এবার সংবেদনশীল কৃত্রিম ত্বক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাটাছেঁড়া বা পুড়ে যাওয়ার পর মানুষের ত্বক সেই ক্ষত প্রাকৃতিক নিয়মেই সারিয়ে তোলে। কিন্তু বিজ্ঞানীরা এবার রোবট বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্রের জন্য এমন এক ধরনের কৃত্রিম ত্বক তৈরি করেছেন, যা মানুষের ত্বকের মতোই অনুভূতিসম্পন্ন। একই সঙ্গে এই ত্বক কাটাছেঁড়া বা পোড়া স্থানের ক্ষত নিজেই সারিয়ে তুলবে। বিজ্ঞানীরা বলছেন, এই উদ্ভাবন কৃত্রিম ত্বক তৈরিতে নতুন দিগন্ত খুলে দিল। এই কৃত্রিম ত্বক তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এই ত্বক দিয়ে ইতিমধ্যে রোবটের একটি হাতও তৈরি করা হয়েছে, যা মানুষের হাতের মতোই সংবেদনশীল। বিজ্ঞানীদের তৈরি ত্বকটি আকারে একটি ডাকটিকিটের সমান। তবে বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের গবেষকেরা এই ত্বকটি আরও বড় আকারে তৈরির পরিকল্পনা করছেন। এই ত্বক তৈরি করতে ব্যবহূত উপাদানের মধ্যে রয়েছে পলিমার এবং ক্ষুদ্রাতিক্ষুদ্র ধাতব কণা। লোহার এই কণার মধ্যে রয়েছে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা আর নিজে নিজে সেরে ওঠার কাজটা করে পলিমার। পলিমার যতটা সহজে আলাদা হয়ে যেতে পারে, ঠিক ততটাই নিজেদের মধ্যে সংযোগও তৈরি করে নিতে পারে।মানবদেহের ত্বক শতকরা ১০০ ভাগই সেরে উঠতে পারে। তবে কোনো ধরনের কাটাছেঁড়ার পর যখন আপনাআপনি সেরে ওঠে বা পুড়ে যাওয়া চামড়া আগের মতো হয়ে যায়, তখন অনেক সময় হয়তো সেখানে একটি দাগ থেকে যেতে পারে। কিন্তু এই কৃত্রিম ত্বকেও কি এ রকম দাগ সেরে উঠবে?গবেষকরো জানিয়েছেন, শত ভাগ সেরে উঠতে পারে এবং সময়ের সঙ্গে সঙ্গে এই দাগ মিশে যায়। বৈদ্যুতিক যন্ত্রপাতির মধ্যেও এই ত্বক ব্যবহার করা যেতে পারে। এ ক্ষেত্রে পলিমারের ভেতর ক্ষুদ্রাতিক্ষুদ্র ধাতব কণা ব্যবহার করতে হবে। তবে যেকোনো ধাতব পদার্থ হলে হবে না। এর উপরিভাগে ন্যানো স্পাইক থাকতে হবে। যেখানে খুব সহজে তাপ পরিবাহিত হতে পারে। এর ফলে ইলেকট্রনগুলো এক কণা থেকে আরেক কণায় লাফিয়ে চলতে পারবে। গবেষকেরা বলছেন, তাঁদের তৈরি ত্বক শুধু চাপই অনুভব করতে পারে না, সম্প্রসারিতও হতে পারে। ফলে এই ত্বকে করমর্দনের অনুভূতি থাকবে। বিবিসি।