এবার মাছ ধরার ট্রলারসহ তিন ইয়াবা পাচারকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার গভীর বঙ্গোপসাগর দিয়ে ইয়াবা বড়ি পাচারকালে একটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌযানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড সেন্ট মার্টিন দ্বীপের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। কোস্টগার্ড সূত্র জানায়, ১৩ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে কোস্টগার্ডের সদস্যরা বঙ্গোপসাগরের নাফ নদীর মোহনা এলাকায় একটি মাছভর্তি নৌযানে অভিযান চালান। এ সময় মাছের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা পাঁচটি প্যাকেটে ১০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—টেকনাফ সদর ইউনিয়নের হাবিবেরপাড়া গ্রামের মৃত ইউছুফ আলীর পুত্র আব্দুস সালাম (৬২), সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মোহাম্মদ ইসলামের পুত্র মোহাম্মদ ইলিয়াস (৩০) ও একই এলাকার ইমাম হোসেনের পুত্র আব্দুর রহমান (২২)। তাঁদের গতকাল বুধবার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ভারপ্রাপ্ত প্রধান লেফটেন্যান্ট কে এম জাহাঙ্গীর আলম।জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে একটি মাছ ধরার নৌযানে করে গত মঙ্গলবার ভোরে ইয়াবাগুলো এনে সেন্ট মার্টিনের প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে মৌলভির শীল নামক স্থানে অপর একটি নৌযানে খালাস করা হয়। কয়েক ঘণ্টা পর সেখান থেকে ফেরার পথে নৌযানটিকে থামার জন্য সংকেত দেওয়া হলেও এটি না থেমে পালানোর চেষ্টা করে। প্রায় আড়াই ঘণ্টা তাড়া করে নৌযানটিকে নাফ নদীর মোহনা থেকে আটক করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক জানান, এ ব্যাপারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করেছে কোস্টগার্ড। অভিযুক্তদের আজ (বৃহস্পতিবার) আদালতে সোপর্দ করার কথা রয়েছে।