এবার সামলান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট ফ্ল্যাট হলেও অতিথি এলে আন্তরিকতার ছোঁয়া থাকতে হবে। ছবি: অধুনা
ছোট ফ্ল্যাট হলেও অতিথি এলে আন্তরিকতার ছোঁয়া থাকতে হবে। ছবি: অধুনা

নওরিন-ফারহান (ছদ্মনাম) ঢাকা শহরে থাকেন। কর্মজীবী দম্পতি। দুজনের সংসার। তাই বসার ঘরসহ তিনখানা ঘরের ছোট ফ্ল্যাট তাঁদের। অতিথিদের কথা মাথায় রেখেই একটা ঘর বেশি রেখেছেন। বিয়ের এক বছর হয়ে গেলেও এবারই প্রথম নওরিনের বোন, দুলাভাই বেড়াতে আসতে চেয়েছেন। সেভাবেই একটু একটু করে নওরিন বাসায় প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বোন-দুলাভাই আসার সপ্তাহ খানেক আগেই ফারহানের স্কুলশিক্ষক বাবার ফোন, ‘তোর মাকে নিয়ে আমি দুদিন পর ঢাকায় আসছি। আমার স্কুল বন্ধ। আর বউমা এত করে বলে, তাই ভাবছি এবার এসে এক সপ্তাহ থাকব তোদের সঙ্গে।’ সব শুনে যেন মধুর সমস্যায় পড়লেন নওরিন-ফারহান। কীভাবে সামলাবেন পরিস্থিতি, এই নিয়েই দুজনের মাথার ঘাম পায়ে। বাসায় যে ঘরের সংখ্যা তাতে তো সবাই একসঙ্গে থাকতেও পারবেন না।
শহুরে নাগরিকদের এমন সমস্যা আজকাল হরহামেশা। ঘরে-বাইরে দুই দিকের এই টানাপোড়েনের আরও একটি ঘটনা জানা গেল সোবহান শাহিন ও নাজমুন আরা দম্পতির কাছে। তবে বিষয়টা তাঁরা ভালোমতো মিটিয়ে নিয়েছিলেন। কোন দাওয়াই দিয়ে তাঁরা এই অতিথি সামলানোর মুনশিয়ানা দেখালেন, জানতে চাইলে সোবহান শাহিন বলেন, ‘গত বছরের ঘটনা। আমার ছোট ভাই ও তাঁর স্ত্রী ঢাকায় একটা সেমিনারে আসবে, সেটা আগেই জানিয়ে রাখে আমাকে। এর মধ্যে আমার শাশুড়ি অসুস্থ হয়ে ঢাকায় আসেন। সঙ্গে আমার স্ত্রীর ভাই ও ছোট বোনও আসে। তাই আমার ভাই আসার আগে বিষয়টা নিয়ে তাঁর সঙ্গে আলাপ করি।’ বিষয়টা স্বামী-স্ত্রী দুজনে মিলেই সামলেছেন।
নাজমুন আরা বললেন, ‘ভাই-ভাবির সেমিনারে আসাটা জরুরি ছিল। কিন্তু আমার মা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে দ্রুত ঢাকা নিয়ে আসা হয়। তাই ভাই-ভাবিকে প্রথম দুই দিন আমরা একটা আবাসিক হোটেলে ওঠার ব্যবস্থা করি। এরপর মা সুস্থ হয়ে চলে গেলে, নিজে গিয়ে ভাই-ভাবিকে আমাদের বাসায় নিয়ে আসি। বিষয়টা তাঁরাও খুব স্বাভাবিকভাবেই নিয়েছিলেন।’
ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের প্রধান অধ্যাপক ইসমাত রুমিনা বলেন, এটা বেশ জটিল পারিবারিক সমস্যা। এ ধরনের সমস্যা মোকাবিলা করতে হবে স্বামী-স্ত্রী উভয়ে মিলেই। কারণ, দুই বাড়ি থেকে যখন অতিথি আসবে, তখন একতরফা সিদ্ধান্ত নিলে আরেকজনের মন খারাপ হতে পারে। আর এসব বিষয় নিয়ে অনেক সময় দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে।

কী করা যেতে পারে
 এমন পরিস্থিতিতে আগে দুজনে (স্বামী-স্ত্রী) বসে অতিথিদের প্রাধান্য দেওয়ার বিষয়টা নিয়ে আলোচনা করুন।
 দুই পরিবারের কাদের আসাটা বেশি জরুরি, সেটা বুঝে অন্যজনকে বুঝিয়ে-শুনিয়ে কিছু দিন পরে আসতে বলুন।
 এই পরে আসতে বলার বিষয়টা স্বামী ও স্ত্রী কে কাকে বললে ভালো হবে, সেটা আলোচনা করে ঠিক করে নিন।
 এক বাড়ি থেকে অতিথি আসার বিষয়টা নিশ্চিত হলে, আরেক পরিবারে সেটা প্রসঙ্গক্রমে আগেই জানিয়ে রাখতে পারেন।
 অতিথি বাড়িতে আসার পর কোনোভাবেই অতিথিদের সঙ্গে রূঢ় আচরণ করা ঠিক হবে না।
 দুই পরিবারের অতিথি যদি এমন হয় যে সবারই ছাড় দেওয়ার মানসিকতা আছে, তাহলে দুজনকেই চলে আসতে বলতে পারেন। সে ক্ষেত্রে তারা ছাড়াও যে অতিথি আছে, সেটা আগেই বলে রাখুন।
 বাসায় অতিথি আসার আগে দুজনে মিলে কাজ ভাগ করে নিলে মন্দ হয় না। আগেই কিছু বাজার করে রাখলে কাজে দেবে।
 অতিথিদের জন্য উপহার কিনতে হলে দুজনে মিলেই কেনাকাটা সারতে পারেন।
 দুই বাড়ির অতিথিরাও একই বসার ঘরে সবাই মিলে মেঝেতে বিছানা পেতে থাকতে পােরন। আসলে আন্তরিকতাই বড় কথা।