এবার ব্রহ্মপুত্রে চীনের পাঁচটি বাঁধ
হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উত্পত্তি হয়ে তিনটি দেশ চীন, ভারত আর বাংলাদেশ পেরিয়ে বঙ্গোপসাগরে পড়েছে ব্রহ্মপুত্র নদ। চলার পথে তাকে পাড়ি দিতে হয়েছে দুই হাজার ৯০৬ কিলোমিটার। আর এই দীর্ঘ পথ পরিক্রমা তাকে পরিণত করেছে এশিয়ার অন্যতম প্রধান জলপ্রবাহ বা নদে। ব্রহ্মপুত্র সব সময় প্রায় এক রকম থাকে। শুষ্ক মৌসুমে কিছুটা শান্ত হলেও বর্ষায় তার অন্য রূপ। দুকূল ছাপিয়ে আগ্রাসী চেহারা নিয়ে হাজির হয় সে। এ এক ভয়ঙ্কর রূপ! এই সৌন্দর্যে বিমোহিত হয়ে নানা দেশে কিংবা জনগোষ্ঠীতে কবি-সাহিত্যিকেরা কত শত গান-কবিতা-উপন্যাস রচনা করেছেন। তবে অচিরেই ব্রহ্মপুত্রের এই রূপ-যৌবন আর দেখা না ও যেতে পারে। কারণ আজকের বিশ্বের মহাপরাক্রমশালী দেশ চীন নদীটির উজানে মূল প্রবাহ সাংপো নামক জলপ্রবাহ বা নদীতে বিশাল ড্যাম বা বাঁধ নির্মাণ করছে, তাও শুধু একটি নয়, একেবারে পাঁচ পাঁচটি। এরই মধ্যে একটির নির্মাণকাজ শুরুও হয়ে গেছে। চীনের উদ্দেশ্য দুটি। এক. জলবিদ্যুত্ উত্পাদন করা। দুই. পানিপ্রবাহকে ৪শ’ মাইল দূরে গোবি মরুভূমির সিনজিয়াং ও গাংসু এলাকায় নিয়ে যাওয়া, যাতে সেখানে ভালোভাবে কৃষিকাজ শুরু করা যায়। কিন্তু পরিবেশবিদদের আশঙ্কা, এই ড্যামগুলো নির্মাণ করা হলে তা ভারত ও বাংলাদেশের পরিবেশ-প্রতিবেশে মারাত্মক বিরূপ প্রভাব ফেলবে। বর্ষা মৌসুমে চীন বাঁধগুলোর গেট খুলে দিলে উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল বন্যায় তলিয়ে যাবে। আর শুষ্ক মৌসুমে চীন পানি আটকে রাখলে তা এই অঞ্চলকে মরুকরণের দিকে নিয়ে যাবে। বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে তীব্র লবণাক্ততায় ব্যাপক ফসলহানি ও পরিবেশ বিপর্যয় ঘটবে। আর ভূমিকম্পপ্রবণ এ এলাকায় নতুন করে তীব্র ভূমিকম্পের আশঙ্কা আরও বেড়ে যাবে। তাই আজ ভারত ও বাংলাদেশ ড্যামগুলো নির্মাণের ঘোরবিরোধী। কিন্তু চীনকে থামানো যাচ্ছে কই? যে সে ড্যাম নয়: উত্পত্তির পর ব্রহ্মপুত্র চীন অধিকৃত তিব্বত অঞ্চলে প্রবাহিত হয়েছে এক হাজার ৬০০, ভারতে ৯০০ আর বঙ্গোপসাগরে মিলিত হওয়ার আগে বাংলাদেশে দুটি ধারায় ভাগ হয়ে আরও বইছে শ পাঁচেক কিলোমিটার পথ। তিব্বতে ব্রহ্মপুত্রকে ডাকা হয় ইয়ালং সাংপো নামে। চীন তার প্রস্তাবিত পাঁচটি ড্যামের মধ্যে একটি নির্মাণ করছে তিব্বতের লোখা এলাকায়, যেটি রাজধানী লাসা থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ‘জাংমু ওয়াটার পাওয়ার স্টেশন’ নামে এ প্রকল্পটির নির্মাণ কাজ শুরু হয়েছে ২০০৬ সালে। এ প্রকল্পে অর্থায়ন করছে চীনের শীর্ষস্থানীয় বিদ্যুত্ কোম্পানি হুয়ানেং করপোরেশন। আর ড্যামটি তৈরি করছে সে দেশের অন্যতম প্রধান ড্যাম নির্মাণ প্রতিষ্ঠান চায়না গেজহুবা গ্রুপ। গেজহুবার সঙ্গে যুক্ত হয়েছে সংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠান। আর ড্যামের নকশা ও গবেষণার কাজ করছে চায়না ওয়াটার নর্থইস্টার্ন করপোরোশন বা এনআইডিআর। চীনের হিসাবে, এই