এবারও ভাঙা শহীদ মিনারে!
‘কথা ছিল আগামী একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কক্সবাজার শহরের মানুষ খোলা পায়ে নতুন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের স্মরণ করবেন। গাইবেন সেই অমর গান, “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...।” কিন্তু না। তেমনটি এবারও হচ্ছে না। শহরের মানুষ এবারও শহীদদের সম্মান জানাবেন ১৯ বছরের পুরোনো ভাঙা শহীদ মিনারেই।’গত মঙ্গলবার বিকেলে কক্সবাজার সার্কিট হাউস সড়কের পাশে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দাঁড়িয়ে ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন ঝিনুকমালা প্রশিক্ষণ একাডেমির পরিচালক চন্দনকান্তি দাশ।চন্দনকান্তি জানান, মঙ্গলবার সন্ধ্যায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্যরা জরুরি সভায় বসে সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা ভাঙা শহীদ মিনারে আর ফুল দিতে যাবেন না। নতুন শহীদ মিনার তৈরি না হওয়া পর্যন্ত এই বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। শহরের একাধিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনও ভাঙা শহীদ মিনার বর্জনের সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯২ সালের মাঝামাঝি তৈরি হয়েছিল কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারটি। কিন্তু পরবর্তী সময় সংস্কার না হওয়ায় পাঁচ-ছয় বছর আগে এটির বিভিন্ন অংশ ভেঙে যায়। সেই থেকে এই ভাঙা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়ে আসছে শহরের মানুষ। প্রতিবছর ফেব্রুয়ারি এলে শহীদ মিনারে চুনকাম করা হয়। ফেব্রুয়ারি গেলে আর খোঁজ নেয় না কেউ। সরেজমিনে গিয়েদেখা গেছে, শহীদ মিনারের মূল বেদির নিচ থেকে মাটি সরে একাধিক গর্তের সৃষ্টি হয়েছে। সীমানাপ্রাচীরের লোহার রড চুরি হয়ে গেছে। হেলে পড়েছে মূল বেদি। যেকোনো সময় এটি ধসে পড়তে পারে। স্থানীয় লোকজন জানান, সন্ধ্যার পর পবিত্র অঙ্গনটি মাদকাসক্ত ও যৌনকর্মীদের নিরাপদ আড্ডাস্থলে পরিণত হয়। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলাম জানান, গত বছর শহীদ মিনার চত্বরেই পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে শহীদ মিনারটি নতুনভাবে তৈরির আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সে আশ্বাস বাস্তবায়িত হয়নি। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ শাজাহান বলেন, ‘ভাঙা শহীদ মিনারে ফুল দিলে শহীদদের আত্মা কষ্ট পাবে।’ পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজ বিহারী দাশ জানান, ‘শহীদ মিনারটি তৈরির জন্য সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রায় ৩১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে নতুন শহীদ মিনার নির্মাণ শুরু করা হলে এবারের একুশের অনুষ্ঠান সুন্দরভাবে করা সম্ভব হবে না। তাই একুশের পর নতুন শহীদ মিনার তৈরির কাজ শুরু করা হবে।’