এবারও হলো না সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন এবারও হলো না। ষষ্ঠবারের মতো তারিখ ঘোষণা করেও সম্মেলন না হওয়ায় হতাশ নেতা-কর্মীরা। সর্বশেষ গত ৩১ অক্টোবর সম্মেলনের নির্ধারিত তারিখ ছিল।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, স্থানীয় সাংসদ আশেকুল্লাহ রফিক দেশের বাইরে থাকায় নির্ধারিত সময়ে সম্মেলন হয়নি। সাংসদ দেশে ফিরলে সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে কবে নাগাদ সম্মেলন হবে, তা সঠিকভাবে বলতে পারেননি তিনি।
দলীয় সূত্র জানায়, ১৭ অক্টোবর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় জেলা আওয়ামী লীগের সম্মেলন দ্রুত শেষ করার লক্ষ্যে ২৯ অক্টোবর কুতুবদিয়া ও ৩১ অক্টোবর মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণ করা হয়। এরপরও নির্ধারিত তারিখে মধ্যে সম্মেলন করতে ব্যর্থ হলে কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
নেতা-কর্মীরা জানান, ২০০২ সালের ৩০ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আনোয়ার পাশা চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে এম আজিজুর রহমান নির্বাচিত হন। এরপর সম্মেলন করার জন্য ছয়বার উদ্যোগ নিয়েও সম্ভব হয়নি। প্রথম উদ্যোগ নেওয়া হয় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি। এরপর একই বছর ২২ ও ২৮ মার্চ, ১১ এপ্রিল এবং গত বছরের ২৭ ডিসেম্বর ও চলতি বছরের ৩১ অক্টোবর সম্মেলনের তারিখ ঘোষণা করেও সম্মেলন হয়নি। ফলে, দুই বছর মেয়াদের কমিটি পার করছে ১৩ বছর।
তৃণমূলের নেতা-কর্মীদের অভিযোগ, সম্মেলন হলে নেতাদের পছন্দের লোকজন নির্বাচিত হবেন না। এ জন্য বারবার তারিখ দিয়েও সম্মেলন হচ্ছে না। তাঁরা কাউন্সিলরদের ভোটে নেতা নির্বাচনের দাবি জানান।
কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল আলম বলেন, সম্মেলন হলেই বর্তমান কমিটির লোকজন আর দায়িত্ব পাবেন না। এটা জানার পর তাঁরা সম্মেলন না করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছেন। সম্মেলন না হওয়ায় মাঠপর্যায়ে সাংগঠনিক অবস্থা দুর্বল হয়ে পড়ছে।
মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম ছমি উদ্দিন বলেন, জেলা আওয়ামী লীগ ছয়বার তারিখ ঘোষণা করলেও সম্মেলন হয়নি। তাই সম্মেলন আদৌ হবে কি না, অনিশ্চয়তা দেখা দিয়েছে।
জানতে চাইলে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ বলেন, জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সিদ্ধান্তমতে, ৩১ অক্টোবর মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় সাংসদ দেশের বাইরে থাকায় সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এ জন্য উপজেলা কমিটি দুই সপ্তাহ সময় চেয়েছে। এ ব্যাপারে কার্যকরী কমিটির পরবর্তী সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।