এবার ভূমি-বিরোধ ঘোচাতে 'কেনে চলর'

চট্টগ্রামে লোকের মুখে মুখে কেনে চলর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে কেনে চলর কথাটি। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা সাতকানিয়ার খাগরিয়ায় কেনে চলর শিরোনামের পথনাটক করলেন। উদ্দেশ্য, এই এলাকায় দীর্ঘদিনের ভূমি–বিরোধকেন্দ্রিক সংঘাত বন্ধ করা।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়ন আলু ও ফুল চাষের জন্য জেলার বহু মানুষের কাছে পরিচিত। কিন্তু ওই ইউনিয়নে ভূমি–বিরোধকে কেন্দ্র করে দীর্ঘ ৫০ বছর ধরে সংঘাত লেগেই আছে। সংঘাত বন্ধে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে ১৩ অক্টোবর খাগরিয়ায় হাজির হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একদল শিক্ষার্থী ও শিক্ষক। ওই বিভাগের ইয়াং ডিপ্লোমেটস কমিউনিটির সদস্যরা ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দাসহ ভূমি–বিরোধকেন্দ্রিক বিভিন্ন সময়ে সংঘটিত সংঘর্ষে জড়িত ব্যক্তিদের নিয়ে কর্মশালা ও মতবিনিময় সভা করেন। ১৫ অক্টোবর সন্ধ্যায় ইউনিয়নের নুরু মার্কেট এলাকায় পরিবেশিত হয় ভূমি–বিরোধ নিষ্পত্তিবিষয়ক জনসচেতনতামূলক পথনাটক কেনে চলর। ওই পথনাটকে শিল্পীরা সংঘর্ষ-সহিংসতা বাদ দিয়ে কীভাবে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করা যায়, তা তুলে ধরেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মতিউল হক মাসুদের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন ওই বিভাগের শিক্ষার্থী রিদোয়ান পারভেজ, আশিকুজ্জামান, নাঈম হোসাইন, অনিক দত্ত ও মোশারফ হোসেন। পথনাটকের ফাঁকে ফাঁকে পুঁথি পাঠের আসর দর্শকদের নজর কেড়েছে।
ইয়াং ডিপ্লোমেটস কমিউনিটির সমন্বয়ক অধ্যাপক মতিউল হক প্রথম আলোকে বলেন, ‘শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে নিতে শিক্ষার্থীরা যেন কূটনৈতিক দক্ষতার ব্যবহারিক প্রয়োগ করতে পারেন, সে জন্যই আমাদের এ আয়োজন।’