ধীরে ধীরে এই দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠছে আরেকটি খেলা। ঠিক বাস্তবতার সঙ্গে মিল রেখে সে খেলায়ও রয়েছে চ্যাম্পিয়ন, রানারআপ হওয়াসহ হার-জিতের ব্যাপার। বিশ্ব যখন বাস্তব এসব খেলায় মত্ত, তখন আরেক খেলায় ভার্চুয়াল দুনিয়ার খেলাও পিছিয়ে নেই।কম্পিউটার আর ভিডিও গেম নিয়ে বিশ্ব সাইবার গেমস (ডব্লিউসিজি) প্রতিযোগিতাও হচ্ছে প্রতিবছর। ক্রিকেট ছাড়া আর বাস্তবের কোনো খেলার বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিতে না পারলেও সাইবার গেমসের বিশ্ব আসরে অংশ নিচ্ছে বেশ কয়েক বছর ধরে।ডব্লিউসিজিতে দল পাঠানোর জন্য বাংলাদেশে প্রতিবছরই বাছাই প্রতিযোগিতার আয়োজন করে এফ ওয়ান ম্যানেজমেন্ট লিমিটেড।বাছাই পর্ব চলে কম্পিউটারে কম্পিউটারে।তুমুল উত্তেজনা, চারপাশে হর্ষধ্বনির মাধ্যমে এগিয়ে চলে খেলা। খেলোয়াড়ের চোখকম্পিউটারের পর্দায় আর আঙুল খেলা করে কিবোর্ড আর মাউসে।কোনো এক খেলায় ভালো করতে পারলেই চারদিকে হাততালি আর সমর্থকদের উচ্ছ্বাস! কিছু সময় পরপর সমর্থকদের তুমুল চিত্কারে গেমস প্রাঙ্গণ হয়ে ওঠে মুখরিত। বাস্তব আর ভার্চুয়াল খেলার সীমাটা যেন ভেঙে যায়।কম্পিউটারের এ খেলায় শেষ পর্যন্ত দেশের পক্ষে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠেয় বিশ্ব সাইবার গেমসে যাওয়ার যোগ্যতা অর্জন করেন গেমাররা। এবারের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে ৬ থেকে ৮ আগস্ট, ঢাকার স্কলাস্টিকা স্কুলে। জাতীয় পর্যায়ের কম্পিউটার গেমের সবচেয়ে বড় এ প্রতিযোগিতায় অংশ নেন সর্বমোট এক হাজার ২০০ জন গেমার। তিন দিনে ফিফা ২০১০, কাউন্টার স্ট্রাইক ১.৬, কল অব ডিউটি ৪ ও নিড ফর স্পিড (এনএফএস): মোস্ট ওয়ান্টেড—এই চারটি খেলায় অংশ নেয় গেমাররা। ৮ আগস্ট শনিবার অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। চূড়ান্ত পর্বের সেরারাএবারের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে ফিফা ২০১০ খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন আফসার হোসাইন। ২০০৬ সাল থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া শুরু করলেও গত বছর বাছাই পর্বেপ্রথমবারের মতো সফল হন তিনি। গতবার চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে পেয়েছিলেন চীনে অনুষ্ঠিত ডব্লিউসিজির টিকিট। এবারও তিনি প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের। জানালেন, ‘আশা করছি ডব্লিউসিজিতে দেশের পক্ষে ভালো করতে পারব। আন্তর্জাতিক এ আসরে নিজের সেরাটুকু দিয়ে দেশের পতাকা উড়াব—এ প্রত্যাশাই করছি।’ এ খেলায় প্রথম রানারআপ হয়েছেন সালমান হোসাইন ও দ্বিতীয় রানারআপ রাফসান জানি। সম্প্রতি অনুষ্ঠিত এশীয় সাইবার গেমস প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছেন রাফসান জানি।