এবার স্বপ্নপূরণের পালা
>তাঁরা পাঁচ মেধাবী। এবারের এইচএসসি পরীক্ষায় সব বিষয়ে পেয়েছেন জিপিএ-৫। শিক্ষাঙ্গনের আরও বড় আঙিনায় পা রাখতে যাচ্ছেন তাঁরা। কী হতে চান তাঁরা? নিজেদের নিয়ে স্বপ্নগুলোই–বা কেমন? তাঁদের সঙ্গে বলেছেন শিহাব জিশান

অভিনেতা হয়ে সমাজ বদলাব
সুদীপ্ত নাথ
চট্টগ্রাম সরকারি সিটি কলেজ
অভিনেতারা সমাজের ভালো-মন্দ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন। এতে করে সবাই সচেতন হয়ে ওঠে। আর গড়ে ওঠে একটি সুন্দর সমাজ। এ কারণে অভিনেতা হয়ে সমাজ বদলানোর স্বপ্ন দেখেন সুদীপ্ত নাথ। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়া এই শিক্ষার্থী স্বপ্ন দেখেন সংস্কৃতি একদিন বদলে দেবে পুরো দেশকে। পড়াশোনার পাশাপাশি সংস্কৃতির সঙ্গে তাই ছোটবেলা থেকেই যুক্ত আছেন সুদীপ্ত। গান শিখেছেন বুলবুল সংগীত একাডেমিতে। সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে সেন্ট প্লাসিডস উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিকেও উত্তীর্ণ হয়েছিলেন তিনি। বাবা হরিপদ দেবনাথ পেশায় ব্যবসায়ী। তবে সুদীপ্তের সবচেয়ে কাছের মানুষ মা ঝুনু নাথ। ছোটবেলা থেকেই সবকিছু ঠিক রেখে এগিয়ে চলা এই শিক্ষার্থীর মতে, সঠিক পরিকল্পনা থাকলে সবকিছুই বাস্তবায়ন করা সহজ হয়ে যায়। অভিনেতা হওয়ার আগ্রহ থাকলেও লেখাপড়া করবেন প্রকৌশল বিজ্ঞানে।

উদ্যোক্তা হতে চাই
নিশাত তাবাসসুম
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ
রাজনীতির মারপ্যাঁচ খুব একটা ভালো না লাগলেও ব্যবসা–বাণিজ্যের খুঁটিনাটি বিষয়গুলোতে আগ্রহ খুঁজে পান নিশাত তাবাসসুম। ব্যবসায় শিক্ষা বিভাগের এই ছাত্রীর স্বপ্ন উদ্যোক্তা হয়ে দেশের জন্য কাজ করার। দেশ নিয়েও বেশ আশাবাদী নিশাত। তাঁর মতে, সবাই ঐক্যবদ্ধ হতে পারলে দেশের অনেক সমস্যা অনায়াসেই সমাধান করা সম্ভব।
ক্লাসকে গুরুত্ব দেওয়া, প্রতিদিন শিক্ষকদের পড়া অনুসরণ করা—এই ছোট ছোট বিষয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সব বিষয়ে জিপিএ-৫ পেতে সাহায্য করেছে বলে জানালেন নিশাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স বিষয় নিয়ে পড়ালেখা করতে চান এই তরুণী। পড়ালেখা শেষে যোগ দিতে চান কোনো ব্যাংকে। এরপর হতে চান উদ্যোক্তা। তবে সুযোগ পেলে বাংলাদেশ বিমানবাহিনীতেও যোগ দেবেন তিনি। তাঁর এত পরিকল্পনার পেছনে প্রেরণা হিসেবে আছেন বাবা নিজাম উদ্দীন, মা নাসিমা আক্তার ও মেজো বোন ফারজানা জেরিন।

