এবার বায়না গয়নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাকের সঙ্গে আকর্ষণীয় গয়না না হলে কি চলে! নগরের সানমারে পছন্দসই গয়নার খোঁজে তিন তরুণী। ছবিটি গত মঙ্গলবার তোলা l সৌরভ দাশ
পোশাকের সঙ্গে আকর্ষণীয় গয়না না হলে কি চলে! নগরের সানমারে পছন্দসই গয়নার খোঁজে তিন তরুণী। ছবিটি গত মঙ্গলবার তোলা l সৌরভ দাশ

ঘনিয়ে আসছে ঈদ। নারীদের অনেকের নতুন পোশাক কেনা হয়ে গেছে। এখন বায়না গয়নার। পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না না হলে সাজই যে অপূর্ণ থেকে যায়! তাই সব বয়সী নারীর ভিড় এখন গয়নার দোকানে।
যাঁরা গয়নার জন্য বেশি বাজেট রেখেছেন তাঁরা কিনছেন সোনা, রুপা, রুপার ওপর গোল্ড প্লেটেড ও হীরার গয়না। এ ছাড়া অনেকে বেছে নিচ্ছেন পুঁতি, পাথর, অ্যান্টিক ও মেটালের গয়না। সানমার ওশান সিটির মুম্বাই ফ্যাশনসের ব্যবস্থাপক আমিনুল ইসলাম জানালেন, গতবারের মতো এবারও ডায়মন্ড কাটের স্টোন ও মেটালের গয়না খুব ভালো চলছে। এসব গয়না শাড়ি, কামিজ আর ফতুয়ার সঙ্গে দারুণ মানিয়ে যায়।
নগরের আখতারুজ্জামান সেন্টার, সেন্ট্রাল প্লাজা, সানমার ওশান সিটি, আফমি প্লাজাসহ বিভিন্ন বিপণিকেন্দ্রের দোকান ঘুরে ছোট নকশার গয়নাই বেশি চোখে পড়ল। গয়নার নকশায় কুন্দন, রুবি, মুক্তার মতো অভিজাত পাথরের উপস্থিতিও লক্ষণীয়। এর বাইরে রয়েছে পিতল, তামা, রঙিন সুতা আর কাপড়ে মোড়ানো গয়নাও।
আখতারুজ্জামান সেন্টারের জেমস গ্যালারির ব্যবস্থাপক মো. জসিম বলেন, নতুন আসা বিভিন্ন রঙের পাথরের হালকা কোরিয়ান সেট, লকেট, ব্রেসলেট, চুড়ি ও সিরামিকের কাজ করা থাইল্যান্ডের আংটি, সোনালি টোপাজও রয়েছে ক্রেতাদের পছন্দের তালিকায়। রঙের ভিন্নতার কারণে সহজেই ক্রেতারা পোশাকের সঙ্গে মিলিয়ে এসব গয়না কিনতে পারছেন।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফরোজা জেসমিন বলেন, ‘গয়নার জন্য অনেক ঘুরেছি। মেলে না। মিললেও পছন্দ হয় না। কিন্তু হাল ছাড়িনি। ঈদের একটা দিন যত্ন নিয়ে নিজেকে সাজাতে এই কষ্টটুকু তো করতেই হয়।’
শুধু যে বিপণিকেন্দ্রের গয়না কেনার ধুম পড়েছে তা নয়, কেনাকাটা চলছে অনলাইনেও। বিজিএমইএর ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী এবং অনলাইন উদ্যোক্তা আনন্দিতা ইসলাম জানালেন, মার্কেটের ভিড় এড়াতে তিনি এবার অনলাইন থেকেই নিজের পছন্দমতো গয়না অর্ডার করে নিয়েছেন।
দেশি ফ্যাশন হাউসগুলোও ঈদ উপলক্ষে গয়নার সম্ভার নিয়ে এসেছে। নগরের আফমি প্লাজায় দেশী দশে গিয়ে দেখা গেল, তরুণীরাই এখানে বেশি ভিড় করছেন। কানের ছোট টপ, রিং, নোজ পিন, পেন্ডেন্ট, গলা ও কানের ছোট সেট এবং চুড়ি খুব ভালো বিক্রি হচ্ছে বলে জানালেন বিক্রেতারা।
গয়নার বাজারদর: বাহারি রং ও অ্যান্টিক ডিজাইনের তৈরি কানের দুল পাওয়া যাচ্ছে ৩০০-৭০০ টাকার মধ্যে। অক্সি, বাঁশের ও মেটাল চুড়ি পাওয়া যাচ্ছে ১০০-৩০০ টাকার মধ্যে। এ ছাড়া পায়েল ১৫০-৫০০, ম্যাট গোল্ডের চুড়ি ১৮৫০-২২০০, বাউটি কানের দুল ২০০-৫০০, ডায়মন্ড কাটের চুড়ি ২০০-৭০০, পেনডেন্ট সেট ৬৫০-১১৫০ ও ঝুমকা কিংবা টপস পাবেন ৭৫০-১২৫০ টাকার মধ্যে।
এ তো গেল যাঁরা সামর্থ্যবান তাঁদের কথা, কিন্তু বাকিদের কী হবে? তাঁদের জন্য ফুটপাতের দোকানগুলোতে রয়েছে গয়নার সম্ভার। চুলের কাঁটা থেকে শুরু করে নূপুর পর্যন্ত সবই পাওয়া যাচ্ছে এসব দোকানে। দামও হাতের নাগালেই।