কাউন্টার স্ট্রাইক গেমসে এবার চ্যাম্পিয়ন হয়েছেন এ-লেভেলের শিক্ষার্থী মো. তানভীর, মো. তাহফিম তারেক, মো. জুবায়ের, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান তালুকদার, ইউনাইটেড আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিজ কবির। মো. তানভীর বলেন, ‘ভালো কিছু করার লক্ষ্য নিয়েই জাতীয় পর্যায়ে খেলতে এসেছি এবং চ্যাম্পিয়ন হয়েছি।’ আরও ভালো করার ইচ্ছের কথা জানান তিনি। এ গেমে প্রথম রানারআপ হয়েছে রায়হান কায়সার, নাহিন ওমর, নাভিদ আহমেদ, জামাল মোস্তাফা ও আহনাফ রাফিদের দল। এ গেমে দ্বিতীয় রানারআপ হয়েছে আশিকুর রহমান, সামিউল ইসলাম, সাফকাত শরীফ, তৌফিক সাজ্জাদ ও আমির বেগের দল। এনএফএস মোস্ট ওয়ান্টেড গেমে চ্যাম্পিয়ন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের শিক্ষার্থী আলিফ রহমান চৌধুরী বলেন, ‘বিভাগীয় পর্যায়ে সেরা হওয়ার পরে জাতীয় আসরে খেলেছি। দেশসেরা হওয়ার পর এবার লক্ষ্য বিশ্বজয়।’ এ গেমে প্রথম রানারআপ হয়েছেন নাহিদ ফেরদৌস ও দ্বিতীয় রানারআপ জাহিদ আবদুল্লাহ খান। কল অব ডিউটি গেমে চ্যাম্পিয়ন হয়েছে জিসান রহমান চৌধুরী, মোহাম্মদ জোবায়ের, ফয়সাল আখতার, আবদুল্লাহ আল নোমান ও নাবিদ ইমতিয়াজের দল। দলের সদস্য রাজউক কলেজের শিক্ষার্থী জিসান রহমান চৌধুরী বলেন, ‘ভালো করব, এ বিশ্বাস ছিল। নিজের পাশাপাশি দলও চ্যাম্পিয়ন হয়েছে, তাই ভালো লাগছে।’ এ খেলায় প্রথম রানারআপ হয়েছে সুদীপ্ত দাস, রুপক বিশ্বাস, রায়হান আবেদিন, নাহিব আহমেদ ও রাহাত হাসানের দলটি। এ গেমসে দ্বিতীয় রানারআপ হয়েছে মোস্তাফিজুর রহমান, সালাউদ্দিন রাজ্জাক, একরামুল রহমান, সৈয়দ ফরিদুল আলম ও হামিদ শাহরিয়ারের দল।যখন চলছে গেমসবাছাই পর্বের খেলার সময় উপস্থিত ছিলেন অনেক অভিভাবকও। দুই ছেলেকে সঙ্গে নিয়ে খেলা দেখছিলেন এক গেমারের বাবা শাহদুম আহমেদ খান। তিনি বলেন, ‘কম্পিউটার গেমের প্রতি ছেলের আগ্রহ আগে থেকেই ছিল। জাতীয় এ প্রতিযোগিতায় অংশ নিতে খেলার প্রতি যথেষ্ট মনোযোগী হয়ে উঠেছিল সে। ছেলের এ আগ্রহের পাশাপাশি অন্য দুই ভাইয়েরও রয়েছে উচ্ছ্বাস। তা দেখেই ছোট দুই ছেলেকে নিয়ে এখানে আসা।’ নিজের উচ্ছ্বাসটুকু এভাবেই প্রকাশ করলেন তিনি। চূড়ান্ত পর্ব চলার সময় সরকারি ছুটি থাকায় গেমারদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাজনীন পারভীন নিজের ছেলের সাফল্যে সমর্থকদের সঙ্গে নিজেও মাঝেমধ্যে আনন্দ প্রকাশ করছিলেন। তিনি বলেন, ‘ছেলের কম্পিউটারের প্রতি আকর্ষণ দেখে বুঝতে পারিনি কী নিয়ে এত আগ্রহ। তবে এবার বুঝলাম, ছেলের মনোযোগ আর আগ্রহের বিষয়টি।’ গেমস নিয়ে এ অবস্থা দেখে উচ্ছ্বসিত তিনি বলেই দিলেন, ‘আসলেই কম্পিউটার গেমসের এ খেলা দেখার মতো।’ অভিভাবকদের এমন অনুভূতি দেখা গেছে পুরো গেম প্রাঙ্গণেই। আয়োজকদের কথাএবারের আয়োজনে সহযোগী হিসেবে কাজ করেছে স্কলাস্টিকা স্কুলের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আয়োজকদের পাশাপাশি রেফারির কার্যক্রম থেকে শুরু করে সব ধরনের সহযোগিতায় তারা ছিল তত্পর। বিশ্ব ডব্লিউসিজি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ ইরফান হুসেন বলেন, ‘এবারের আয়োজনে গেমারদের আশাব্যঞ্জক সাড়া ছিল। আগের বারের চেয়ে ভালোই খেলেছে গেমাররা। আশা করি, বিশ্ব আয়োজনে আমরা ভালো করব।’বিশ্ব সাইবার গেমস ‘খেলাধুলা দেশের সীমানা ছাড়িয়ে’—এই স্লোগান নিয়ে ২০০০ সালে বিশ্ব সাইবার গেমসের যাত্রা শুরু হয়। প্রথমবার দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত বিশ্ব সাইবার গেমসে অংশ নেয় ১৭টি দেশের ১৭৪ জন প্রতিযোগী। এরপর টানা চার বছর একই স্থানে অনুষ্ঠিত হয় কম্পিউটার গেমসের সবচেয়ে বড় এই আসর। ২০০৪ সালে এ গেমসের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে। সেবার ৬৩টি দেশের ৬৪২ জন প্রতিযোগী অংশ নেয় এ প্রতিযোগিতায়। ২০০৫ সালে ৭০টি দেশের ৮০০ জন প্রতিযোগী এ আসরে যোগ দেয় এবং ২০০৬ সালে এ আয়োজন অনুষ্ঠিত হয় ইতালির লিনজা শহরে। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের সিয়াটলে, ২০০৮ সালে জার্মানিতে অনুষ্ঠিত হয় সাইবার গেমসের মূল আসর এবং ২০০৯ সালে চীনের চেংদু শহরে বসে এ বিশ্ব আসর। ২০০৫ সালে প্রথমবার বাংলাদেশে বিশ্ব সাইবার গেমসের বাছাইপর্ব অনুষ্ঠিত হয় এবং তখন থেকে নিয়মিত বাংলাদেশ দল এ আসরে অংশ নিচ্ছে।শেষের কথাতিন দিনের বাছাই পর্ব শেষে চূড়ান্ত বাছাইয়ের দিনে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজন শেষে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কলাস্টিকা স্কুলের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কায়সার আহমেদ। পরে ফিফা ২০১০ গেমস বিজয়ী আফসার হোসাইনের হাতে দেশের পতাকা তুলে দেন অধ্যক্ষ। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের জ্যেষ্ঠ সহকারী অধ্যক্ষ খাদিজা আফজাল, বিশ্ব সাইবার গেমসের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ ইরফান হুসেনসহ আরও অনেকে। অনুষ্ঠানে চারটি খেলায় বিজয়ী ১২ জনকে স্বর্ণপদক, ১২ জনকে রৌপ্যপদক ও ১২ জনকে সিলভারপদক দেওয়া হয়। এবারের বিশ্ব সাইবার গেমসে অংশনেবেন ফিফা ২০১০-এর চ্যাম্পিয়ন।তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন এক হাজার ডলার ও নিবন্ধন ফি এবং ঢাকা-লস অ্যাঞ্জেলেস-ঢাকা বিমানের টিকিট।এ ছাড়াও সেরা গেমারদের রেজার গেমিং পণ্য, মাউস, গেমিং কন্ট্রোলার এক্সবক্স, কিবোর্ড ইত্যাদি পুরস্কার দেওয়া হয়। বরাবরের মতো এবারও বিশ্ব সাইবার গেমসের মূল পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে স্যামসাং। আর বাংলাদেশ বাছাই পর্বের মূল পৃষ্ঠপোষক মোজো। প্রিমিয়াম সহযোগী ইন্টেল ও রেজার। সহযোগী পৃষ্ঠপোষক গিগাবাইট, কিউবি ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।