এবারও 'লক্ষ্মী' আসনের কান্ডারি বদি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার পর থেকে কক্সবাজার-৪ আসনটি জাতীয় নির্বাচনের ভাগ্য নির্ধারণী আসনগুলোর অন্যতম। এ আসনে যে দল জেতে কেন্দ্রে তারাই সরকার গঠন করে। এর ব্যতিক্রম হয়নি কখনো। ফলে স্থানীয় ভোটারদের কাছে এটি ‘লক্ষ্মী’ আসন। ভোটারদের ধারণা, এবারও ‘লক্ষ্মী’ আসনের কান্ডারি হতে পারেন বর্তমান সাংসদ ও আওয়ামী লীগের প্রার্থী আবদুর রহমান বদি। কারণ, তাঁর প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী তাহা ইয়াহিয়ার দেখাই পাননি অনেক ভোটার।
বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে আলাপে জানা গেছে, নির্বাচনে বর্তমান সাংসদ আবদুর রহমানের প্রভাব থাকবে। কারণ, তাঁর পক্ষে মাঠে সক্রিয় রয়েছেন বিশাল দলীয় কর্মী-সমর্থক গোষ্ঠী। এ ছাড়া তিনি পাঁচ বছর ধরে উখিয়া-টেকনাফের ৬০-৭০ হাজার মানুষকে চাল ডালসহ নগদ অর্থ সহায়তা দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করছেন। তবে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে মারধর করে বিতর্কিত হওয়ার বিষয়টিও আমলে নিচ্ছেন ভোটাররা। কিন্তু নতুন মুখ তাহা ইয়াহিয়া প্রচারাণায় পিছিয়ে ছিলেন। তা ছাড়া সাংগঠনিকভাবে জাতীয় পার্টি এখানে দুর্বল।
টেকনাফের বাহারছড়ার ভোটার নজিবুল ইসলাম (৪৪) বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে এই নির্বাচন করছে। সুতরাং তাদের দলের প্রার্থীর জয় হওয়ার সম্ভাবনা বেশি। পৌরসভার শাপলা চত্বর এলাকার রিকশাচালক নেজাম উদ্দিন (৪৮) বলেন, ‘ভোট দিলও কী, ন দিলও কী? আঁরা ভোট ন দিলও এমপি অইব বদি।’ তবে কয়েকজন ভোটার বলেন, বিএনপি ও জামায়াতের সমর্থকেরা তাহা ইয়াহিয়াকে সমর্থন দিলে হিসাবটা অন্য রকম হতে পারে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ‘আমরা চাই, উৎসবমুখর পরিবেশে ভোটাররা কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরে যাক।’