সৌরশক্তিচালিত উড়োজাহাজ ‘সোলার ইমপালস’ এবার যুক্তরাষ্ট্র অভিযান শুরু করেছে। কোনো ধরনের জ্বালানি তেল ছাড়াই যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো থেকে পূর্বদিকে গত শুক্রবার সকালে এ যাত্রা শুরু হয়। বিজ্ঞানীরা জানান, উড়োজাহাজটি জ্বালানি ছাড়াই কেবল সৌরশক্তির সাহায্যে দিনে বা রাতের যেকোনো সময় ২৭ হাজার ফুট উঁচুতে উড়তে পারে। মানুষ বহনকারী সৌর উড়োজাহাজটির যুক্তরাষ্ট্র পাড়ি দেওয়ার এই প্রথম উদ্যোগ সফল হলে আকাশযানটি আরও বড় পরিসরে ব্যবহারের সুযোগ তৈরি হবে। সে ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানিচালিত উড়োজাহাজে বৈপ্লবিক পরিবর্তন আসবে। উড়োজাহাজটিতে সংযুক্ত চারটি বৈদ্যুতিক মোটরে শক্তি সরবরাহের জন্য রয়েছে প্রায় ১২ হাজার সৌরকোষ। জীবাশ্ম জ্বালানি ছাড়াই ২০১৫ সালে বিশ্ব অতিক্রমই সোলার ইমপালসের চূড়ান্ত লক্ষ্য। ধীরগতির সৌর উড়োজাহাজটি যুক্তরাষ্ট্র অতিক্রমের প্রথম ধাপ হিসেবে অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে গতকাল শনিবার মধ্যরাতে অবতরণ করে। পরে এটি টেক্সাসের ডালাস ও মিসৌরির সেন্ট লুইস হয়ে রাজধানী ওয়াশিংটন ডিসি এবং নিউইয়র্কে পৌঁছাবে জুলাইয়ের শুরুর দিকে। প্রতিটি যাত্রাবিরতি হবে ১০ দিনের। স্থানীয় দর্শনার্থীদের জন্য তখন এই উড়োজাহাজের প্রযুক্তি প্রদর্শিত হবে। এটি চালনার দায়িত্বে (পাইলট) রয়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী বার্ট্রান্ড পিকার্ড। ওড়ার সময় তাঁর যাবতীয় কর্মকাণ্ড অনলাইনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। যাত্রা শুরুর সময় এটির গতিবেগ ছিল ঘণ্টায় ৪৯ কিলোমিটার। পিকার্ডের সহযোগী হিসেবে রয়েছেন তাঁরই স্বদেশি প্রকৌশলী ও যুদ্ধবিমানের সাবেক পাইলট আদ্রেঁ বর্শবার্গ।সোলার ইমপালস প্রথম আকাশে উড়েছিল ২০০৩ সালে। ২০১০ সালে এটি টানা ২৬ ঘণ্টা ওড়ার রেকর্ড গড়ে। এ ছাড়া এটি প্রথম আন্তমহাদেশীয় যাত্রায় গত বছর স্পেন থেকে মরক্কোয় পৌঁছায়। এই সৌর উড়োজাহাজে তিন দিনে গোটা যুক্তরাষ্ট্র অতিক্রমের সুযোগ থাকলেও বিশ্রাম ও নিয়ন্ত্রণের কথা বিবেচনায় রেখে ধীরে-সুস্থে অভিযান সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন পিকার্ড ও বর্শবার্গ। সরু ও অত্যন্ত ছোট এ উড়োজাহাজে যাত্রী ধারণের কোনো সুযোগ নেই। তবে পরিচ্ছন্ন প্রযুক্তি, অদম্য প্রচেষ্টা আর সুদূরপ্রসারী স্বপ্নের ওপর ভিত্তি করে ভবিষ্যতের সৌর উড়োজাহাজে যাত্রী পরিবহন সম্ভব হবে বলেই পিকার্ড আশা করেন। এএফপি ও রয়টার্স।