এবারও লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে পুরোদমে শুরু হয়েছে রোপা আমন মৌসুম। চলছে বীজতলা থেকে মূল জমিতে চারা রোপণের কাজ। এবার জেলায় ৭৭ হাজার ৭৯৬ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৮ মেট্রিক টন।
গত মৌসুমে প্রতিকূলতার মধ্যেও লক্ষ্যমাত্রার চেয়ে পাঁচ হাজার মেট্রিক টন বেশি চাল উৎপাদন হয়েছিল। লক্ষ্যমাত্রা ছিল...মেট্রিক টন। পরিবেশ অনুকূলে থাকলে চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা কৃষি বিভাগ ও কৃষকদের।
কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, আবাদের লক্ষ্যমাত্রার ৬৮ হাজার ৯৭৩ হেক্টর জমিতে উফশী (উচ্চফলনশীল), ৯২৩ হেক্টর জমিতে হাইব্রিড ও ৭ হাজার ৯০০ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধানের চাষাবাদ করা হচ্ছে। এর মধ্যে প্রায় ১২ হাজার হেক্টর জমিতে চারা লাগানো হয়েছে। অবশিষ্ট জমিতেও চলতি মাসের মধ্যেই চারা রোপণ সম্পন্ন হবে। অন্যদিকে গেল মৌসুমে রামু উপজেলার ‘সেরা কৃষক’ হন ঈদগড় ইউনিয়নের কৃষক নুরুল আলম। এবার আমন মৌসুমে তিনি ৪৫ কানি জমিতে চাষাবাদ করছেন। তিনি বলেন, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের কারণে এখন কৃষি খাত অনেক বেশি এগিয়ে গেছে। অতীতে সনাতন পদ্ধতিতে চাষাবাদের কারণে প্রতি কানি জমিতে ৫-৬ মণ ধান উৎপাদন হতো। কিন্তু এখন আধুনিক পদ্ধতিতে চাষাবাদের কারণে প্রতি কানি জমিতে ২০-২৫ মণ ধান উৎপাদন হয়।
নুরুল আলম জানান, চলতি আগস্ট মাসের শেষ দিকে আমন ধানের চারা রোপণ শেষ হবে। গত মৌসুমে তাঁর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হয়েছিল। এবারও পরিবেশ ভালো থাকলে ধান উৎপাদন হবে দ্বিগুণ।
চাষিরা জানান, আমন মৌসুমেই সবচেয়ে বেশি জমিতে চাষাবাদ করা হয়। সাধারণত জৈ্যষ্ঠ-আষাঢ় মাসে বীজতলা তৈরি ও বীজ বোনা হয়। এরপর শ্রাবণ-ভাদ্র মাসে মূল জমিতে চারা লাগানো হয়। পরে ধান কাটা হয় অগ্রহায়ণ-পৌষ মাসে। টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া, কক্সবাজার সদর উপজেলায় এখন আমন রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কক্সবাজারের উপপরিচালক আ ক ম শাহরীয়ার বলেন, গত মৌসুমে নানা প্রতিকূলতার মধ্যেও ভালো ফলন হয়েছিল। এবারও উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ ক্ষেত্রে কৃষকদেরও আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করতে হবে। সঠিক সময়ে বীজতলা তৈরির পর ভালো উৎস থেকে সংগ্রহ করে বীজ লাগাতে হবে। এরপর আদর্শ সময়ে বীজতলা থেকে চারা সংগ্রহ করে মূল জমিতে লাগানোর সময় লাইনে রোপণ করতে হবে। খেয়াল রাখতে হবে বীজগুলো যেন উচ্চফলনশীল জাতের হয়। তবে ভালো ফলন পাওয়ার ক্ষেত্রে জৈবসারের ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন তিনি।