এইচএসসি ও সমমানের পরীক্ষায় জেলায় এবারও শীর্ষস্থানে কক্সবাজার সরকারি কলেজ। এই কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৯৩ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০টি সেরা কলেজের মধ্যে এই কলেজের অবস্থান নবম। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার ২০টি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয় চার হাজার ৯৪৩ জন শিক্ষার্থী। পাস করে তিন হাজার ৬১৩ জন। পাসের হার ৭৩ দশমিক ১০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০২ জন। এর মধ্যে ৯৩ জনই কক্সবাজার সরকারি কলেজের। কলেজের অধ্যক্ষ মো. শামসুদ্দিন বলেন, ‘এই অসাধারণ ফলাফলে আমরা খুশি। আগামী দিনেও ভালো ফলাফল করে কলেজের সুনাম ধরে রাখতে চাই। এ ব্যাপারে অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’ কক্সবাজার সরকারি কলেজ থেকে এবার ৬৪৪ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করে ৬০৬ জন। এ ছাড়া চকরিয়া মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ৩৪৭ জন শিক্ষার্থী। পাস করে ২৫০ জন। জিপিএ-৫ পেয়েছে চারজন। চকরিয়ার ডুলাহাজারা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ৩৮৪ জন শিক্ষার্থী। পাস করেছে ২৯১ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে চারজন। এদিকে ঈদগাঁও ফরিদ আহমদ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে একজন। মাদ্রাসায় জিপিএ-৫ পেয়েছে ৫৯ জনবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছে এক হাজার ১৫৮ জন শিক্ষার্থী। পাস করেছে এক হাজার ৬৫ জন। পাসের হার ৯১ দশমিক ৯৬ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন। জানা যায়, মহেশখালীর কালারমারছড়া মঈনুল ইসলাম কামিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ছয়জন, মাতারবাড়ি মজিদিয়া আলিম মাদ্রাসায় পাঁচজন; বদরখালী এমএস ফাজিল মাদ্রাসা, খুটাখালী তমজিয়া ইসলামিয়া মাদ্রাসা, পহরচাদা ফাজিল মাদ্রাসা ও পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রতিটিতে চারজন; কক্সবাজার হাসেমিয়া কামিল মাদ্রাসা, রুমখা পালং ইসলামিয়া আলিম মাদ্রাসা, পেকুয়া ফাসিয়াখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও উখিয়া রাজাপালং এমইউ ফাজিল মাদ্রাসা প্রতিটিতে তিনজন; চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসা, নীলা জমিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, পেকুয়া আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসা ও আরাবিয়া মারুফিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রতিটিতে দুজন এবং একজন করে জিপিএ-৫ পেয়েছে কক্সবাজার আদর্শ কামিল মাদ্রাসা, তৈতেয়া তাফহিমুল কোরআন আলিম মাদ্রাসা, ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদ্রাসা, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসা, চকরিয়া আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা, ধুরুং ছমদিয়া আলিম মাদ্রাসা, মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, টেকনাফ রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা, রাজাখালী বাহারুল উলুম ফাজিল মাদ্রাসা, মৌলভিবাজার ফারুকিয়া আলিম মাদ্রাসা ও উজানটিয়া এস এস আলিম মাদ্রাসা থেকে।