এবার মিরসরাইয়ের উন্নয়নের আশ্বাস মোশাররফের
চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুটি পৌরসভার ৪০ একর অকৃষি জমিতে গড়ে তোলা হবে আবাসন প্রকল্প। সরকারের আগের মেয়াদে ঘোষিত উপজেলার ইছাখালীর চরে বিশেষ অর্থনৈতিক অঞ্চলও বাস্তবায়ন করা হবে। মহামায়া সেচ প্রকল্পকে পরিণত করা হবে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে। আগামী দুই বছরের মধ্যে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবে এই উপজেলা।
মিরসরাইকে ঘিরে এমন আশ্বাসের কথা শোনালেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। দায়িত্ব পাওয়ার পর ১৭ জানুয়ারি মিরসরাইয়ে এলে প্রথম আলোর সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে মিরসরাইয়ের একাধিক রাজনৈতিক নেতা বলেন, গত পাঁচ বছর দিলীপ বড়ুয়া শিল্পমন্ত্রী ও মোশাররফ হোসেন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, তাঁরা এক হয়ে কাজ করতে পারেননি। ফলে মিরসরাইয়ের উন্নয়ন হয়নি চোখে পড়ার মতো। বর্তমান সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে কি-না বলা অসম্ভব। তাই এবারও মিরসরাইবাসী কি শুধু স্বপ্নই দেখে যাবে?
এ বিষয়ে কথা হয় মিরসরাই পৌরসভার মেয়র মো. শাহজাহান ও বারইয়ারহাট পৌরসভার প্যানেল মেয়র ইমাম হোসেনের সঙ্গে। তাঁরা জানান, মিরসরাই ও বারইয়ারহাট পৌর এলাকায় ৪০ একর অকৃষি জমি নেই। অকৃষি জমিতে আবাসন করতে হলে এই দুই পৌরসভার আয়তনই বাড়াতে হবে। সব মিলিয়ে এমন একটি প্রকল্প অনুমোদন পেলেও নানা জটিলতা কাটিয়ে বাস্তবায়ন করতে অনেক সময় লাগবে বলে তাঁরা মন্তব্য করেন।
পাশাপাশি এখনো কাগজে-কলমে রয়ে যাওয়া বিশেষ অর্থনৈতিক অঞ্চল কবে দৃশ্যমান হবে, সে ব্যাপারেও কোনো উত্তর দিতে পারেননি সংশ্লিষ্টরা। মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন বলেন, ইছাখালী ও শাহেরখালী ইউনিয়নের প্রায় ৬ হাজারের বেশি জমি জরিপ হয়েছে। তবে এখনও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ কাগজেই সীমাবদ্ধ রয়েছে।
মিরসরাইয়ের সোনাপাহাড়ে বিএসআরএম কর্তৃপক্ষের বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কথা মাথায় রেখেই বিদ্যুৎ সমস্যা সমাধানের কথা বলেছেন মন্ত্রী মোশাররফ হোসেন। প্রকল্প অনুযায়ী বিএসআরএম কর্তৃপক্ষ নিজেদের প্রয়োজনে বিদ্যুৎ উৎপাদন করবে, আর বাড়তি বিদ্যুৎ দেবে মিরসরাইবাসীর জন্য। পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মহাব্যবস্থাপক শামসুদ্দিন আহাম্মেদ জানান, কুমিল্লা জাতীয় গ্রিড থেকে সোনাপাহাড়ের বিদ্যুৎ প্রকল্প এলাকায় সঞ্চালন লাইন আনতে দেড় বছর লাগবে। এ কারণে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে কত সময় লাগবে তা বলা কঠিন।
মহামায়া সেচ প্রকল্পে পর্যটন অবকাঠামো গড়ে তোলার বিষয়টিও ঝুলে আছে। সেচকেন্দ্রটি ইজারা নিয়েছেন আবু সুফিয়ান। তিনি জানান, এখানে অবকাঠামো গড়ে তোলার বিষয়ে আপত্তি আছে বন বিভাগের। যদি কিছু করতে হয় তাহলে বন বিভাগই করবে।