এবারও পিছিয়ে গ্রামের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালো ফলাফলের সাফল্যে যেন আকাশ ছুঁতে চায় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরের চিত্র । জুয়েল শীল
ভালো ফলাফলের সাফল্যে যেন আকাশ ছুঁতে চায় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরের চিত্র । জুয়েল শীল

মাধ্যমিক পরীক্ষায় সারা দেশের মতো চট্টগ্রাম শিক্ষা বোর্ডেও পাসের হার বেড়েছে। তবে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এবারও শহরের তুলনায় গ্রামের শিক্ষার্থীরা পিছিয়ে রয়েছে। গতকাল প্রকাশিত এসএসির ফলাফল বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।

বাওয়া বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে সহপাঠীদের আনন্দের ভাগাভাগি
বাওয়া বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে সহপাঠীদের আনন্দের ভাগাভাগি

ফলাফলে পিছিয়ে থাকার কারণ হিসেবে উঠে এসেছে শহরের তুলনায় গ্রামের জীবনযাত্রার মানের বৈষম্য, অভিজ্ঞ শিক্ষকের অভাব, শিক্ষার্থী ও অভিভাবকের সচেতনতার অভাব প্রভৃতি বিষয়।
এ প্রসঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘মফস্বলের বিদ্যালয়গুলো পিছিয়ে থাকার অন্যতম কারণ অভিজ্ঞ ও পর্যাপ্ত শিক্ষক সংকট। শহরের বিদ্যালয়ে যে পরিমাণ শিক্ষক কাজ করেন সে তুলনায় মফস্বলের কোনো কোনো বিদ্যালয়ে অর্ধেক শিক্ষকও নেই। ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে প্রতিটি বিষয় জানার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাদের ফলাফলেও এর প্রভাব পড়ছে।’
এবারের এসএসসি পরীক্ষার ভালো ফলাফল করা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সেরা ২০টি বিদ্যালয়ই চট্টগ্রাম ও কক্সবাজার শহরে অবস্থিত। তিন পার্বত্য জেলার কোনো বিদ্যালয়ের ঠাঁই হয়নি এ তালিকায়। শহরের বাইরের উপজেলার বিদ্যালয়গুলোর ফলাফলও আশাব্যঞ্জক নয়। তবে তুলনামূলক ভালো ফলাফল হয়েছে কক্সবাজারের। এই জেলার পাসের হার ৯১ দশমিক ৩১।
বোর্ডের সামগ্রিক পাসের হারের চেয়েও তিন পার্বত্য জেলার পাসের হার কম।
রাঙামাটিতে পাসের হার গতবারের তুলনায় আরও কমেছে। বোর্ডের সামগ্রিক পাসের হার ৯১ দশমিক ৪০ শতাংশ হলেও রাঙামাটি জেলায় পাসের হার ৮০ দশমিক ১৫ শতাংশ, খাগড়াছড়িতে ৮৩ দশমিক ১৫ এবং বান্দরবানে ৮৬ দশমিক ২৮ শতাংশ।
গত বছর বোর্ডের সামগ্রিক পাসের হার ছিল ৮৮ দশমিক ০৪ শতাংশ। অথচ ওই বছর খাগড়াছড়ি জেলায় পাসের হার ছিল মাত্র ৭৫ দশমিক ১১ শতাংশ, বান্দরবানে ৭৯ দশমিক ৯২ এবং রাঙামাটিতে ৮২ দশমিক ২৩ শতাংশ।
মফস্বলকে পেছনে ফেলে শহরের বিদ্যালয়গুলোর ভালো করার কারণ হিসেবে চট্টগ্রাম বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া বলেন, ‘আমাদের নাগরিক সুবিধার সবটুকুই শহরকেন্দ্রিক। গ্রামের বিদ্যালয়গুলোতে ভালো শিক্ষকের ব্যবস্থা নেই। নেই ভালো যোগাযোগব্যবস্থা। সচ্ছলতার অভাবে সবার পক্ষে বাড়িতে প্রাইভেট শিক্ষক রেখে পড়াও সম্ভব হয় না। প্রত্যন্ত এলাকায় ছাত্রছাত্রীদের দূরদূরান্তের পথ পাড়ি দিয়ে নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত সমস্যার কারণেও তারা পিছিয়ে রয়েছে। জানা যায়, মফস্বলের সরকারি বিদ্যালয়গুলোতে অভিজ্ঞ শিক্ষক থাকলেও বেসরকারি বিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষকের সংকট রয়েছে। আবার পার্বত্য এলাকায় বেশির ভাগ শিক্ষার্থীকে আট-দশ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাওয়া-আসা করতে হয়। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাদের যাতায়াত সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। ফলে তারা নিয়মিত বিদ্যালয়ে আসতে পারে না। পিছিয়ে পড়ে পড়াশোনা থেকে।