ড্যামের মাধ্যমে তারা ৫১০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করতে পারবে। জাংমু ছাড়াও গিয়াতসা, ঝোংডা, জিঝু ও ল্যাংজেন এলাকায় আরও চারটি ড্যাম নির্মাণের পরিকল্পনা চীনের। তারা সমীক্ষা চালিয়ে দেখেছে, ড্যামগুলো নির্মাণ শেষ হলে তাদের জলবিদ্যুত্ উত্পাদন হবে দৈনিক ২০ থেকে ৪০ হাজার মেগাওয়াট, যা বাংলাদেশের বিদ্যুত্ চাহিদার পাঁচগুণেরও বেশি। পরিণতি কী হবে: ড্যাম নির্মাণের পর পানির প্রবাহ সরিয়ে নিলে আসামে তার ফলাফল কী হবে, তা নিরূপণে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগই। গৌহাটি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দুলাল চন্দ্র গোস্বামী এ কমিটির প্রধান। এই কমিটি পানির প্রাচুর্য, সম্ভাব্য হাইড্রো-ইলেকট্রিক চিত্র, বন্যা এবং মাটি ক্ষয়ের মতো বিষয়গুলো খতিয়ে দেখবে। তিনি এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে এ নিয়ে বিস্তর কথা বলেছেন। বিদ্যুত্ উত্পাদনের জন্য ব্রহ্মপুত্রের প্রধান চ্যানেলে ড্যাম নির্মাণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আসাম ও অরুনাচল প্রদেশের বিভিন্ন সামাজিক সংগঠন। তারা সভা-সমাবেশ করে, প্রচারপত্র ছড়িয়ে এ ব্যাপারে মানুষকে সচেতন ও আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছে। তবে তা চীনের কানে গেলে তো!বলার অপেক্ষা রাখে না, এই ড্যাম নির্মাণ করা হলে তার বিরূপ প্রভাবটা হবে ব্যাপক আর আন্তর্জাতিক। ভারতের এক বিশাল অঞ্চলের ক্ষতি হবে জেনেই নয়াদিল্লি ও আসাম এখনই বিরোধিতায় সোচ্চার। তবে বাংলাদেশে এ নিয়ে এখনো কোন উচ্চবাচ্য না হওয়াটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। ঘনবসতির দেশ বাংলাদেশে এর সম্ভাব্য প্রভাব এখনো প্রচারিত না হলেও তা কোন রকমেই কম হবে না।ভারতের ভয়, এই প্রকল্পে চীন যদি পরমাণু প্রযুক্তি ব্যবহার করে, তবে হিমালয়ের পূর্বাঞ্চলে পরিবেশ-প্রতিবেশের জন্য তা মারাত্মক হুমকি সৃষ্টি করবে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও বাংলাদেশের প্রায় ১৯ কোটি মানুষের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে। তাছাড়া থাকছে ভূমিকম্পের ঝুঁকিও। যদি রিখটার স্কেলে আট তীব্রতার ভূমিকম্প হয়, তা চীনের প্রস্তাবিত ড্যাম গুঁড়িয়ে দেবে এবং তাতে ব্যাপক বন্যা হবে এর নিম্ন এলাকায়। ১৮৯৭ এবং ১৯৫০ সালে ওই অঞ্চলে ৮ দশমিক ৭ তীব্রতার ভূমিকম্প হয়েছিল। বিশ্বে ভূকম্পনসক্রিয় ভূখণ্ডের ওপর দিয়ে প্রবাহিত নদীগুলোর একটি ব্রহ্মপুত্র। নানা সময়ে ঘটা ভূমিকম্পই বিভিন্ন সময় ব্রহ্মপুত্রের চলার পথকে নাটকীয়ভাবে বদলে দিয়েছে। বেশি দূরে যাওয়ার দরকার নেই। প্রায় ২৫০ বছর আগেও ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবাহিত হচ্ছিল এক ধারায়। কিন্তু তীব্র ভূমিকম্পের ফলে এখন তা দুই ধারায় প্রবাহিত হচ্ছে। বড় শাখাটি যা বাংলাদেশে ঢোকার পর যমুনা নাম নিয়ে কিছু দূর চলার পর পদ্মায় মিলেছে এবং ছোটটি ছোট ব্রহ্মপুত্র কিংবা পুরনো ব্রহ্মপুত্র