এবারও বর্ষায় ভিজতে হবে শিক্ষার্থীদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি সদরের সুরেন্দ্র কার্বারীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে একচালা ঘরে পাঠ নিচ্ছে শিক্ষার্থীরা  প্রথম আলো
খাগড়াছড়ি সদরের সুরেন্দ্র কার্বারীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে একচালা ঘরে পাঠ নিচ্ছে শিক্ষার্থীরা প্রথম আলো

গত বছর মে মাসে কালবৈশাখীতে বিদ্যালয়ের টিনের চাল উড়ে যায়। বিধ্বস্ত হয় বেড়ার শ্রেণিকক্ষ। এ অবস্থায়ও সুরেন্দ্র কার্বারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছিল। বিদ্যালয়টি নিয়ে গত ১ ডিসেম্বর প্রথম আলোয় ‘বিদ্যালয়ের এই হাল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। অবশেষে গত ২৬ এপ্রিল থেকে কাজ শুরু হয়। তবে নির্মাণকাজ যেভাবে এগোচ্ছে, সে ধারা অব্যাহত থাকলে এবারও বৃষ্টিতে ভিজেই পড়ালেখা করতে হবে শিক্ষার্থীদের।
ইতিমধ্যে কালবৈশাখী শুরু হয়ে গেছে। ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে বই-খাতা বগলদাবা করে বাড়ির দিকে দৌড় দিতে হয় শিক্ষার্থীদের। সম্প্রতি খাগড়াছড়ি সদর ইউনিয়নের এই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, টিন দিয়ে একটি একচালা ঘর নির্মাণ করা হয়েছে। তাতে কোনো বেড়া নেই। শিক্ষার্থীরা গাদাগাদি করে সেই ঘরের কয়েকটি বেঞ্চে বসে পড়ছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল, বাতাস বইতে শুরু করলে তারা বই-খাতা বগলদাবা করে বাড়ির দিকে ছোটে। পাশেই বিদ্যালয়ে ভবন নির্মাণের কাজ চলছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যাসাগর চাকমা বলেন, এই পরিবেশে কি আর স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালানো যায়! বিদ্যালয়ের নতুন ঘর না হওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলার সুযোগ নেই।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বিদ্যালয়টি নতুনভাবে নির্মাণ করে দিচ্ছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জীবন রোয়াজা বলেন, বিদ্যালয়টি খুব তড়িঘড়ি করে সাময়িকভাবে নির্মাণ করা হচ্ছে। পরবর্তীকালে একটি স্থায়ী ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি জানান, বিদ্যালয়টি মেঝে পাকা হবে, গাছের খুঁটি দিয়ে বেড়া এবং চাল হবে টিন দিয়ে। এর পুরোপুরি প্রাক্কলন এখনো তৈরি করা হয়নি। স্থানীয় এক পরিচিত ঠিকাদারকে দিয়ে এই কাজ করানো হচ্ছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘পার্বত্য মন্ত্রণালয়ের সচিব বিদ্যালয়টি সম্পর্কে শুনেছেন। তাঁর মৌখিক নির্দেশে আমি বিদ্যালয়টি পরিদর্শনে যাই। বিদ্যালয়ের অবস্থা দেখে আমি খুবই মর্মাহত হয়েছি। পরিষদের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে জরুরি ভিত্তিতে বিদ্যালয়টি নির্মাণ করা হচ্ছে।’