ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী ও তাঁর ছেলে হেফাজতে ইসলামের নেতা হারুন ইজাহারসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলায় অভিযোগপত্র চূড়ান্ত করেছে পুলিশ। বাকি তিন আসামি হলেন তাঁদের সহযোগী জুনায়েদ, হাবিবুর রহমান ও মোহাম্মদ ইসহাক। নগরের লালখানবাজার মাদ্রাসায় বোমা তৈরি করতে গিয়ে তিনজন নিহতের ঘটনার হত্যা মামলায় এ অভিযোগপত্র দিচ্ছে পুলিশ। এর আগে বিস্ফোরক ও অ্যাসিড উদ্ধারের মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ওই দুটি মামলায় বিচার চলছে।
হারুন ইজাহার কারাগারে থাকলেও মুফতি ইজাহার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, অ্যাসিড ও দুদকের নোটিশ অমান্য করার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। কিন্তু পুলিশ তাঁকে খুঁজে পাচ্ছে না। গ্রেপ্তার প্রসঙ্গে জানতে চাইলে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার জানান, পলাতক মুফতি ইজাহারকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
মামলার তদন্ত কর্মকর্তা নগরের খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, লালখানবাজার মাদ্রাসায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হন। তদন্ত ও সাক্ষ্যে প্রমাণিত হয়েছে মুফতি ইজাহার ও তাঁর ছেলের পৃষ্ঠপোষকতায় বোমাগুলো তৈরি করা হচ্ছিল। তাঁদের সহযোগী হিসেবে ছিলেন জুনায়েদ, হাবিবুর রহমান ও মোহাম্মদ ইসহাক। অভিযোগপত্রে ১৬ জনকে সাক্ষী রাখা হয়েছে। অভিযোগপত্র দাখিলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতামত নেওয়া হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, ‘মুফতি ইজাহারসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলায় অভিযোগপত্র চূড়ান্ত হয়েছে। অভিযোগপত্র দেখে তা দাখিলের জন্য তদন্ত কর্মকর্তাকে সুপারিশ করেছি। শিগগিরই আদালতে তা জমা দেওয়া হতে পারে।’
প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর নগরের লালখানবাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হন। এ ঘটনায় বিস্ফোরক, হত্যা ও অ্যাসিড আইনে খুলশী থানায় পৃথক তিনটি মামলা দায়ের করে পুলিশ। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ আইপিএসের চার্জার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে দাবি করলেও পুলিশ চারটি তাজা হাতবোমা উদ্ধার করে। তদন্ত শেষে পুলিশ বিস্ফোরক ও অ্যাসিড মামলায় অভিযোগপত্র দাখিল করে।
পলাতক থাকায় অভিযোগপত্র প্রসঙ্গে মুফতি ইজাহারের বক্তব্য জানা যায়নি। তাঁর আইনজীবী আবদুস সাত্তার দাবি করেন, হয়রানি করতে এসব মিথ্যা মামলায় তাঁদের জড়ানো হয়েছে।