এবারও লম্বা কামিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ফ্যাশনের পরিবর্তনটা সবচেয়ে বেশি চোখে পড়ছে এখন সালোয়ার-কামিজেই। গত বছর থেকেই দেখা গেল লম্বা কামিজ। এবারও কি তা-ই চলবে? সালোয়ারের পাশাপাশি মেয়েরা চুটিয়ে পরছে চুড়িদার, লেগিংস, প্যান্ট। এবার ঈদে কোনটি সবচেয়ে ফ্যাশনেবল? কামিজে ভেলভেটের পাড় তো চলছে এখনো। নতুন কী যোগ হয়েছে এতে? কামিজের ঝুল যেমন লম্বা, হাতাও কি তা-ই? নকশার মোটিফ হিসেবে কলকা আর ফুল-লতা-পাতাই থাকছে? সব মিলিয়ে কেমন এবার সালোয়ার-কামিজের ট্রেন্ড, তার খোঁজ এই নকশায়।বেশির ভাগ ফ্যাশন হাউসেই চলে এসেছে ঈদের সংগ্রহ। এ মাসজুড়েই আসতে থাকবে আরও নতুন নতুন পোশাক। কথা হয় রাজেশ খাজুরিয়ার সঙ্গে। আড়ংয়ের নকশা বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে কাজ করছেন তিনি। ‘আন্তর্জাতিক ট্রেন্ড আর দেশি ফ্যাশন—এ দুইয়ের সমন্বয়ে পোশাকের নকশা করি আমরা। এখন আন্তর্জাতিকভাবে চলছে হালকা রং। আর সাদা থেকে সুন্দর হালকা কোনো রং কি হতে পারে? প্যাস্টেলের কিছু শেডও আছে। আড়ংয়ের ঈদ পোশাক সংগ্রহে এই রংগুলো তো আছেই। উজ্জ্বল আরও নানা রং যেমন—পার্পল, ওয়াইন, লাল, গাঢ় নীল এগুলোও পাবেন।’ বলেন তিনি।‘ফ্রি ফ্লোয়িং ড্রেস’ এবারের পোশাকগুলোর কাট এমনই বলে জানালেন তিনি। ‘খুব ঢিলে নয়, চাপাও নয়। পরলে এমনিতেই সুন্দরভাবে ফিট করে যাবে এই পোশাকগুলো।’আড়ংয়ের পোশাকের বড় বৈশিষ্ট্য, নকশিকাঁথা আর হাতের কাজ এবারও দেখা যাবে। পাতলা সুতি, মসলিন, নরম সিল্ক কাপড় বেশি ব্যবহার হয়েছে। জামদানি দিয়েও তৈরি হয়েছে সালোয়ার-কামিজ। দেশি এই কাপড়গুলোতে কোনো কৃত্রিম তন্তু ব্যবহার করা হয়নি বলে জানালেন রাজেশ খাজুরিয়া। আগের তুলনায় কামিজের দৈর্ঘ্য প্রায় ১০ ইঞ্চি বেড়েছে বলে জানালেন ফ্যাশন হাউস দর্জির ডিজাইনার সাশা মানসুর চৌধুরী। আর সব বয়সীরাই এখন এমন দৈর্ঘ্যের কামিজ পরছেন। ‘এবার কামিজে কাটের বৈচিত্র্য অনেক বেশি। চওড়া লেসের ব্যবহার দেখা যাচ্ছে। এমনকি কামিজে এম্ব্রয়ডারি করা থাকলেও লেস থাকছেই। পার্ল আর চুমকি দিয়ে নকশা করা হচ্ছে পোশাকে। আর চড়া কন্ট্রাস্ট এবার খুব চলছে। নীলের সঙ্গে সাদা, কালোর সঙ্গে গোলাপি অথবা লাল। আবার সবুজের সঙ্গে সাদা। এ ধরনের বৈপরীত্য চোখে পড়ছে। এর সঙ্গে আরও একটি অনুষঙ্গ যোগ হয়েছে, প্রিন্ট কাপড়ের বর্ডার। কোনো মিল ছাড়াই যেকোনো প্রিন্ট বর্ডার ব্যবহার করা হচ্ছে কামিজের ঝুলে। যেমন সবুজ কাপড়ের নিচে যোগ করে দেওয়া হলো সাদা-কালো স্ট্রাইপ বর্ডার।’ বলেন তিনি।কামিজের হাতা এবার লম্বার দিকেই। খাটো হাতার চল তেমন নেই। হয় স্লিভলেস, নয় থ্রি কোয়ার্টার বা ফুল হাতা। আর সেটাও কামিজের কন্ট্রাস্ট রঙে হতে পারে। খাটো হাতা চাইলে ম্যাগি বা ক্যাপ স্লিভ বানাতে পারেন।কামিজে ভেলভেট লেস এখনো ব্যবহার হচ্ছে। চিকন বল বা ঝালর লাগানো লেসও থাকছে সঙ্গে। চওড়া ভেলভেট লেস দিয়ে তার নিচেই লাগিয়ে দেওয়া হচ্ছে চিকন বল লেস।কামিজের সঙ্গে খুব চলছে সোজা কাটের প্যান্ট, কুচি ছাড়া চাপা চুড়িদার বা চোস্ত পায়জামা। কিছু সালোয়ারের নিচে, গোড়ালির কাছে লেসও থাকছে। এবার ওড়নায় তেমন বৈচিত্র্য নেই বলেই মনে করেন সাশা। রং মিলিয়ে শিফন ওড়নাটাই বেশি কেনা হচ্ছে। এর সঙ্গে কিছু টাইডাই ওড়না চলতে পারে। লম্বা কামিজের জন্য কাপড় লাগতে পারে দুই থেকে সোয়া দুই গজ। আর বহর একটু কম হলে লাগবে আর একটু বেশি। প্যান্টের জন্য চাই আড়াই গজ কাপড়। লিনেন কাপড়টা এবার খুব চলছে। গরম বলেই হয়তো পাতলা লিনেনের চল বেশি।‘লম্বা কামিজের চলটা এবার অনেক বেশি। তবে এর থেকে ভিন্ন কিছুও পরতে চাইবেন অনেকে। এ ভাবনা থেকেই রঙ এনেছে ফ্রক কাটের কিছু কামিজ। অবশ্য লম্বা কামিজও করা হয়েছে। উজ্জ্বল রঙের ব্যবহার আমাদের বৈশিষ্ট্য। এবারও ব্যতিক্রম নয়। আর এসব পোশাকে ব্যবহার হয়েছে মূলত এম্ব্রয়ডারির নকশা। কিছু অ্যাপ্লিক, স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্টও ব্যবহার হয়েছে।’ জানালেন ফ্যাশন হাউস রঙের ডিজাইনার বিপ্লব সাহা।আবহাওয়ার কারণেই এবার সাজটাও দেখা যাবে হালকা। হালকা বেস মেকআপে গাঢ় কাজল আর উজ্জ্বল লিপস্টিক, এমনটাই হতে পারে সাজের ধরন।