি দেড় লাখ টাকা করে আদায়ও করেছে দালালচক্র। টেকনাফের এক ব্যক্তির বিকাশ নম্বরের মাধ্যমে টাকা দেওয়া হয়।
এ প্রসঙ্গে কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম বলেন, মানবপাচারে যেসব ব্যক্তি জড়িত তাঁদের শনাক্ত করা হচ্ছে। সম্প্রতি পেকুয়া ও চকরিয়া থানায় এ সংক্রান্ত কয়েকটি মামলা হয়েছে। উপকূলীয় এলাকার জেটিঘাটগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া কক্সবাজারের প্রতিটি থানায় দালালদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।