এবারও চ্যাম্পিয়ন দিদার বলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলীখেলার ৫৬তম আসর বসে জেলা স্টেডিয়ামে। এবারও চ্যাম্পিয়ন হয়েছেন রামুর দিদারুল আলম প্রকাশ দিদার বলী। দুই দিনব্যাপী বলীখেলা ও বৈশাখী মেলার শেষ দিন গত শনিবার বিকেলে কক্সবাজার স্টেডিয়ামে চট্টগ্রামের জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ার অলি উল্লাহ বলীকে পরাজিত করেন দিদার বলী। এ নিয়ে তিনি ১১ বার চ্যাম্পিয়ন হলেন। বলীখেলা দেখতে আসা ঘোনারপাড়া এলাকার বাসিন্দা সুপ্তা বড়ুয়া বলেন, ‘বলীখেলা দেখে বেশ ভালোই লাগছে। অনেক দিন পর আসলাম। ছোটবেলায় আসতাম বাবার সঙ্গে। এবার এলাম নিজের ছেলে-মেয়েকে নিয়ে। তারাও বেশ মজা পেয়েছে।’ এদিকে, শেষ দিন বিকেল সাড়ে চারটায় তিন নম্বর পদকের জন্য লড়াই করেন টেকনাফের নিলার নুরুল আমিন ও নন্দাখালীর শাহাবউদ্দিন বলী। তাঁদের মধ্যে দুই মিনিট লড়াই হয়। এতে নুরুল আমিন চ্যাম্পিয়ন হন। দ্বিতীয় পদকের খেলায় অংশ নেন হোয়াইক্যংয়ের হারুন ও নন্দাখালীর সেলিম বলী। জয়ী হন সেলিম বলী।বলীখেলা ও মেলা উদ্যাপন কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসিম উদ্দিন বলেন, দুই দিনের এই বলীখেলায় ৪০০ জন বলী অংশ নেন। ১৯৫৭ সাল থেকে এই স্টেডিয়ামে ডিসি সাহেবের ঐতিহ্যবাহী বলীখেলা ও মেলা হয়ে আসছে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার (ক্রেস্ট ও সনদ) বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী ও পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর।