এবার সংস্কৃতি রক্ষার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিল টাইগার বিদ্রোহীদের পতনের পর শ্রীলঙ্কার উত্তর-পূর্ব এখন শান্ত। ভালো-মন্দ যা-ই হোক, জাতিগত তামিলদের পক্ষে কথা বলার সবচেয়ে বড় শক্তি এলটিটিইর পতন তাদের জন্য একটা বিরাট আঘাত। অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ সিংহলি জাতির মানুষ প্রেসিডেন্ট রাজাপক্ষের উত্তরোত্তর শক্তিবৃদ্ধি হচ্ছে। সংসদীয় নির্বাচনেও তাঁর দলেরই জয় হয়েছে।এত দিন এলটিটিইর পদভারে কম্পিত তামিল অধ্যুষিত অঞ্চলে এখন সিংহলিদেরও অবাধ যাতায়াত। কিন্তু এ মুহূর্তে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখা গেলেও তা কত দিন বহাল থাকবে তা নিয়ে চিন্তিত অনেকেই। ধর্মে হিন্দু তামিলদের আশঙ্কা, সংখ্যাগরিষ্ঠ সিংহলিদের দৌরাত্ম্যে এখন তাদের সংস্কৃতি উচ্ছন্নে যাবে। জাফনায় সাম্প্রতিক একদিন। বিখ্যাত হিন্দু মন্দির নাল্লুর প্রাঙ্গণ মুখরিত ঢোলক আর শিঙ্গার শব্দে। পুণ্যার্থীদের ভিড়ে গমগম চারদিক। দক্ষিণ-পূর্ব অঞ্চল থেকে এসেছে বেশ কিছু সিংহলি, যাদের মধ্যে রয়েছে একদল স্কুলছাত্র। হিন্দু ও বৌদ্ধরা একসঙ্গে গায়ের শার্ট খুলে মন্দিরে প্রবেশ করে জনপ্রিয় দেবতা মুরুগানকে শ্রদ্ধা নিবেদন করে।স্থানীয় ছাত্র রামানান তিন বন্ধুসহ এখানে এসেছে। তামিল-সংখ্যাগরিষ্ঠ এ শহরের অন্য অনেকের মতোই সেও বলল, গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকে জীবনযাত্রার উন্নয়ন হচ্ছে। কিন্তু এখনো সর্বত্র কড়াকড়িতে বিরক্ত সে। সংস্কৃতি ঝুঁকিতে?জাফনা থেকে উপকূল ধরে পূর্ব দিকে কিছু দূরে বন্দরনগর ত্রিনকোমালি। সেখানকার বাসিন্দারাও বলেন, জীবনে স্বস্তি ফিরে আসছে। অথচ কিছুদিন আগেও সেখানে সহিংসতা ছিল নৈমিত্তিক ব্যাপার। তবে অনেক হত্যা-নির্যাতনের প্রতিকার হয়নি বলে লোকের মনে আছে ক্ষোভ। তামিল ন্যাশনাল অ্যালায়েন্স (টিএনএ) দলের প্রভাবশালী নেতা আর সামবানদান এমনই এক মানুষ। ত্রিনকোমালিতেই তাঁর বসবাস আর রাজনৈতিক কর্মকাণ্ড। তাঁর দল তামিল টাইগারদের খুব ঘনিষ্ঠ ছিল। টিএনএ এখনো সবচেয়ে বড় এবং জনপ্রিয় তামিল রাজনৈতিক দল। সামবানদান মনে করেন, দেশের উত্তর-পূর্বাংশে তামিল সংস্কৃতি ক্রমেই হুমকির মুখে পড়ছে। তিনি বলেন, নিকট অতীতে তামিল হিন্দু সম্প্রদায়ের তীর্থ স্থানগুলো ভয়াবহ আক্রমণের শিকার হয়েছে। তামিলদের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় স্থানগুলোকে পরিকল্পিতভাবে দখল ও এর মর্যাদাহানি করা হয়েছে। সংখ্যালঘু তামিলদের পৃথক আবাসভূমির জন্য টাইগারদের যে দাবি ছিল তা আর সমর্থন করে না তামিল ন্যাশনাল অ্যালায়েন্স। সংখ্যালঘু থাকবে না?গত সপ্তাহে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে জাফনায় একটি জনসভায় যোগ দেন। রাজনৈতিকভাবে এ অঞ্চলটি তাঁর জন্য কঠিন জায়গা। গত প্রেসিডেন্ট নির্বাচনে বেশ খারাপ করেছেন তিনি এ এলাকায়। ভাষণে কোনো রাজনৈতিক সংস্কারের কথা বলেননি রাজাপক্ষে। বরং বলেন উন্নয়নের কথা। তিনি বলেন, তামিলরা যা চায় তা হলো নতুন স্কুল, আবাসন এবং নতুন রেললাইন। আজকাল এটাই প্রেসিডেন্টের স্লোগান—বড় ধরনের উন্নয়ন প্রকল্প তামিলদের বঞ্চনার দুঃখ ভুলিয়ে দেবে। আর দেশে কার্যত কোনো সংখ্যালঘু নেই।দেশে কেউ সংখ্যালঘু নয়, রাজাপক্ষের এ বক্তব্যকে কেউ ভাবছেন বৈষম্য দূর করার মন্ত্র, আবার কারও আশঙ্কা, এটি হতে পারে সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়ারই কায়দা। এমনকি প্রেসিডেন্টের নিজ দল শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির কিছু সদস্য রাজাপক্ষের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন। জাফনায় এই পার্টির নেতা-কর্মী-সমর্থকদের সবাই তামিল। দলের এক নেতা কে শ্রী সারাভানা পাভান বলেন, তাঁর সম্প্রদায়ের বিশেষ সহযোগিতা প্রয়োজন। সরকারি খাতের এক-তৃতীয়াংশ চাকরি তামিল ও মুসলিমদের (তাদের মাতৃভাষাও তামিল) জন্য সংরক্ষিত হওয়া উচিত। সারাভানা বলেন, ‘প্রেসিডেন্ট সংখ্যালঘুদের অস্তিত্ব স্বীকার করে তাদের বিশেষ সুবিধা না দিলে ভুল হবে। কারণ আমরা প্রতিবন্ধীর মতো। প্রতিবন্ধীদের যেমন বিশেষ সহায়তা দরকার তেমনি আমাদের দরকার বিশেষ সহায়তা।’সূত্র  বিবিসি