এবারও ঈদের আনন্দ নেই আনোয়ারার আট গ্রামের মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই দিনে দুবার জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করছে। বৃষ্টিবাদল থাকলে পানি বেড়ে ঘরেও প্রবেশ করে। এ সময় রান্না আর চলাফেরায় তীব্র ভোগান্তি পোহাতে হয়। ভাঙা বেড়িবাঁধের কারণে গত রোজার ঈদও এমন দুর্বিষহ পরিস্থিতিতে কেটেছে। এর মধ্যে বেড়িবাঁধের ভাঙন আরও বেড়েছে। ফলে আনোয়ারা উপজেলার দুই ইউনিয়নের আট গ্রামের বাসিন্দাদের মাঝে কোরবানির ঈদ নিয়েও উচ্ছ্বাস নেই।

স্থানীয় সূত্র জানায়, আনোয়ারার উপকূলীয় ইউনিয়ন রায়পুরের দক্ষিণ সরেঙ্গা, পূর্ব গহিরা, ধলঘাট, বার আউলিয়া ও পশ্চিম রায়পুর এবং জুঁইদণ্ডী ইউনিয়নের দক্ষিণ জুঁইদণ্ডী, পূর্ব জুঁইদণ্ডী ও খুরশকুল গ্রামে দিনে দুবার জোয়ারের পানি ওঠানামা করছে। জলাবদ্ধতার কারণে এখনকার লোকজনের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে।

বুধবার রায়পুরের দক্ষিণ সরেঙ্গা, পূর্ব গহিরা ও ধলঘাট এলাকায় গিয়ে দেখা যায়, এখানে চলাচলের কোনো রাস্তা নেই। শঙ্খপাড়ের বেড়িবাঁধটি বিলীন হয়ে গেছে। কোনো কোনো এলাকায় বিলীন হওয়া বেড়িবাঁধের স্থানে পানি ওঠানামা করতে করতে খালের সৃষ্টি হয়েছে। সেখানে বাঁশের সাঁকো বসিয়ে পারাপার করছেন লোকজন। জোয়ারের পানি বাড়লে ডুবে যায় এই সাঁকো। এ সময় চলাফেরা তো দূরের কথা, ঘর থেকে বের হওয়াও কঠিন হয়ে পড়ে।

এদিকে শঙ্খের ভাঙন প্রবল হওয়ায় রোববার রাতে রায়পুর ইউনিয়নের ফকির হাট এলাকার সাতটি দোকান বিলীন হয়ে যায়। ক্ষুদ্র ব্যবসায়ী দোকান মালিকেরা পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

দক্ষিণ সরেঙ্গা গ্রামের বাসিন্দা আবুল কালাম (৫৪) প্রথম আলোকে বলেন, ‘জোয়ার এলেই ঘরের উঠানে চলে আসে পানি। ঘর থেকে বের হতেও পারি না। মনে হয় এবার কোরবানও করতে পারব না।’

জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী বলেন, বেড়িবাঁধ ভেসে গিয়ে এলাকায় পানি প্রবেশ করায় স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

রায়পুর ইউপি চেয়ারম্যান জানে আলম জানান, রায়পুরের মানুষের দুর্ভোগের শেষ নেই। এর আগে এত দুর্ভোগ মানুষ কখনো দেখেনি। তিনি বলেন, শঙ্খের ভাঙনে গত রোববার রাতে এলাকার সাতটি দোকান বিলীন হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী কাইছার উদ্দিন বলেন, আনোয়ারা উপকূল রক্ষায় আড়াই শ কোটি টাকা একনেকে অনুমোদন হয়েছে। আর এ কর্মযজ্ঞ শুরু হলে আনোয়ারা উপকূলের মানুষের দিন বদলাবে। তবে আপাতত জরুরি কোনো বরাদ্দ নেই।