জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে কমলেও বান্দরবান জেলার এসএসসি পরীক্ষার ফলাফল গতবারের চেয়ে ভালো হয়েছে। জেলায় এ বছর দুই হাজার ৮০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক হাজার ৬৬৯ জন। পাসের হার ৬৭ দশমিক ৫৯ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৬৬ দশমিক ৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২৬ জন।জেলায় প্রতিবারের মতো এবারও বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ শীর্ষস্থান ধরে রেখেছে। এই বিদ্যালয় থেকে ৬৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ৬১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয়ের ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯২ জন পাস করেছে। পাঁচজন জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞানরঞ্জন চাকমা বলেন, সামগ্রিক বিবেচনায় এবারে পার্বত্য জেলাগুলোর মধ্যে বান্দরবান রাঙামাটির চেয়ে ভালো ফলাফল করেছে। তবে বান্দরবানের দুর্গম উপজেলাগুলোতে এবার ফলাফল ভালো হয়নি। ফলাফল বিপর্যয় ঘটেছে রুমা ও রোয়াংছড়ি উপজেলায়। রুমায় ১০৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৩১ জন। রোয়াংছড়িতে ১১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৪ জন। রুমা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আলম বলেন, গত কয়েক বছর ধরে কড়াকড়িভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে। পাসের হার কমলেও অনেকেই জিপিএ-৪ ও ৪ দশমিক ৫ পেয়েছে। সার্বিকভাবে বিদ্যালয়ের লেখাপড়ার মান বাড়ায় এমনটা হয়েছে।