এবারও মাতবে সিআরবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর প্রথমবারের মতো পয়লা বৈশাখের জমজমাট আয়োজন ছিল সিআরবিতে। শতবর্ষী সব গাছের নিচে উন্মুক্ত মঞ্চে গান, নাচ ও আবৃত্তি, শাহাবউদ্দিনের বলীখেলা দারুণ উপভোগ করেন দর্শকেরা। এবারের অনুষ্ঠানসূচিতে নতুনত্ব আনার চেষ্টা করছেন আয়োজকেরা। নববর্ষ উদ্যাপন পরিষদের উদ্যোগে ৩০ চৈত্র বিকেল সাড়ে চারটায় শুরু হবে বর্ষবিদায় অনুষ্ঠান। এতে বিশেষ পাওনা হবে শিল্পী রথীন্দ্রনাথ রায়ের গান। অনুষ্ঠান চলবে রাত সাড়ে নয়টা পর্যন্ত। পয়লা বৈশাখ সকাল সাড়ে সাতটায় যন্ত্রসংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর উদ্বোধনী সংগীত ‘এসো হে বৈশাখ’ পরিবেশন করবেন রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের শিল্পীরা। সন্ধ্যা সাতটার পর শুরু হবে আঞ্চলিক গানের অনুষ্ঠান। সম্পূর্ণ নিজেদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করছেন বলে জানান নববর্ষ উদ্যাপন পরিষদের যুগ্মসম্পাদক কামরুল হাসান। তিনি বলেন, ‘স্পন্সর হিসেবে করপোরেট হাউসগুলো যেসব শর্ত আরোপ করে তা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি সিআরবি। স্পন্সরদের ব্যানার ও ফেস্টুনে প্রকৃতি ঢেকে যাক সেটা আমরা চাই না।’ নববর্ষ উদ্যাপন পরিষদের সমন্বয়কারী শেখ শওকত ইকবাল বলেন, ‘চট্টগ্রামে জাতীয় মানের শিল্পী আছেন। যথাযথ সম্মানের সঙ্গে তাঁদের উপস্থাপন করে আঞ্চলিক, আধ্যাত্মিক ও মাইজভান্ডারি গানের ঐতিহ্য তুলে ধরা হবে। সর্বোপরি চট্টগ্রামের সংস্কৃতি তুলে ধরা হবে আন্তরিকতার সঙ্গে। চট্টগ্রামের সবাইকে নিয়েই এই উৎসব করতে চাই।’ — আলোকিত প্রতিবেদক