এবারও ঈদে লম্বা ঝুলের জামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের পোশাক কিনতে গেছেন এই তরুণী। বৈচিত্র্যময় ফ্যাশন দেখতে কার না ভালো লাগে! ধানমন্ডি ২৭ নম্বর সড়কের নবরূপা ফ্যাশন হাউসে গতকাল বিকেলের ছবি l প্রথম আলো
ঈদের পোশাক কিনতে গেছেন এই তরুণী। বৈচিত্র্যময় ফ্যাশন দেখতে কার না ভালো লাগে! ধানমন্ডি ২৭ নম্বর সড়কের নবরূপা ফ্যাশন হাউসে গতকাল বিকেলের ছবি l প্রথম আলো

এবারও ঈদে তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে লম্বা জামা। আর কামিজের দীর্ঘ ঝুল তো থাকছেই। তবে ঝুলের কাটিং-বৈচিত্র্য দেখা গেছে, যার আধিক্য রয়েছে কামিজ বা কুর্তায়।

.
.

লং কামিজ, আনারকলি, পালাজ্ব প্যাটার্ন পায়জামা, রঙিন ডিভাইডার বেশি কিনছেন মেয়েরা। গতকাল রোববার রাজধানীর ধানমন্ডি ১০টি বিপণিবিতানগুলো ঘুরে দেখা গেল এসব পোশাক বিক্রিও হচ্ছে নানান দামে।
এবার লম্বা ঝুলের বৈচিত্র্যের সঙ্গে রয়েছে লেসের ব্যবহার। লং কামিজ, আনারকলি, কলি কাটিং, একছাঁটের জামা ও পালাজ্ব প্যাটার্ন পায়জামা বাজারে নিয়ে এসেছে নতুনত্ব। সেইসঙ্গে চুড়িদার বা ডিভাইডারের পায়জামার ফ্যাশন চলছে। সূতি, বলাকা স্লিক, জয়শ্রী স্লিক, ধুপিয়ানা ও লিলেনের মধ্যে পাওয়া যাচ্ছে এসব পোশাক।
কামিজের গলায় ভি কাট, কোট কাটের গলা ও গোল গলার ব্যবহার রয়েছে। কে-ক্র্যাফটের স্বত্বাধিকারী শাহনাজ খান বললেন, লম্বা ও থ্রি কোয়ার্টারের হাতের কামিজ বেশি পছন্দ তরুণীদের। তিনি জানান, হাত, গলা ও জামার ঝুলে পাইপিং গাড় রংয়ের শেডের ব্যবহার রয়েছে। সোনালি, ফিরোজা, নীল, কমলা সবুজ, অ্যাশ রংয়ের পোশাক রাতের জন্য আরামদায়কও।
আড়ংয়ের পোশাকেও ঝুল বড় কামিজের চাহিদা বেশি দেখা যায়। ধানমন্ডি ২৭ থেকে ৩২ এর মিরপুর প্রধান সড়কে রয়েছে জেনেটিক প্লাজা, রাপা প্লাজা, সানরাইজ প্লাজা, প্লাজা এ আর এবং মেট্রো শপিং সেন্টার। এখানে পোশাক পাওয়া যাচ্ছে এক হাজার ৫০০ থেকে ১০ হাজার টাকায়।
রামপুরা থেকে ঈদের কেনাকাটা করতে এসেছেন পরিবারের সবাইকে নিয়ে মেহেরুন নাহার। তিনি জানান, তাঁর তিন মেয়ে। তাই কলি কাটিং সালোয়ার-কামিজ কিনেছেন রাপা প্লাজা থেকে। তবে পোশাকের মান অনুযায়ী দামটা বেশি।
এবার কামিজের কাটে ভিন্নতা এসেছে দেশী দশের পোশাকে। বসুন্ধরা সিটিতে রয়েছে রং, সাদা-কালো. দেশাল, নগর দোলা, অঞ্জন’স, প্রবর্তনা, বিবিয়ানা, নিপুণ, কে-ক্র্যাফট ও বাংলার মেলা। একসঙ্গে এক জায়গাতে ঘুরে কিনতে পারেন বলে তরুণীদের ভিড় সহজে চোখে পড়ে।
রংয়ের স্বত্বধিকারী বিপ্লব সাহা প্রথম আলোকে বলেন, ‘আমরা পোশাকে উজ্জ্বল রংয়ের ব্যবহার করেছি। কারণ এবার ঈদ বর্ষায় হচ্ছে। লম্বা ঝুলের কামিজ ও পাঞ্জাবি বেশি পছন্দ করছেন ক্রেতারা।’