পবিত্র রমজান মাসে যানজট নিরসনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ কেমন প্রস্তুতি নিয়েছে—এ বিষয়ে সিএমপি ট্রাফিক বিভাগের উপকমিশনার ফারুক আহমেদ ১৮ জুলাই টেলিফোনে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন মেখ্যাইউ মারমা।প্রথম আলো: রমজান মাসে যানজট বেড়ে যাওয়ার কারণ কী?ফারুক আহমেদ: রমজান মাস উপলক্ষে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় হকারদের দখলে চলে যায়। এ কারণেই মূলত যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া এ সময় রিকশার সংখ্যা বেড়ে যায়। বিপণিবিতানগুলোকে কেন্দ্র করে ক্রেতাদের ভিড়ও বাড়ে। বিভিন্ন বিপণিবিতানের সামনে রিকশা এবং ব্যক্তিগত গাড়ি এলোমেলোভাবে পার্ক করার কারণেও যানজটের সৃষ্টি হয়।প্রথম আলো: যানবাহন ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো পরিকল্পনা আছে কী?ফারুক আহমেদ: অবৈধ রিকশা পার্কিংয়ের জন্য কোনো জরিমানার ব্যবস্থা না থাকলেও যানবাহনের জন্য ২৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানার ব্যবস্থা আছে। নগরের গুরুত্বপূর্ণ মোড়ে প্রয়োজনে অতিরিক্ত ট্রাফিক পুলিশ নিয়োজিত করা হবে। প্রথম আলো: মেলার নামে অবৈধভাবে দোকান বসিয়ে বেচাকেনা করে। তাতে যানজটের সৃষ্টি হয়। এ ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা কি আছে? ফারুক আহমেদ: নগরের ফুটপাতের ওপর অবৈধভাবে পণ্যের কেনাবেচার ক্ষেত্রে তাদের উচ্ছেদ কিংবা হকারদরে পুনর্বাসনের দায়িত্ব সিটি করপোরেশনের। তারপরও কাজে যদি অতিরিক্ত বাধার সৃষ্টি করে তবে ট্রাফিক বিভাগ নিজেই উচ্ছেদ অভিযানে নামবে। প্রথম আলো: রমজান আসার আগেই যানজট বেড়ে গেছে। রমজানে আরও বাড়বে। যানজট নিরসনে আপনাদের উদ্যোগ কী হবে? ফারুক আহমেদ: যানজট নিরসনে ট্রাফিক বিভাগের স্বাভাবিক কার্যক্রম চলছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোকে চিহ্নিত করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।প্রথম আলো: এর পাশাপাশি আর কোনো ব্যবস্থার কথা ভাবছেন কি?ফারুক আহমেদ: সিটি করপোরেশনের সঙ্গে আমরা এ ব্যাপারে বৈঠকে বসব। যানজট নিরসনে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। এ ক্ষেত্রে সিটি করপোরেশন এবং বিভিন্ন বিপণিবিতানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাহায্যের প্রয়োজন হবে। সবাই সমন্বিতভাবে কাজ করলে আশা করছি গত বছরের চেয়ে এবার যানজট কম হবে। প্রথম আলো: রমজানের যানজট মোকাবিলায় আগাম কোনো প্রস্তুতি ট্রাফিক বিভাগের আছে কি?ফারুক আহমেদ: যানজট নিরসনে এখনো পর্যন্ত তেমন কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। তবে ২৪ জুলাই রোববার দোকান-মালিক সমিতির সঙ্গে এ বিষয়ে আমরা বৈঠক করব। তাদের কিছু দাবি দাওয়া থাকতে পারে। সেসব নিয়ে আলোচনা হবে। যানজট নিরসনে তাঁদের সহায়তাও প্রয়োজন আমাদের।প্রথম আলো: কোন কোন এলাকায় যানজট বেশি হয়? ফারুক আহমেদ: রমজান মাসের প্রথম ১০ দিন বেশি যানজট দেখা যায় জিইসি মোড় এলাকায়। এ এলাকায় সেন্ট্রাল প্লাজা, লাকী প্লাজা, সানমার ওশান সিটিসহ কয়েকটি বিপণিবিতান থাকায় ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে ভীড় বাড়ে। এ কারণে রমজানে এ এলাকায় যানজট নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর নিউমার্কেট, হকারস মার্কেট, মিমি সুপার মার্কেট, টেরি বাজার ও আন্দারকিল্লার মোড়েও তীব্র যানজটের সৃষ্টি হয় ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে।