এবার লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারকের আসনে বসতে ইচ্ছে হয় অনেকেরই। গাউন পরে বিচারক যখন তাঁর এজলাসে বসেন, তখন আদালত প্রাঙ্গণের সবার অপলক দৃষ্টি যেন তাঁর দিকেই। আইনজীবীদের যুক্তিতর্ক শুনে আইনের আলোকে বিচারক রায় দেন ন্যায়ের পক্ষে। সাজা দেন অপরাধীকে। এজলাসে বসে থাকা কোনো বিচারক দেখে অনেকেই স্বপ্ন বোনেন বিচারক হওয়ার। সামাজিক মর্যাদা, ব্যক্তিগত সম্মানসহ পেশাগত গর্ব করার মতো সবই আছে এই পেশায়। মহান এই পেশায় আসার সুযোগ এসেছে। গত জুলাই মাসে শুরু হয় পঞ্চম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার আয়োজন। সহকারী জজ হিসেবে পেশাজীবন শুরু করতে চাইলে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার বৈতরণী পার হতে হবে। গত সেপ্টেম্বরে সহকারী জজের প্রিলিমিনারি (প্রাথমিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে। তাই এবার পেরোতে হবে লিখিত পরীক্ষা বৈতরণী। এর জন্য চাই জোর প্রস্তুতি।লিখিত পরীক্ষা যেমনসহকারী জজ পদের লিখিত পরীক্ষা হচ্ছে নির্বাচন-প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ। প্রার্থীকে মোট এক হাজার নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। আবশ্যিক সাধারণ বিষয় থেকে থাকে ৪০০ নম্বর আর আবশ্যিক আইন বিষয় থেকেও ৪০০ এবং ঐচ্ছিক আইন বিষয় থেকে ২০০ নম্বর। প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত সময় তিন ঘণ্টা। আর পাস নম্বর ৫০। তবে কোনো প্রার্থী লিখিত পরীক্ষার কোনো বিষয়ে ২৫ শতাংশ নম্বরের কম পেলে প্রার্থী কোনো নম্বর পাননি বলে ধরে নেওয়া হবে।আবশ্যিক সাধারণ বিষয়: সহকারী জজের আবশ্যিক সাধারণ বিষয় থাকে চারটি। প্রতি বিষয়ে থাকে ১০০ নম্বর। বিষয়সমূহ হচ্ছে সাধারণ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়), প্রাথমিক গণিত ও দৈনন্দিন বিজ্ঞান। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর, বর্তমানে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসিতে কর্মরত। পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এলএলবি (সম্মান) করেছেন ২০০২ সালে এবং এলএলএম ২০০৩ সালে। তিনি বলেন, পরীক্ষার প্রশ্নে কী থাকবে তা তো কেউই বলতে পারবে না। পড়তে হবে অনেক। আর সাধারণ জ্ঞানের পাঠ্যক্রমটা ব্যাপক। এ অংশে যাঁরা ভালো করবেন, তাঁরা তুলনামূলকভাবে এগিয়ে যাবেন। সাধারণ বাংলা: মান ১০০। রচনা, ভাবসম্প্রসারণ, সারমর্ম/সারাংশ, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, পত্র লিখন থাকবে। প্রশ্ন থাকবে ব্যাকরণ থেকেও। ব্যাকরণ অংশে বাক্য শুদ্ধকরণ, শব্দ বা শব্দগুচ্ছ দ্বারা শূন্যস্থান পূরণ, বাগধারা ও প্রবাদ প্রবচন, বাক্য রূপান্তর, দাপ্তরিক পরিভাষার ব্যবহারে বাংলা গঠন থেকে প্রশ্ন থাকে। ব্যাকরণ থেকে ২০ নম্বর থাকে। বাংলা ভাষা ও সাহিত্য থেকেও প্রশ্ন থাকবে। এখানে কবি ও সাহিত্যিকদের সম্পর্কে প্রশ্ন থাকতে পারে। বাংলায় ভালো করতে চাইলে আপনাকে আগেই সেভাবে পরিকল্পনা করে পড়াশোনা শুরু করতে হবে। মনে রাখবেন, সব বিষয়ের প্রশ্নে বিকল্প প্রশ্ন থাকে। তাই প্রশ্ন দেখে ভয় পাওয়ার কিছু নেই। আপনি একটি না পারলে অন্যটির উত্তর করে শতভাগ প্রশ্নের উত্তর নিশ্চিত করতে পারবেন। সাধারণ ইংরেজি: সময় তিন ঘণ্টা। পরীক্ষা হবে ১০০ নম্বরের। রচনা লিখতে হবে। থাকবে ৩০ নম্বর। অ্যামপ্লিফিকেশন অব আইডিয়াস, সাবসটেন্স, বাংলা থেকে ইংরেজি অনুবাদ, পত্র লিখন থাকবে। ইংরেজি ব্যাকরণে থাকবে শুদ্ধকরণ, শূন্যস্থান পূরণ, ফ্রেস ও ইডিয়মসের ব্যবহার এবং বাক্য পরিবর্তন থেকে প্রশ্ন থাকে। বাদ যাবে না ইংরজি ভাষা এবং সাহিত্যের টুকিটাকি বিষয়ও। ইংরেজি ব্যাকরণ এবং ভাষা ও সাহিত্য অংশে প্রার্থীদের