এবার ভুটানের নামে ভারতে পাচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ঘেরা দেশ ভুটান গেলে ফিরে যাবে ভাগ্যের চাকা। দালাল চক্রের এমন প্রলোভনে পা দিয়ে সর্বস্ব খুইয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পেঁয়াইজ্যাকাটা গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা। এদের একজন ভারতে দালালদের হতে খুনও হয়েছেন বলে দাবি তাঁর পরিবারের সদস্যদের।

পেঁয়াইজ্যাকাটা গ্রামের আনোয়ারা বেগমের দাবি, তাঁর স্বামী আবদুল গনি (৪৫) হারবাং ইউনিয়নের ভাগ্যঘোনা এলাকার দালাল জিয়াউর রহমানকে ৪০ হাজার টাকা দিয়েছিলেন ভুটান যাওয়ার জন্য। এ বছর এপ্রিল মাসে আবদুল গনিকে ভুটান নেওয়ার নাম করে দালালচক্র ভারতে নিয়ে যায়। সেখানে দেড় মাস আগে দালালদের হাতে তাঁর মৃত্যু ঘটে।

গত ২৬ জুলাই কথা হয় আনোয়ারা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘দালাল জিয়াউর রহমান আমার স্বামীকে ভারতে নিয়ে ওখানকার দালালদের কাছে বিক্রি করে দিয়েছেন। তাদের কাছে ভুটানের ভিসা চাওয়ায় তাঁকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।’

আনোয়ারা বেগম বলেন, ‘ইতিমধ্যে এলাকার অনেকে ভারত থেকে ফিরে এসেছে, কিন্তু তাঁর স্বামী দেশে আসছেন না।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশে ফেরত আসা পেঁয়াইজ্যাকাটা গ্রামের আশেকুজ্জামানের ছেলে আবদুস ছামাদ প্রথম আলোকে বলেন, ‘হারবাংয়ের দালাল জিয়াউর রহমান ভারত হয়ে ভুটান নিয়ে যাওয়ার কথা বলে প্রথমবার ছয়জন ও দ্বিতীয়বার ৩১ জনকে সড়ক পথে ভারত নিয়ে যান। দালালদের অত্যাচার সহ্য করতে না পেরে আমি পালিয়ে এসেছি।’

চকরিয়া থেকে ভারতে পাচার হওয়া লোকজনকে ব্যাটারি কারখানায় অমানবিক পরিবেশে কাজ করানো হয় বলে জানান সামাদ। বেতনের বেশির ভাগ টাকা নানা অজুহাতে কেটে নেন সেখানকার দালাল চক্রের সদস্যরা। প্রতিবাদ করলে মেরে ফেলা ও পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো। দালালদের নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে এ পর্যন্ত ১৭-১৮ জন কৌশলে দেশে ফেরত এসেছেন। আরও সমানসংখ্যক মানুষ ওখানকার দালালদের হাতে আটক আছেন। আবদুল গনি ব্যাটারি কারখানায় ১৫ দিন কাজ করার পর ভুটানের ভিসা চাওয়ায় তাঁকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে দালালেরা।

এদিকে গত ২৬ জুলাই দালাল জিয়াউর রহমানের ভাই বেলাল উদ্দিন ও মা মাহেদা বেগমকে পুুলিশ আটক করে। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়েও দেওয়া হয়। তাঁদের আটকের খবর পেয়ে প্রতারিত ও নিখোঁজ ৩৬ ব্যক্তির স্বজনেরা থানায় আসেন। এ সময় আনোয়ারা বেগমও থানায় হাজির হন। অশ্রুসজল আনোয়ারা বেগম বলেন, ‘আমি চার সন্তানকে নিয়ে কি করব? কীভাবে জীবিকা নির্বাহ করব বুঝতে পারছি না।’

প্রতারিত লোকজন জানান, গত এপ্রিল মাসে ছয়জনকে ভুটান নেওয়ার কথা বলে ভারতে পাচার করেন দালাল জিয়াউর রহমান। এক মাস পর প্রত্যেকের পরিবারের কাছে ১০ হাজার টাকা পাঠানো হয়। তখন এলাকার লোকজনের ধারণা হয় ভুটান গিয়ে অনেক টাকা আয় করা সম্ভব। কিন্তু পরে ফিরে আসা লোকজন জানান এ টাকা তাঁর পাঠাননি। প্রতারণার ফাঁদ পাততে দালাল জিয়াউর রহমানই এই টাকা পাঠান বলে জানান এলাকাবাসী। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, পেঁয়াজ্যাকাটা গ্রামের মো. আলমের অভিযোগের ভিত্তিতে দালাল জিয়াউর রহমানের মা ও ভাইকে আটক করা হয়। মো. আলম ৪০ হাজার টাকা দিয়েছিলেন জিয়াউর রহমানকে ভুটান যাওয়ার জন্য।

তাকে না পেয়ে তাঁর মা ও ভাইকে আটক করা হয়। কিন্তু ভুক্তভোগী লোকজনের টাকা ফেরত দেওয়ার কথা দেওয়ায় তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত হচ্ছে।