এবার মোরগের ডাক চারুকলা ইনস্টিটিউটে
পয়লা বৈশাখ আসতে আরও দুদিন বাকি, কিন্তু এরই মধ্যে নবআনন্দে জেগেছে চারুকলা ইনস্টিটিউট। সবুজের ছায়াঘেরা শিল্পচর্চার আঙিনা মুখর হয়ে উঠেছে নববর্ষের আয়োজনে। জরাজীর্ণ ধুয়েমুছে নতুন বছরকে রাঙিয়ে তোলার নেশায় মেতে উঠেছেন রঙের জাদুকরেরা। তাঁদের হাতের আলতো তুলির ছোঁয়ায় এক এক করে প্রাণ পাচ্ছে বিবর্ণ সব প্রতিকৃতি। এত দিন চারুকলা কলেজের সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠান চারুশিল্পী সম্মিলনের বর্ষবরণ উৎসবের প্রধান আকর্ষণ ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। চারুকলা কলেজ এখন চারুকলা ইনস্টিটিউট। দীর্ঘদিনের দাবি পূরণে শিক্ষার্থীদের আনন্দের বাঁধভাঙা উচ্ছ্বাস উছলে পড়ছে বৈশাখের আয়োজনে। আনন্দ শোভাযাত্রার জন্য চারুকলা ইনস্টিটিউট ও চারুশিল্পী সম্মিলন তৈরি করছে ১০০টি করে মুখোশ, ছাতা, তালপাখা। বিশাল আকৃতির দুটি মোরগ, আটটি ঘোড়া, চারটি সরা, হাতি ও ময়ূর দিন দিন প্রাণ পাচ্ছে যেন। পুরোনো বছরকে বিদায় জানাতে ১৩ এপ্রিল বিকেল তিনটায় চারুকলা ইনস্টিটিউট থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। কাজির দেউড়ি হয়ে প্রেসক্লাব এসে শেষ হবে শোভাযাত্রাটি। পরদিন পয়লা বৈশাখে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একাংশ মুখোশ ও বিভিন্ন প্রতিকৃতি নিয়ে চলে যাবে বিশ্ববিদ্যালয়ের শোভাযাত্রায়। বাকি ছাত্ররা চারুশিল্পী সম্মিলনের সঙ্গে অংশ নেবে শহরের শোভাযাত্রায়, পয়লা বৈশাখ সকাল সাড়ে আটটায় চারুকলা ইনস্টিটিউট থেকে এ শোভাযাত্রা বের হবে। আসকার দীঘি, জামাল খান, প্রেস ক্লাব, ডিসি হিল হয়ে সিআরবিতে এসে শেষ হবে। তারপর চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে প্রভাতী অনুষ্ঠানে থাকবে বাউলসংগীত, রবীন্দ্রসংগীত ও লোকগীতি।ছাতা ষড় ঋতুর অপরূপ বর্ষার প্রতীক। তালপাখা হচ্ছে গ্রীষ্মের গনগনে রোদে প্রশান্তির ছায়া আর ঘুড়ি ওড়ানো বাঙালির ক্রমশ হারিয়ে যাওয়া একটি ঐতিহ্য। সড়ার মধ্যে লক্ষ্মীপেঁচা ও ঐতিহাসিক গাজীর পটচিত্র অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এভাবে গ্রামবাংলার বিভিন্ন ঐতিহ্যকে বিভিন্ন প্রতিকৃতিতে তুলে ধরা হয়েছে। চারুকলা কলেজের সাবেক ছাত্র নাসির খান ও কাজী সুজা উদ্দিন জানান, ‘প্রতিবছর শোভাযাত্রার জন্য তাঁরা বিশেষ প্রতীক বাছাই করেন যেমন—কখনো হাতি, কখনো ঘোড়া। স্বৈরশাসকের আমলে যেমন ছিল সাপ তেমনি এবার বাছাই করা হয়েছে মোরগ। লাল ঝুঁটিওয়ালা মোরগ সারা জীবন ভোরকে ডাকে, মানুষের ঘুম ভাঙায়, নতুন দিনের শুভ আগমনীর বার্তা শোনায়, তাই এবারের বর্ষ বরণের প্রতীক এই মোরগ। আমাদের প্রত্যাশা মোরগের ডাকে ঘুমন্ত জাতি জেগে উঠবে, যাত্রা শুরু করবে নতুন দিনের। আর বর্ষ বিদায় শোভাযাত্রায় থাকবে ঘোড়া। পুরোনো বর্ষ বিদায় নেবে ঘোড়ার প্রতীকে।’বাংলার ষড়ঋতু ছয়টি রূপে ছয়টি রঙে রাঙিয়ে দেয় প্রকৃতিকে। বর্ষবরণ উৎসবের আয়োজনে সে বাহারী রঙের ব্যবহার চলছে। আর শিক্ষকদের কাছ থেকে কাজ শেখার এটাই সুবর্ণ সময়। তাই তো শিক্ষার্থীদের চোখে মুখে নেই এতটুকু ক্লান্তির ছোঁয়া। সবাই রং-তুলি নিয়ে কাজে মগ্ন। প্রথম বর্ষের ছাত্রী জান্নাতুল বাকী আর আফসানার হাতে মুখোশ, তৃতীয় বর্ষের মাইকেল কাইজার ও সুস্মিতা কারিনা মোরগ রাঙাতে ব্যস্ত। কামরুল ইসলামের হাতে পড়েছে হাতি। কেউ বা কাগজ কাটছে, কোলাজ করছে, বিভিন্ন আকৃতি তৈরি করছে, করছে ঐতিহ্যবাহী নকশা। আবার কাজের ফাঁকে ফাঁকে চলছে হায়দার ভাইয়ের ক্যান্টিনে টেবিল চাপড়ে গান গেয়ে চায়ে চুমুক দিয়ে চাঙা হয়ে নতুন উদ্যমে কাজ করার প্রচেষ্টা। এবারের উৎসবের ব্যতিক্রম আয়োজন হলো সড়ক চিত্র। যার মূল ভাবনায় রয়েছেন অধ্যাপক জসীম উদ্দিন, শিল্পী আহমেদ নেওয়াজ ও সৌমেন দাশ। চারুশিল্পী সম্মিলনের আহ্বায়ক আহাম্মেদ নেওয়াজ বলেন, ‘এ শিল্পকর্ম করা হবে চট্টেশ্বরী মোড় থেকে ও আর নিজাম সড়ক পর্যন্ত অর্থাৎ বাদশা মিয়া সড়ক পুরোটাই। এখানে থাকবে ঢেঁকিতে ধান ভানা, রসের হাড়ি, সিকা চিত্র মোট কথা আবহমান গ্রামবাংলার চিরাচরিত রূপ।’ চারুকলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক জসিম উদ্দিন জানান, বাঙালির ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ও সাবেক কলেজের শিক্ষার্থীরা প্রচুর উৎসাহের সঙ্গে কাজ করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকেও ব্যাপক সাড়া পেয়েছেন। তা ছাড়া শিক্ষার্থীরা এখানে যে শুধু উৎসবের কাজ করছে তা নয় এটা তাঁদের প্রশিক্ষণেরও অংশ।