এবার ভবনের কার্বন নিঃসরণ পরিমাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের বড় বড় শিল্পপ্রতিষ্ঠান আর এলাকায় কার্বন নিঃসরণের হিসাব নিয়ে তোড়জোড় থাকলেও বাদ পড়ে যায় ছোট স্থাপনা। হিসাবে আসে না, আপনি যে বাড়িতে বসবাস করেন, সেটি কী পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করে। আপনার অফিসে সেই নিঃসরণের পরিমাণই বা কত।এবার এসব প্রশ্নের মীমাংসা হতে যাচ্ছে। ছোট পরিসরে কার্বন নিঃসরণের পরিমাণ বের করতে একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন মার্কিন বিজ্ঞানীরা। নতুন এ পদ্ধতিতে ব্যবহূত কম্পিউটার সফটওয়্যারের নাম ‘হেসটিয়া’। এতে সব পরিসরে কার্বন নিঃসরণের হিসাব করা যাবে। পরিবেশবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সাময়িকী এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রকাশিত এক নিবন্ধে এ তথ্য জানানো হয়। পদ্ধতিটি বের করেছেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।গ্রিক দেবী ‘হেসটিয়া’র ওপর ছিল মানুষের স্বাস্থ্য, কৃষি ও পারিবারিক সুরক্ষার ভার। তারই নামে এ সফটওয়্যার ‘হেসটিয়া’। যা আধুনিক মানুষের সুরক্ষায় নেমেছে। গণ-তথ্যভান্ডারের সঙ্গে ট্রাফিক ব্যবস্থা এবং জ্বালানি খরচের মডেলের সমন্বয়ের মাধ্যমে এ পদ্ধতি কাজ করে। নতুন পদ্ধতিটি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়াপোলিশ অঙ্গরাজ্যে সফলতার সঙ্গে ব্যবহার করা হচ্ছে। গবেষকেরা বলছেন, তাঁরা প্রথমে গণ-তথ্যভান্ডার থেকে স্থাপনাসংক্রান্ত সব তথ্য নিয়েছেন। এরপর স্থাপনাগুলো বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছেন। এগুলো হলো: অফিস, আবাসিক বাড়ি, ব্যবসাকেন্দ্র। এরপর হেসটিয়া সফটওয়্যার ব্যবহার করে ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করা হয়। এই মানচিত্রে প্রতিটি স্থাপনার কার্বন নিঃসরণের পরিমাণ দেখানো হয়। নিঃসরণের হিসাবের ক্ষেত্রে ভবনের আকৃতি, বয়স, জ্বালানির উৎস প্রভৃতি বিষয়গুলো মাথায় রাখা হয়। যেসব এলাকায় তথ্য কম পাওয়া যায়, সেখানে পোস্টাল এরিয়া বা জিপ কোডের ভিত্তিতে হিসাব করা হয়। গবেষকেরা মনে করেন, নতুন এ পদ্ধতির মাধ্যমে তাঁরা খুঁজে বের করতে পারবেন কার্বন নিঃসরণ কমানোর প্রকৃত স্থান। এটি আন্তর্জাতিক প্রচেষ্টাকে গতিশীল করবে। নিউসায়েন্টিস্ট, বিবিসি।