
হাঙর, ডলফিন আর রং-বেরঙের মাছের ঝাঁকের মাঝে ত্রিশূল হাতে ঝিনুকের খোল থেকে উঠে আসছেন দুর্গা দেবী। দুপাশে সারি করে দাঁড়ানো লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। তাঁদের পাশে অশুভ শক্তির বিনাশ আর অসুর বধের আয়োজন দেখতে ভক্তদের স্বাগত জানাচ্ছে দুই মৎস্যকন্যা।
এবার সাগরের তলদেশে দশভুজা দুর্গা লড়বেন অশুভ শক্তির বিরুদ্ধে। ১৯ অক্টোবর শুরু হতে যাওয়া দুর্গাপূজায় এমন অভিনব পরিবেশ দেখা যাবে কক্সবাজারের ঘোনারপাড়ার কৃষ্ণানন্দ ধাম মন্দিরে পূজামণ্ডপে।
১ অক্টোবর বিকেলে পাহাড়চূড়ায় অবস্থিত কৃষ্ণানন্দ ধাম মন্দিরে গিয়ে দেখা গেছে, প্রতিমা তৈরির কাজ শেষ। সমুদ্রের তলদেশের সাজে সাজানো মণ্ডপে স্থাপন করা হয়েছে প্রতিমা। সাগরতলের এমন অপরূপ পরিবেশ তৈরি করতে গিয়ে প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে বলে ঘোনারপাড়া দুর্গাপূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা গেছে। জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষকে সচেতন করতেই এবার মণ্ডপের সাজে নতুনত্ব আনা হয়েছে বলে জানান পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পর্যটন জেলা কক্সবাজার মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। পাহাড়নিধন, পরিবেশ ধ্বংস এবং সামুদ্রের জীববৈচিত্র্য নষ্টের কারণে সেই ঝুঁকি আরও বাড়ছে। তাই সামুদ্রিক পরিবেশ রক্ষায় লোকজনকে সচেতন করতে অন্য রকম মণ্ডপ তৈরির উদ্যোগ।
ব্যতিক্রমধর্মী এই প্রতিমার কারিগর মৃৎ শিল্পী তাপস পাল। তিনি চট্টগ্রাম ‘পাল শিল্পালয়ের’ পরিচালক। আর মণ্ডপে অ্যাকুয়ারিয়ামের পরিবেশ তৈরি করেছেন চট্টগ্রাম শিল্পময় আর্ট অ্যান্ড ডিজাইনের পরিচালক বিশ্বজিৎ আইচ। সব কাজ শেষ করতে ২০ জন কারিগরের সময় লেগেছে ১৫ দিন।
শিল্পী তাপস পাল বলেন, ‘ভিন্নমাত্রার এ রকম প্রতিমা কক্সবাজারে আগে তৈরি হয়নি। প্রতিমা তৈরির পর মানুষ যখন প্রশংসা করেন, তখন কাজে উৎসাহ পাই। আর্থিকভাবে লাভবান হতে নয়, মানুষকে আনন্দ দিতে পারছি বলেই এখনো এই পেশায় আছি।’
ঘোনারপাড়া দুর্গাপূজা উদ্যাপন পরিষদ সভাপতি স্বপন পাল জানান, দুর্গাপূজার সময় ঘোনারপাড়ার এই মন্দিরে সমবেত হবে অর্ধলক্ষ নারী-পুরুষ। সব ধর্মের লোকজন যাতে প্রতিমা দর্শনের সুযোগ পায়, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থাও নেওয়া হয়েছে।
কক্সবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি রণজিৎ দাশ জানান, ১৯ অক্টোবর থেকে দেশব্যাপী দুর্গাপূজা শুরু হচ্ছে। ২৩ অক্টোবর বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এবার জেলার সাতটি উপজেলার ২৭৬টি মণ্ডপে দুর্গাপূজা চলবে। পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা বলেন, দেশের সর্ববৃহৎ সৈকতে প্রতিমা বিসর্জন দেখতে প্রতিবছরের মতো এবারও লাখো মানুষের সমাগম ঘটবে।