এবারও ফসলি জমিতে তামাক

প্রতি বছরের মতো এবারও কক্সবাজারের বিস্তীর্ণ এলাকার ফসলি জমিতে তামাকের আগ্রাসন শুরু হয়েছে। তামাক চাষ বাড়ানোর জন্য চাষিদের উৎসাহিত করতে ইতিমধ্যে ১০টির বেশি বেসরকারি প্রতিষ্ঠান মাঠে নেমেছে। গত বছরের চেয়ে এবার বাড়ছে চাষও।
গত ১৪ ডিসেম্বর দুপুরে রামুর বাঁকখালী নদীর ফতেখাঁরকূল এলাকায় গিয়ে দেখা গেছে, বাঁকখালী নদীর দুই তীরে তামাক চাষ চলছে। এ ছাড়া উপজেলার রাজারকূল, কচ্ছপিয়া, গর্জনিয়া, হাইটুপী, ফতেখাঁরকূল, সদর উপজেলার ঈদগাঁও, ভাদিতলা, ফুলতলীতেও চলছে তামাকের আগ্রাসন।
কচ্ছপিয়া গ্রামের কৃষক আবদুল নবী ( ৪৫) বলেন, তামাক চাষ করার জন্য বিভিন্ন কোম্পানি ও এনজিওর লোকজন চাষিদের নগদ টাকা, বীজ দিয়ে সহযোগিতা দিচ্ছেন। মাঠে উৎপাদিত তামাকের দামও নির্ধারণ করে দিচ্ছেন। এতে আগাম লাভ দেখে বহু চাষি তামাক চাষে নেমে পড়ছেন। ঈদগাঁও এলাকার চাষি আলী আহমদ (৫৬) জানান, দুই বছর আগে নিজের দেড় একর জমিতে তিনি টমেটো, বেগুন, মরিচ, আলুর চাষ করে লোকসান দিয়েছেন। তাই এখন ওই জমিতে তিনি তামাকের চাষ শুরু করেছেন।
ঈদগাঁও এলাকার আরেক চাষি সাইফুল ইসলাম (৪৩) জানান, স্থানীয় ফুলেশ্বরী নদীর দুই তীরে শাকসবজির চাষ করে জীবিকা নির্বাহ করত ১২০টি চাষি পরিবার। এখন ওই জমিতে তামাক চাষ শুরু হওয়ায় বহু কৃষক বেকায়দায় পড়েছেন।
চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর দুই তীরেও তামাকের চাষ হচ্ছে। চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম বলেন, কয়েক বছর ধরে মাতামুহুরী নদীর দুই তীর ও সংরক্ষিত বনাঞ্চল জুড়ে তামাক চাষ হচ্ছে। নানাভাবে চেষ্টা করেও এসব বন্ধ করা যাচ্ছে না।
জানা যায়, গত বছর শীত মৌসুমে জেলার চকরিয়া, সদর কক্সবাজার, রামু, পেকুয়া ও উখিয়ায় প্রায় সাত হাজার একর ফসলি জমিতে তামাকের চাষ হয়। এবার তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০ হাজার একর। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে জেলায় প্রায় পাঁচ হাজার একর জমিতে তামাক চাষ হচ্ছে। মাতামুহুরী ও বাঁকখালী নদীর পাড় এবং সংরক্ষিত বনের যেসব স্থানে তামাক চাষ হয় সেই হিসাব তাদের নেই। যার পরিমাণও পাঁচ হাজার একরের বেশি।
কৃষি সমপ্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপসহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার বলেন, ‘তামাক চাষে নিরুৎসাহিত করার জন্য আমরা চাষিদের নিয়ে নানা সভা-সমাবেশ করছি। তার পরও চাষিরা তামাক চাষে ঝুঁকছেন।’
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ সভাপতি দীপক শর্মা বলেন, এখন সবে চাষ শুরু হয়েছে। কয়েক মাস পরে সংরক্ষিত বনের গাছ কেটে কয়েক হাজার চুল্লিতে তামাক পাতা পোড়ানো হবে। প্রতিবছরই একই অবস্থা।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, ইটভাটার মতো তামাকচুল্লি তৈরির আগে পরিবেশ ছাড়পত্র বাধ্যমূলক করা দরকার। কিন্তু পরিবেশ আইনে তার উল্লেখ নেই। তার পরও পরিবেশ নষ্টের দায়ে চুল্লির মালিকদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।