এবারও বালুচরেই শহীদ মিনার
এবারও বালুচরে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে কক্সবাজারের হাজারো শিক্ষার্থী। জেলার আট উপজেলার ৯৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। তাই শিক্ষার্থী-শিক্ষকদের এই উদ্যোগ।কক্সবাজার শহর থেকে সমুদ্র উপকূলের মেরিন ড্রাইভ সড়ক ধরে দক্ষিণ দিকে গেলে নজরে পড়ে বড়ছড়া থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকত এলাকা। এই এলাকার রত্নাপালং, জালিয়াপালং, ইনানী, কোটবাজার, চেপটখালী, রূপবতী, মনখালী, বাহারছড়া, হোয়াইক্ষ্যং, জাহাজপুরা, বড়ডেইল, হাজামপাড়া, সাবরাং, মুন্ডারডেইল, কচুবনিয়া, নয়াপাড়া, শাহপরীর দ্বীপসহ শতাধিক গ্রামে ৩৭০টির বেশি কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কিন্তু এর কোনোটিতে শহীদ মিনার নেই।টেকনাফের শামলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র কেফায়েত উল্লাহ (১২) বলে, ‘জীবনে কোনো দিন শহীদ মিনার দেখিনি, একুশে ফেব্রুয়ারি কী, তা-ও বুঝি না। তবে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস—এইটুকু পাঠ্যবইতে পড়েছি।’টেকনাফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী কামরুন্নাহার (১৩) জানায়, ‘একুশে ফেব্রুয়ারি শহীদ মিনার গিয়ে ফুল দিয়ে শহীদদের স্মরণ করতে মনে ইচ্ছা জাগে। কিন্তু আশপাশে কোথাও শহীদ মিনার নেই বলে যেতে পারি না।’টেকনাফ জাহাজপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ‘শহীদ মিনার তৈরির জন্য সরকারি বরাদ্দ থাকে না। আবার বিদ্যালয়ে শহীদ মিনার তৈরির জমিও নেই। তাই শিক্ষার্থীদের নিয়ে সমুদ্রসৈকতের বালুচরে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে দিবসটি কোনোমতে পালন করে আসছি।’ টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এই উপজেলার ৩৪টি সরকারি ও ২২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে প্রায় ২৬ হাজার। এর মধ্যে ৫৪টি বিদ্যালয়েই শহীদ মিনার নেই। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার সদর, টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এক হাজার ১০৮টি। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় ৯১৭টি (সরকারি ৩৭৬টি), উচ্চমাধ্যমিক ১৪৫টি (সরকারি ছয়টি), কলেজ ৪৬টি (সরকারি দুটি)। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা চার লাখ ৯৪ হাজার ২৩৪ জন। এর মধ্যে প্রাথমিকে তিন লাখ ১১ হাজার ২৩৪, কলেজে ৭০ হাজার ও মাধ্যমিক বিদ্যালয়ে এক লাখ ১৩ হাজার। মোট এক হাজার ১০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শহীদ মিনার রয়েছে মাত্র ১১৪টি কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রায় ৫৯ হাজার। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপস কুমার পাল জানান, সরকারি ৩৭৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০টি বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। সরকারি বরাদ্দ না থাকা, জমির সংকট এবং অসচেতনতার কারণে বাকি সব বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন করা যাচ্ছে না।সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ জানান, যেসব বিদ্যালয়ে শহীদ মিনার নেই, সেখানে রঙিন কাগজ, বাঁশ, কাঠ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে একুশ উদ্যাপনের আয়োজন চলছে। যেন খুদে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা এবং ভাষা শহীদদের ব্যাপারে জানতে পারে। তবে দিবসটি পালনে সরকারি নির্দেশনা নেই। জেলা মাধ্যমিক ও উচ্চশিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ‘জেলার দুটি সরকারি কলেজ, ছয়টি সরকারি উচ্চবিদ্যালয়সহ ১১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৬১টিতে শহীদ মিনার রয়েছে। অবশিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে রঙিন কাগজ, বাঁশ-কাঠ দিয়ে তৈরি শহীদ মিনারে এবারও জাতীয় দিবসটি পালিত হবে।’