এবার বাড়ছে ডাল ও ভোজ্যতেলের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজার আগে আন্তর্জাতিক বাজারে বেড়েছে ছোলা ও চিনির দাম। স্থানীয় বাজারে দ্রুতই এর প্রভাব পড়ে। দফায় দফায় বাড়ে পণ্য দুটির দাম। সেই দাম বাড়ার তালিকায় যোগ হয়েছে ভোজ্যতেলও। এদিকে ডালের দামও কয়েক দফা ওঠানামার পর গত সপ্তাহে আবার এক দফা বেড়েছে।
দাম ওঠানামা করলেও ব্যবসায়ীরা বলছেন, আগের মতো বাজারে লেনদেন বেশি হচ্ছে না। গত সপ্তাহের শেষে পাইকারি বাজার খাতুনগঞ্জ ঘুরে এ চিত্র পাওয়া গেছে।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ প্রথম আলোকে বলেন, বিশ্ববাজারে দাম বাড়লে আমদানিনির্ভর পণ্যের দাম স্থানীয় বাজারেও বাড়বে। ভোজ্যতেলের দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে। আবার বিশ্ববাজারে সামনে ডালের মৌসুম। মৌসুমের শুরুতে ডালের দাম কমলে স্থানীয় বাজারেও এর প্রভাব পড়বে।
খাতুনগঞ্জ ঘুরে দেখা যায়, বাজারে এখন সয়াবিন ও পামতেলের দাম বাড়তির দিকে। গত সপ্তাহ শেষে সিটি গ্রুপের সয়াবিন ২ হাজার ৮৩০ থেকে ১৫০ টাকা বেড়ে মণপ্রতি বিক্রি হচ্ছে ২ হাজার ৯৮০ টাকায়। অন্যান্য ব্র্যান্ডের সয়াবিন এর চেয়ে ১০০ টাকা কমে পাওয়া যাচ্ছে। পামতেলের দর ২ হাজার ৩০০ থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে ২ হাজার ৩৮০ টাকা। সরবরাহ আদেশ বেচাকেনা হচ্ছে এই দরে। খোলা তেলের পাশাপাশি বোতলজাত কোম্পানিগুলোও লিটারে ২ টাকা বাড়িয়েছে সয়াবিনের দাম।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে এখন যে দরে পামতেল ও সয়াবিন বিক্রি হচ্ছে, স্থানীয় বাজারে দাম তার চেয়ে একটু বেশি। বাজার পর্যবেক্ষণকারী সংস্থা ইনডেক্স মুন্ডির ওয়েবসাইটে দেখা যায়, এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির তুলনায় মার্চ ও এপ্রিলে সয়াবিনের দাম বেড়েছে টনে ৫৪ থেকে ৬২ ডলার। এখন সয়াবিন িবক্রি হচ্ছে টনপ্রতি ৬৭৩ ডলারে।
খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজার থেকে কেনার পর বন্দর দিয়ে খালাসসহ সয়াবিন তেলের দাম পড়বে টনপ্রতি ৭৭০ ডলার। সয়াবিনের মতো পামতেলের দামও গত এপ্রিলে বেড়েছিল। গত শুক্রবার টনপ্রতি ৬০০ ডলারে বেচাকেনা হয় পামতেল।
জানতে চাইলে খাতুনগঞ্জের ব্যবসায়ী শাহেদ উল আলম প্রথম আলোকে বলেন, পাইকারি বাজারে সয়াবিন ও পামতেলের সরবরাহ একটু কম। এই সরবরাহ কম হওয়ার কারণে বাজার ঊর্ধ্বমুখী। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দামে ওঠানামা হচ্ছে। এখন আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দিনে দিনে প্রভাব পড়ে খাতুনগঞ্জে।
বন্দর ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, গত অর্থবছর ২১ লাখ টন পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পামতেল আমদানি হয় বন্দর দিয়ে। প্রতি মাসে এখন দেড় লাখ টন করে সয়াবিন ও পামতেলের চাহিদা রয়েছে।
বাজার ঘুরে দেখা যায়, ভোজ্যতেল ছাড়াও মসুর ডালের দাম এখনো ঊর্ধ্বমুখী। মসুর ডালের দাম বেড়ে এক দফা কিছুটা কমেছিল। এখন আবার বেড়েছে। পাইকারি বাজারে অস্ট্রেলিয়া থেকে আমদানি হওয়া মাঝারি দানার ডাল কেজিপ্রতি ৯৫ থেকে বেড়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কানাডা থেকে আমদানি হওয়া মোটা দানার ডাল তিন থেকে চার টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯০ টাকা। এ ছাড়া দেশি ডাল ১৩৪-১৩৫ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ১৪০ টাকা। মসুর ডালের গোটা দানা মণপ্রতি ২০০ টাকা বেড়ে এখন ৩ হাজার ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। মসুর ছাড়াও মটর ডালের দামও বেড়েছে কেজিপ্রতি দুই টাকা। প্রক্রিয়াজাত মটর ডাল কেজিপ্রতি ৪৩-৪৪ টাকা থেকে বেড়ে বিক্রি হয়েছে ৪৫-৪৬ টাকা।
খাতুনগঞ্জের হক ট্রেডিং নামের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, দোকানে থরে থরে সাজানো নানা ধরনের ডাল। প্রতিষ্ঠানের কর্ণধার আজিজুল হক প্রথম আলোকে বলেন, বিশ্ববাজারে এখন নতুন করে ডালের দাম না বাড়লেও উত্তরাঞ্চলে বন্যার প্রভাবে ডালের চাহিদা বেড়েছে। এই বাড়তি চাহিদার কারণে কেজিপ্রতি তিন থেকে পাঁচ টাকা বেড়েছে মসুর ডালের দাম।
দফায় দফায় দাম বাড়ার পর চিনির দাম কেজিপ্রতি ৬৪ টাকায় বিক্রি হচ্ছে খাতুনগঞ্জে। খুচরা বাজারে খোলা চিনি কেজিপ্রতি ৭০ টাকায় বিক্রি করছেন খুচরা বিক্রেতারা।