এবার সমুদ্রপথে পাচার হচ্ছে ইয়াবার চালান
মিয়ানমারের কারখানায় উত্পাদিত ইয়াবা চালান এবার পাচার হচ্ছে সমুদ্রপথে (মাছ ধরার ট্রলারে লুকিয়ে)। টেকনাফ থেকে কক্সবাজার হয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করছে চোরাচালানিরা। এ কাজে সক্রিয় রয়েছে টেকনাফ, মহেশখালী, আনোয়ারা, বাঁশখালীসহ বিভিন্ন এলাকার একাধিক সিন্ডিকেট।
স্থলপথে বিজিবি, র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান শুরু হওয়ায় পাচারকারীরা সমুদ্রপথ বেছে নিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুসন্ধানে জানা গেছে, মহেশখালীর গোরকঘাটার বাবর সিন্ডিকেট মাছ ধরার ট্রলারে করে এই ইয়াবার চালান টেকনাফের সেন্ট মার্টিন উপকূল থেকে মহেশখালীতে নিয়ে যায়। এরপর সেখান থেকে ট্রলারে কুতুবদিয়া চ্যানেল হয়ে চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা ও পটিয়ায় পৌঁছে দিচ্ছে।
স্থানীয় একটি সূত্র জানায়, ৮ জুন রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ নাফনদীতে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা কোটি টাকার একটি ইয়াবা চালান স্থানীয় একটি চক্র লুট করে। পরে চালানটি শাহপরীর দ্বীপের ধলু সিন্ডিকেট মাছ ধরার ট্রলারে লুকিয়ে মহেশখালীর সোনাদিয়া এলাকায় বাবর সিন্ডিকেটের কাছে পৌঁছে দেয়।
পুলিশ ও কোস্টগার্ড সূত্র জানায়, গত ২৫ এপ্রিল ভোররাতে টেকনাফ সমুদ্র উপকূলে কোস্টগার্ড সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের বন্দুকযুদ্ধে বাবর সিন্ডিকেটের তিন সদস্য নিহত হন। তাঁরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপের মো. আমিন ওরফে আমিন মাঝি, কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ গ্রামের জহিরুল আলম ও মহেশখালীর গোরকঘাটার মো. কালু। তিনজনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। ট্রলারটির মালিক ছিল মহেশখালীর গোরকঘাটার বাবর। দেড় মাস আগে সোনাদিয়া চ্যানেলে জেলেদের সাগরে ফেলে ট্রলারটি লুট করে বাবর সিন্ডিকেটের লোকজন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল খোন্দকার ফরিদ হাসান বলেন, মিয়ানমারের বিভিন্ন সীমান্তে ইয়াবা তৈরির ৩৭টি কারখানা রয়েছে। এসব কারখানায় উত্পাদিত সিংহভাগ ইয়াবা টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার হচ্ছে। সমুদ্রপথেও বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে। বিজিবি সূত্র জানায়, চলতি সালের গত পাঁচ মাসে ( জানুয়ারি-মে) বিজিবি সদস্যরা প্রায় ২৫ কোটি টাকার পাঁচ লাখ পিস ইয়াবাসহ ৫১ জনকে আটক করেছে। মামলা করা হয়েছে ৪৫টি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, মিয়ানমারের মংডু শহরের আন্তর্জাতিক চোরাচালানি জোবাইর চট্টগ্রামের খুলশী আবাসিক এলাকায় বসতি করে সমুদ্রপথে ইয়াবা চোরাচালান নিয়ন্ত্রণ করছে। জোবাইরের ইয়াবা চালান পাচারে সহযোগিতা দিচ্ছেন চট্টগ্রামের রশিদ আহমদ, ইসমাইল, হাজি ফয়েজ, টেকনাফের শাহপরীর দ্বীপের আবদুল শুক্কুর, জাফর আলম, ধলু হোসেন, মহেশখালীর বাবর, ফজলুল হক, মৌলভি জহির ও সাইফুল ইসলাম। এঁরা সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার আহমদ বলেন, আগে টেকনাফ থেকে ইয়াবা বিভিন্ন পণ্য বোঝাই ট্রাক, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়িতে লুকিয়ে পাচার করা হতো। সড়কপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তত্পর হওয়ায় এখন সমুদ্রপথেই ইয়াবা চালান পাচার হচ্ছে। এ ব্যাপারে জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা চলছে।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, গত ২৭ এপ্রিল ভোররাতে টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের জাদিমোড়া এলাকার বিজিবি-র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী জাহেদ হোসেন (৪৫) ও ফরিদুল আলম (৪৮) নিহত হন। ২৩ এপ্রিল রাতে একই ইউনিয়নের লেদা গ্রামের ইয়াবা ব্যবসায়ী সৈয়দ নূর (২৮) গুলিবিদ্ধ হন। এর আগে নুর মোহাম্মদ নামের আরেক ইয়াবা ব্যবসায়ীর মৃত্যু হয়। গত ২০ মে পর্যন্ত দেড় মাসে ১০টি ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় ছয় ইয়াবা ব্যবসায়ীর মৃত্যু ও অন্তত ২৫ জন আহত হন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ বলেন, টেকনাফ মহেশখালীসহ জেলার কয়েকটি চোরাচালানি সিন্ডিকেট ট্রলারে করে দেশের বিভিন্ন স্থানে ইয়াবার চালান নিয়ে যাচ্ছে। চক্রটি সম্প্রতি পটুয়াখালী ও নারায়ণগঞ্জে ইয়াবার চালান খালাস করে বলে খবর আছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে।