এবার ভর্তির লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাস করেছ এইচএসসি। এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির পালা। কীভাবে ভালো শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নেয়, তা জেনে নাও এই লেখা থেকে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিট, বুয়েট, মেডিকেলে ভর্তির প্রস্তুতির বিষয়টি থাকবে পর্যায়ক্রমেএইচএসসি পরীক্ষা শেষ হয়েছে কয়েক দিন হলো। কিন্তু তাই বলে কি একটু প্রাণ খুলে আড্ডা দেওয়ার উপায় আছে? আবারও নিজেকে প্রস্তুত করতে হবে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধের জন্য। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ইচ্ছা কার না থাকে? কিন্তু এই প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে থাকে নানা ধরনের ভীতি। কী ধরনের প্রশ্ন হবে, কীভাবে উত্তর দেব, কীভাবে নিজেকে তৈরি করব—এসব চিন্তা সার্বক্ষণিক তাড়া করে শিক্ষার্থীকে। ‘খ’ ইউনিটে মোট ১২০ নম্বরের পরীক্ষার মধ্যে অর্ধেকটা থাকে সাধারণ জ্ঞান, আর বাকিটা বাংলা ও ইংরেজি মিলিয়ে যথাক্রমে ৩০ নম্বর করে ৬০। ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিটের জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন ওঁরা, তা নিয়ে কথা হয় ২০০৯-১০ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী যথাক্রমে আবদুল আলীম, সেলিমুল কাদের ও এলিস জাহানের সঙ্গে। তিনজনই আইন অনুষদের শিক্ষার্থী হওয়ার সুবাদে ওঁদের মধ্যে গড়ে উঠেছে চমৎকার বন্ধুত্ব। রোদ-ঝলমলে দুপুরে টিএসসির প্রাঙ্গণে বসে আড্ডা হলো এই তিন মেধাবী মুখের সঙ্গে।প্রশ্ন করি, লক্ষ্যে পৌঁছানোর স্বপ্নটা কী রকম ছিল? উত্তরটা প্রথমে দেন আলীম, ‘বড় ভাইদের দেখে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা মনে দানা বেঁধেছিল বেশ আগেই। আর এই লক্ষ্যে আমি নিয়মিত সাধারণ জ্ঞানের বই পড়তাম। একদিকে জানার আগ্রহ, অন্যদিকে নিজেকে তৈরি করার এ যেন এক মহান ব্রত।’ তিনি বলেন, জ্ঞানের বিষয়টা কিন্তু চর্চানির্ভর। এদিকে সেলিম বলেন, ‘আমি যখন নবম শ্রেণীতে পড়ি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসার সুযোগ হয়েছিল। তখনই নিজের স্বপ্নটা তৈরি করে ফেলি, এখানেই আমাকে পড়তে হবে।’ এলিস বলেন, ‘দশম শ্রেণী পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। কলেজে ভর্তি হওয়ার পর সেখানকার এক শিক্ষক আমার মনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নবীজ রোপণ করলেন।’ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন পূরণ করতে হলে কীভাবে নিজেকে প্রস্তুত করা যায়—সে বিষয়ে আলীম বলেন, ‘প্রশ্নপত্রে মোট নম্বরের অর্ধেকটা সাধারণ জ্ঞান, তাই সাধারণ জ্ঞানের ওপর জোরটা বেশি দিয়েছিলাম। এ ছাড়া নিয়মিত পত্রিকা ও সাধারণ জ্ঞানের বই কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছি।’ সেলিম বলেন, ‘আমি সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো মনে রাখতে পারতাম না, সে বিষয়গুলো নোট করতাম বারবার দেখার জন্য। সাধারণ জ্ঞান অপেক্ষাকৃত সহজ হলেও এ ক্ষেত্রে সময় দিতে হয় অনেক বেশি। এমনকি ভুলে গেলে বারবার তা পড়তে হবে। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে, তখন চাইলেও প্রয়োজনীয় তথ্য মুছে যাবে না মস্তিষ্ক থেকে।’ এলিস বলেন, ‘কোচিংয়ের লেকচারশিটের পাশাপাশি মৌলিক বিষয়গুলোর জন্য সাধারণ জ্ঞানের বই পড়তাম। ভৌগোলিক বিষয়গুলো মনে রাখার জন্য মানচিত্র দেখে দেখে পড়তাম। তবে সমকালীন বিষয়গুলো নখদর্পণে রাখতে পত্রিকার বিকল্প নেই।’