প্রত্যন্ত এলাকার মানুষজনের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেব
মিথিলা বড়ুয়া
সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজ
সবে শেষ হয়েছে পাঁচটি বিষয়ের পরীক্ষা। এর মাঝেই পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষার আগের দিন এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হলেন মিথিলার বাবা তুষার কান্তি বড়ুয়া। একদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার চাপ, অন্যদিকে বাবার মৃত্যুর শোক। তবু দমে যাননি তিনি। মা মৌসুমি বড়ুয়ার অনুপ্রেরণা আর নিজের একাগ্রতা এনে দিয়েছে ভালো ফল। এবার বাবার স্মৃতি বুকে নিয়েই স্বপ্নপূরণে নেমেছেন তিনি। মিথিলা বলেন, ‘শোককে শক্তিতে পরিণত করে পথ চলতে চাই। বাবার স্বপ্ন অনুযায়ী চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিবেদিত হওয়ার ইচ্ছে আছে। তাই এই মুহূর্তে আমার একমাত্র লক্ষ্য ভালো একটি সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়া।’
লক্ষ্য সামনে রেখে প্রস্তুতিও পুরোদমে চলছে বলে জানান মিথিলা। তাঁর ইচ্ছে চিকিৎসক হয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। সঙ্গে ভবিষ্যতে নিজ গ্রাম ফটিকছড়িতে অসহায় মানুষের জন্য একটি বিনা মূল্যের স্বাস্থ্যসেবাকেন্দ্র চালু করার স্বপ্ন দেখেন এই মেধাবী তরুণী।

চিকিৎসাবিজ্ঞান নিয়ে গবেষণা করব
আনিকা তাহসিন
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ
কঠোর পরিশ্রম, সুশৃঙ্খল জীবনযাপন আর আত্মবিশ্বাসই আনিকা তাহসিনের সাফল্যের চাবিকাঠি। মাধ্যমিকের মতো সব বিষয়ে জিপিএ-৫ পাওয়ার ধারাবাহিকতা উচ্চমাধ্যমিকেও ধরে রাখায় খুশি পরিবারের সবাই। বাবা নুরুল আলম ও মা লুৎফা বেগম দুজনেই শিক্ষক হওয়ায় বাসায় পড়ালেখা করার সময় বেশ সহযোগিতা পেয়েছেন তিনি। সঙ্গে যোগ হয়েছে কলেজের শিক্ষক ও বন্ধুদের সহায়তা। তাঁর স্বপ্ন, ভালো মেডিকেল কলেজে ভর্তি হয়ে এমবিবিএস ডিগ্রি অর্জন করার। এরপর বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিয়ে আবার দেশে ফিরে আসা। দেশে এসে চিকিৎসাবিজ্ঞানের অজানা বিষয় নিয়ে গবেষণা করতে চান আনিকা। বাংলাদেশে এখনো উচ্চতর গবেষণাগার না থাকলেও আনিকার ইচ্ছে দেশে এসে ছোট পরিসরে হলেও চিকিৎসাবিজ্ঞান নিয়ে গবেষণা শুরু করবেন। দৃঢ় মনোবল নিয়ে এই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন তিনি।

প্রকৌশলী হয়ে দেশের প্রয়োজন মেটাব
সুলতান-উল-ইফফাত
চট্টগ্রাম কলেজ
‘যত কিছুই হোক আমি দেশেই থাকতে চাই। দেশে থেকে একজন সৎ ও ভালো মানুষ হয়ে নিজের মাতৃভূমির জন্য সর্বোচ্চটুকু দিয়ে কাজ করতে চাই। কারণ, দেশে থাকলে খুব ভালোভাবে মানুষের জন্য কাজ করা সম্ভব হবে। সুযোগ পেলে রাজনীতিতে যোগ দিয়ে হলেও সমাজ বদলাব।’ দৃঢ়তার সঙ্গেই কথাগুলো বলছিলেন চট্টগ্রাম কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র সুলতান-উল-ইফফাত। বাবা এ কে এম সালাহ উদ্দিন ও মা জোহরা খানমের উৎসাহ এবং শিক্ষকদের সহায়তায় এমন ভালো ফল করা সম্ভব হয়েছে বলে জানালেন সুলতান। তবে প্রতিদিনের ক্লাসের পড়া প্রতিদিন শেষ করে ফেলাকেই ভালো ফলের মূল রহস্য বলে জানালেন তিনি। তড়িৎকৌশল বিষয় নিয়ে উচ্চতর পড়ালেখা শেষ করে সরকারি চাকরিতে যোগ দেওয়ার ইচ্ছে তাঁর।