এবার বাতাসে লেখা যাবে এসএমএস, ই-মেইল
মুঠোফোনের বোতাম চাপার পরিবর্তে স্মার্টফোনে কেবল স্পর্শ করেই এখন এসএমএস বা ই-মেইল লেখা যায়। তবে বিজ্ঞানীরা প্রক্রিয়াটিকে আরও সহজ করার লক্ষ্যে উদ্ভাবন করেছেন বাতাসে লেখার প্রযুক্তি। এটি সংযুক্ত করা হবে আধুনিক স্মার্টফোনে।জার্মানির কার্লসুহে ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা জানান, প্রযুক্তিনির্ভর একজোড়া বিশেষ দস্তানার (গ্লাভস) সাহায্যে কোনো ব্যক্তি বাতাস বা হাওয়ায় লিখবেন। সেই লেখা শনাক্ত করে ডিজিটাল অক্ষরে রূপান্তর করবে বিশেষ প্রযুক্তি। এভাবেই মুঠোফোনের খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল লেখা সম্ভব হবে। গ্লাভসে সংযুক্ত থাকবে ঘূর্ণমান বস্তুর গতি নির্ণায়ক যন্ত্র (জাইরাস্কোপ ও একসিলেরোমিটার)। ফলে ব্যক্তির হাতের নড়াচড়া থেকে নির্দিষ্ট অক্ষর শনাক্ত করতে পারবে প্রযুক্তি। বর্ণমালার প্রতিটি অক্ষরের জন্য স্বতন্ত্র সংকেত নকশার নমুনা সংরক্ষিত থাকবে এবং প্রযুক্তিটি মানুষের লেখার ভিন্ন ভিন্ন ধরন শনাক্ত করতে পারবে। এ ছাড়া এটি প্রায় আট হাজার শব্দের পাশাপাশি পরিপূর্ণ বাক্য শনাক্ত করতে পারবে। এই প্রযুক্তিকে এখন আরও সহজ ও বাস্তবমুখী রূপ দেওয়ার চেষ্টা করছেন উদ্ভাবক ক্রিস্টোফ অ্যামা। পিটিআই।