নামে মেঘনায় মিলেছে। ওই দুই বিশাল জলরাশি আবার চাঁদপুরে গিয়ে অভিন্ন ধারার রূপ নিয়েছে। ব্রহ্মপুত্রের গড় প্রশস্ততা ১০ কিলোমিটার। গড় গভীরতা ৩৮ মিটার আর সর্বোচ্চ গভীরতা ১২০ মিটার। পলি বহনের দিক থেকে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী। চীনের এই প্রকল্পের ফলে বিশ্বের জনসংখ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হবে—এ কথা উল্লেখ করে এশিয়া টাইমস অনলাইনের সাংবাদিক ও বিশ্লেষক সুধা রামচন্দ্রন সম্প্রতি তাঁর এক প্রতিবেদনে লিখেছেন, ড্যাম দিয়ে ব্রহ্মপুত্রের পানির প্রবাহ সরিয়ে নিলে তা বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কৃষি ও মত্স্য খাতের ওপর তীব্র প্রভাব ফেলবে। বন্ধ হয়ে যাবে চাষাবাদ। ব্রহ্মপুত্রে জাল ফেলে মাছ ধরা লাখো মানুষের জীবিকা নির্বাহও বন্ধ হবে। আর ওই অঞ্চলের মাটিতে বাড়বে লবণাক্ততা। ব্রহ্মপুত্র থেকে টিপাইমুখ: বরাক নদীর ওপরে ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ নির্মাণের ব্যাপারে সোচ্চার বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষ। বলা হচ্ছে, এ বাঁধ নির্মাণ করা হলে বাংলাদেশের সুরমা-কুশিয়ারা শুকিয়ে যাবে এবং তা সিলেট অঞ্চলের কৃষি, পরিবেশ-প্রতিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলবে। বৃহত্ প্রতিবেশী ভারত বাংলাদেশের এই উদ্বেগকে কতটা সমীহ করছে, তা এখনও স্পষ্ট নয়। তবে বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু তারা করবে না—এমন প্রতিশ্রুতি সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় তারা দিয়েছে। বাস্তবতা হলো, বাংলাদেশের বৃহত্ প্রতিবেশী ভারত এখন তার চেয়ে বৃহত্ প্রতিবেশী চীনের কাছে অনুরোধ করছে ব্রহ্মপুত্র নদের ওপর কোনো বাঁধ নির্মাণ না করতে। বৃহত্ প্রতিবেশী চীন ভারতের এই উদ্বেগকে কতটা সমীহ করছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ভারতের ক্ষতি হয় এমন কিছু তারা করবে না, এমন প্রতিশ্রুতি তারা কিন্তু দেয়নি।যেহেতু অভিন্ন নদী: ব্রহ্মপুত্র যেহেতু তিনটি দেশের অভিন্ন নদী, তাই এ নিয়ে যেকোনো কিছু হতে হবে তিন দেশের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে। ভারত ও বাংলাদেশের সঙ্গে আলোচনা না করে চীন অবশ্যই এ ধরনের ড্যাম নির্মাণ করতে পারে না। কিন্তু চীন এখন পর্যন্ত কোনো আলোচনার উদ্যোগ না নিয়ে বাঁধ নির্মাণ শুরু করেছে, যা আন্তর্জাতিক রীতি-নীতির চরম লঙ্ঘন। আর তাছাড়া ড্যাম নিয়ে তারা এ দুটি দেশকে ধোঁয়াশার মধ্যেও রেখেছে। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে যে তারা ড্যাম নির্মাণ করছে। কিন্তু তাদের এ বিষয়ে জিজ্ঞেস করলে তারা সবই বেমালুম অস্বীকার করে। বাংলাদেশ যেমন টিপাইমুখ নিয়ে ভারতের কাছে ন্যায্যতা আশা করে, তেমনি ভারতও ব্রহ্মপুত্র নিয়ে চীনের কাছে ন্যায্যতা আশা করতেই পারে। আর সম্ভাব্য পরিণতি জেনে বাংলাদেশের জন্যও এখন অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার সময় এসে গেছে।