প্রশ্ন ছিল, ইংরেজির প্রস্তুতিটা কীভাবে নিয়েছিলেন? উত্তরে সেলিম বলেন, ‘ইংরেজি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভাষা। ইচ্ছে করলেই ইংরেজিকে বাদ দিয়ে চলা যায় না। তা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো বিষয়ে পড়ার জন্য ইংরেজিতে ভালো নম্বর পাওয়ার বিকল্প নেই। এ জন্য ইংরেজি ব্যাকরণের প্রস্তুতিটা ভালোভাবেই নিয়েছিলাম।’ নিয়মিত ইংরেজি পত্রিকা পড়াটা জরুরি বলে মনে করেন তিনি। সেলিম বলেন, ভর্তি পরীক্ষায় ইংরেজি ব্যাকরণের জন্য অনেক বই না দেখে একটা বই অনুসরণ করা উচিত। প্রতিদিন ইংরেজি ব্যাকরণের চর্চা করা দরকার বলেও মনে করেন তিনি। ইংরেজি ব্যাকরণে দক্ষ এলিস বলেন, ‘ইংরেজি ব্যাকরণ আমার ভালো লাগে। আমি অক্সফোর্ড ডিকশনারি থেকে ব্যাকরণের নিয়মগুলো দেখেছি। আর বারবার পড়তাম ইংরেজির মূল বই।’‘হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন,/ তা সবে অবোধ আমি অবহেলা করি’—মাইকেল মধুসূদনের এ লাইনগুলো উচ্চারণ করেই চলে যাই বাকি থাকা বাংলার দিকে। প্রশ্ন করি, কীভাবে পড়েছিলেন বাংলার অংশটা? উত্তরটা সবার প্রায় এক রকম। বাংলা ব্যাকরণের জন্য তাঁরা সবাই বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন নবম ও দশম শ্রেণীর বোর্ডের বইয়ের ওপর। আর খুব ভালোভাবে পড়েছেন বাংলা মূল বইটা। কবিতাপ্রেমিক এলিস বলেন, ‘আমি উচ্চমাধ্যমিকে বাংলা প্রথমপত্রের সব কবিতা পড়েছিলাম। কেননা মূল বই থেকে অনেক প্রশ্ন থাকে। অনেক সময় দেখা যায়, সরাসরি কবিতার লাইন তুলে দিয়ে প্রশ্ন করা হয়।’প্রশ্ন করি, ভর্তিযুদ্ধে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল কতটা গুরুত্বপূর্ণ? এবারও উত্তর সমস্বরে। এসএসসি ও এইচএসসির ফল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তার মানে কিন্তু এমনটা নয়, জিপিএ-৫ এর ছড়াছড়িতে আপনি ৫ পয়েন্টের চেয়ে কম পেয়েছেন বলে টিকতে পারবেন না। একটু জোর দিয়েই সেলিম বলেন, এ ক্ষেত্রে অনুশীলন ভর্তিযুদ্ধের বৈতরণী পার হতে খুবই সহায়তা করবে।ওঁরা তিনজনই কোচিংয়ে ভর্তি হয়েছিলেন। তাই প্রশ্ন করি, ভর্তি পরীক্ষায় ভালো করতে কোচিংয়ের প্রয়োজনীয়তা কতখানি? এখানেও তাঁরা একমত পোষণ করেন। তাঁরা বলেন, কোচিং সেন্টারগুলো কিন্তু একজন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেয় না। নিজের যোগ্যতা দিয়েই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ তৈরি করতে হয়। তবে কোচিং সেন্টারগুলো ভর্তির প্রস্তুতি কীভাবে নেওয়া যায়, বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পদ্ধতি কেমন, সে বিষয়ে ধারণা দিয়ে থাকে। পড়াশোনা করতে হবে নিজেকেই। কেউ পরীক্ষায় পাস করিয়ে দেবে না।আত্মবিশ্বাস না থাকলে এ পর্যন্ত আসতে পারতেন না বলেই মনে করেন তাঁরা। তাঁরা সবাই এসেছেন প্রত্যন্ত এলাকা থেকে। শুধু আত্মবিশ্বাসের জোরে তাঁরা অভীষ্ট লক্ষ্যের পানে এগিয়ে চলেছেন। সেলিম বলেন, ‘আমি তো ভাবতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনে যদি একজন ভর্তি হয়, সে হব আমি।’ আলীম বলেন, ‘আমার হাতে আইনের বই ছাড়া অন্য কোনো বই থাকবে না।’ আর একটু লাজুক হাসি হেসে এলিস বলেন, ‘আমি তো সব সময় পরীক্ষায় প্রথম হতে চেয়েছি।’প্রশ্ন করি, ভর্তি হতে ইচ্ছুক একজন পরীক্ষার্থীর কী করা উচিত? উত্তরটা ঝটপট দেন এলিস, ‘ফলাফল নিয়ে চিন্তা না করে বই নিয়ে বসে পড়া উচিত। কেননা সময় নষ্ট করা মানে নিজের জীবন নষ্ট করা।’ আর সেলিম এ পি জে আবদুল কালামের সুরে সুর মিলিয়ে বলেন, ‘স্বপ্ন দেখাটা স্বপ্ন নয়, বরং স্বপ্নকে বাস্তবায়ন করাই হলো স্বপ্ন। আর তাই স্বপ্ন দেখে সময় নষ্ট না করে স্বপ্ন বাস্তবায়নে লেগে পড়ো। তবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বার খোলা থাকবে তোমার জন্য।’