এবারও উতরে যাচ্ছেন বদি!
ভাগ্য ভালো বটে কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাংসদ আবদুর রহমান ওরফে বদির। এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি নানা অপকর্মের জন্য দুর্নাম থাকা সত্ত্বেও আবার সাংসদ নির্বাচিত হতে যাচ্ছেন তিনি। তাও সম্ভবত বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বর্তমানে তিনি উখিয়া-টেকনাফের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনের নামে ভোটারদের সঙ্গে দেখা করে এমনটাই বলে বেড়াচ্ছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য কক্সবাজার-৪ আসনে মনোনয়নপত্র জমা দেন তিন প্রার্থী। তাঁরা হলেন, আওয়ামী লীগের বর্তমান সাংসদ আবদুর রহমান বদি, জাতীয় পার্টির তাহা ইয়াহিয়া ও স্বতন্ত্র নুরুল আমিন।
নানা ত্রুটির কারণে মনোনয়নপত্র বাতিল হয় নুরুল আমিনের। অন্যদিকে, ৫ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন তাহা ইয়াহিয়া। এখন মাঠে আছেন শুধু বদি। তবে ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তাহা ইয়াহিয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
উখিয়ার রাজাপালং এলাকার ভোটার সৈয়দ করিমের মতে, এবারের নির্বাচনে বিএনপি অংশ নিলে প্রার্থী হতেন এ আসনের চারবারের নির্বাচিত সাংসদ ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। তাঁর সঙ্গে তখন বদির লড়াই হতো হাড্ডাহাড্ডি। কঠিন হতো বদির বিজয়। কারণ, গত পাঁচ বছরে তিনি সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা, আইনজীবী ও নিজ দলের নেতা-কর্মীদের গায়ে হাত তুলে নানা বিতর্কের জন্ম দিয়েছেন।
আওয়ামী লীগ সূত্র জানায়, বদির বিরুদ্ধে সমালোচনার কারণে দলের মনোনয়ন প্রথমে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরীকে দেওয়া হয়েছিল। পরে রহস্যজনক কারণে তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়। এতে স্থানীয় অনেক নেতা-কর্মী ক্ষুব্ধ। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি কাজী রফিক উদ্দিন বলেন, বিএনপি নির্বাচনে না যাওয়ায় ভোটারেরাও ভোটের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছেন। তবে বিএনপি নির্বাচনে গেলে আসনটি বিএনপির ঘরে উঠত।
টেকনাফ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল মনজুর বলেন, বিএনপি নির্বাচনে না আসায় পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে দলের নির্দেশে তাহা ইয়াহিয়া মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছেন।
তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় পার্টি নির্বাচনে আসার ব্যাপারে শেষ পর্যন্ত সমঝোতা হলে ইয়াহিয়া প্রত্যাহার আবেদন তুলে নিতে পারেন। তখন আসন ভাগাভাগি আর নির্বাচন নিয়ে এই আসনে অন্য রকম চমক দেখা দিতে পারে।
জানতে চাইলে সাংসদ বদি বলেন, ‘পাঁচ বছর ধরে আমি এলাকার উন্নয়নের পাশাপাশি গরিব-দুঃখী মানুষকে নানাভাবে সাহায্য-সহযোগিতা করেছি, যা অতীতে কেউ করেনি। তাই ভোট নিয়ে আমার ভয় নেই। তবে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মাঠে থাকলে নির্বাচনটা ভালো জমত।’
জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, জাতীয় পার্টির প্রার্থী নির্বাচনে অংশ নেবেন না জানিয়ে একটা আবেদন দিয়ে রেখেছেন। দলীয় সিদ্ধান্তে এ আবেদন প্রত্যাহার করে নিলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।