এবারও শিক্ষার্থীদের ঝোঁক প্রকৌশল ও আইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ২৩ অক্টোবর থেকে। গত বছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের ঝোঁক প্রকৌশল ও আইন অনুষদের দিকে। এ দুটি অনুষদের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বেশি।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর রাতে শেষ হয়েছে আবেদন–প্রক্রিয়া। প্রকৌশল অনুষদে ১৪০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৬ হাজার ৭৩টি। অর্থাৎ এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ১৮৭ জন শিক্ষার্থী। গত বছর প্রকৌশল অনুষদে ১২৮টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ২৩ হাজার ৪৪৪টি, প্রতি আসনের বিপরীতে অংশ নেন ১৮৩ জন।
প্রকৌশল অনুষদের অধীনে দুটি বিভাগ রয়েছে। এ দুটি বিভাগ হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ।
প্রকৌশল অনুষদের ডিন শংকর লাল সাহা বলেন, প্রকৌশল অনুষদের বিভাগ দুটিতে পড়ে দেশে ও দেশের বাইরে চাকরির নিশ্চয়তা রয়েছে। পাশাপাশি শিক্ষাবৃত্তি নিয়ে বিদেশে গবেষণার সুযোগও পাওয়া যায় অনেক বেশি।
অন্যদিকে আইন অনুষদে ১৩৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২০ হাজার ৬৮৭টি। এই ইউনিটে প্রতি আসনের জন্য পরীক্ষায় অংশ নেবেন ১৫৩ জন করে। গত বছর আইন অনুষদের ১৩০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ১৬ হাজার ৪৬১টি, প্রতি আসনের বিপরীতে অংশ নেন ১২৭ জন করে।
এই অনুষদের ডিন আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘একাডেমিক কার্যক্রমের জন্য দেশে আমাদের আইন অনুষদের সুনাম আছে। এখানে কোনো সেশনজট নেই। পাস করা শিক্ষার্থীরা দেশ-বিদেশে ভালো অবস্থানে আছে। আর বাংলাদেশসহ সারা বিশ্বে আইনের শিক্ষার্থীদের চাহিদা রয়েছে। এ জন্য শিক্ষার্থীদের প্রথম পছন্দ আইন অনুষদ।’
২০১৫-১৬ শিক্ষাবর্ষে আইন অনুষদের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন পার্থিব মাহমুদ। ভর্তি-ইচ্ছুক িশক্ষার্থীদের তিনি জানালেন ভর্তি পরীক্ষায় ভালো করার কৌশল। তিনি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের ভর্তি পরীক্ষার প্রশ্ন হয় সৃজনশীল। এ ক্ষেত্রে গতানুগতিক পড়ালেখা করলে চলবে না। নিজেকে এগিয়ে রাখতে হবে সব সময়। সাধারণ জ্ঞানের খুঁটিনাটি বিষয়ে হতে হবে দক্ষ। আর ইংরেজিতে তো অবশ্যই ভালো করতে হবে। এর পাশাপাশি বাংলা বিষয়ে প্রস্তুতি নিতে হলে উচ্চমাধ্যমিকের পাঠ্যবইটির সঙ্গে খ্যাতিমান লেখকদের বইয়ের প্রতিও বিশেষ নজর রাখতে হবে।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১০টি ইউনিটের অধীনে ৪৩টি বিভাগ ও ৫টি ইনস্টিটিউটে মোট ৪ হাজার ৭৯১টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে। এবার আবেদন জমা পড়েছে ২ লাখ ৪৪ হাজার ৭৭৯টি। অর্থাৎ প্রতিটি আসনের জন্য পরীক্ষায় অংশ নেবেন ৫২ জন শিক্ষার্থী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন বলেন, ‘শিক্ষার্থীরা এখন প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। আমরা এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের এ বিষয়ে জানিয়ে দিয়েছি। ভর্তি পরীক্ষা উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করছি।’