ভুল বেশি হয়ে থাকে। তাই এখন থেকে এগুলো যত্ন নিয়ে পড়তে হবে। সাধারণ জ্ঞান: ১০০ নম্বরের সাধারণ জ্ঞানে থাকবে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় থেকে। বাংলাদেশ বিষয় থেকে ৫০। আন্তর্জাতিক বিষয় থেকে ৫০। বাংলাদেশ অংশে অর্থনীতি, রাজনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি থেকে সরকার, প্রশাসন, বিভিন্ন সংস্থা প্রভৃতি কিছুই বাদ যাবে না। আন্তর্জাতিক অংশেও থাকবে বিস্তারিত সিলেবাস। সিলেবাস ব্যাপক। প্রস্তুতির ক্ষেত্রেও রাখতে হবে ব্যাপকতা। আপনাকে সাম্প্রতিক বিষয়সহ সাধারণ জ্ঞানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে খুঁটিনাটি বিষয় জানা থাকতে হবে। প্রাথমিক গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: প্রাথমিক গণিত ও দৈনন্দিন বিজ্ঞান আবার দুটি আলাদা অংশে বিভক্ত। ১. প্রাথমিক গণিত এবং ২. দৈনন্দিন বিজ্ঞান। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গণিতে সাধারণত মাধ্যমিক সমমান থেকে প্রশ্ন হয়ে থাকে। তাই এসএসসি পর্যায়ের গণিত বিষয় ভালো করে পড়তে হবে। দেখা হবে প্রার্থীর গণিতে প্রায়োগিক জ্ঞান কেমন। নম্বর থাকবে ৫০। একই ভাবে দৈনন্দিন বিজ্ঞানেও ৫০ নম্বর। প্রার্থীদের দৈনন্দিন বিজ্ঞান সম্পর্কে জ্ঞান এবং তাঁর প্রতিদিনের জীবনে তার প্রয়োগ ক্ষমতা যাচাই করাই হচ্ছে এর মূল লক্ষ্য। এখানে আলো, শব্দ, তড়িৎ, রোগ ও স্বাস্থ্যসেবা, আবহাওয়া, কম্পিউটার প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তি থেকেও প্রশ্ন হতে পারে। আবশ্যিক আইন বিষয়: দেওয়ানি মামলাসংক্রান্ত আইন, অপরাধ আইন, পারিবারিক সম্পর্কবিষয়ক আইন এবং সাংবিধানিক আইন ও আইনের ব্যাখ্যা, এই চারটি বিষয় থেকে প্রশ্ন থাকবে। মো. আলমগীর বলেন, আবশ্যিক আইন বিষয়ে ভালো করতে চাইলে আগে প্রার্থীকে পাঠ্যক্রমটা বুঝতে হবে। তবে এর মানে এই নয় যে পুরো সিলেবাসটা মুখস্থ করতে হবে। পাঠ্যক্রম দেখে আগে বুঝে নিতে কোন কোন ধরনের প্রশ্ন ওই বিষয় থেকে হতে পারে।’ যে বিষয়টি আপনি পড়বেন সে সম্পর্কে স্পষ্ট ধারণা রাখবেন।ঐচ্ছিক বিষয়: এ অংশে প্রার্থী ছয়টি বিষয় থেকে দুটি বিষয় বেছে নিতে পারবেন। আপনি যে বিষয়ে ভালো বলে মনে করেন বা যে বিষয় সম্পর্কে আপনার ধারণা আছে ভালো, সে বিষয়টি নির্বাচন করতে হবে। এ জন্য প্রস্তুতির সময়ও আপনি সেভাবেই প্রস্তুতি নিতে পারেন। দুটি বিষয় আগেই ঠিক করে প্রস্তুতি আপনি এগিয়ে নিতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই ওই বিষয়ের পুরো সিলেবাসটা আপনাকে শেষ করতে হবে। সিলেবাসের কিছুই বাদ দেওয়া যাবে না। ভাষার ব্যবহার: সহকারী জজের লিখিত পরীক্ষা যেকোনো ভাষায় দেওয়া যায়। আপনি চাইলে বাংলা বা ইংরেজি যেকোনো একটি ভাষা ব্যবহার করতে পারেন। তবে একই বিষয়ের উত্তরে আংশিক বাংলা বা আংশিক ইংরেজি ভাষা ব্যবহার না করা ভালো। বাংলায় উত্তর লিখলে শুধু বাংলাই ব্যবহার করা উচিত। আর ইংরেজিতে লিখলে শুধু ইংরেজিই ব্যবহার করা উচিত। শুধু এজলাসে বসার স্বপ্ন দেখলেই তো হবে না। স্বপ্ন পূরণের চেষ্টাও থাকতে হবে। চেষ্টা না থাকলে স্বপ্ন কোনো দিনই পূরণ হবে না। যাঁরা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বা ভবিষ্যতে পরীক্ষা দেবেন বলে ভাবছেন, তাঁরা এখন থেকে শুরু করতে পারেন প্রস্তুতি। আর পঞ্চম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারি উত্তীর্ণদের এবার লিখিত পরীক্ষার পালা। জানা গেছে, খুব শিগগিরই তাঁদের লিখিত পরীক্ষা শুরু হতে পারে। তাই তাঁদের আর বসে থাকার সময় নেই। মনে রাখতে হবে, লিখিত পরীক্ষায় টিকলেই কেবল পরবর্তী ধাপ মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে আপনার। তবে প্রতিযোগিতা অনেক বড়।