
ঈদের দিন পাঞ্জাবি পরতে ভালোবাসেন ইরেশ যাকের। সকালে ঘুম থেকে উঠে গোসল করে নতুন পাঞ্জাবি পরেন। এরপর যান ঈদগাহে। সাধারণত নামাজ শেষে বাসায় ফিরে আবার বেরিয়ে পড়তেন পরিবারের সঙ্গে ইস্কাটনের নানিবাড়ির উদ্দেশে। এখানে অন্যসব কাজিনও চলে আসত। এরপর দুপুরের খাবার সবাই মিলে খেতেন। তবে এখন নানির বয়স বাড়ার ফলে এই আয়োজন বন্ধ আছে। এবার ঈদের আগে হয়তো নানিই (আলিয়া আমিন) চলে আসবেন ইরেশের বাবা-মায়ের বাসায়।

এই অভিনেতা বলেন, ‘ঈদের দিন অন্য আত্মীয়দের বাসায় ঘুরতে যেতেও ভালো লাগে। তবে এবার কিছুটা উল্টে যাবে হিসাব। কারণ, সবকিছু ঠিক থাকলে এবার ঈদের দিন ইন্দোনেশিয়ার বালিতে থাকব। কাছের কিছু বন্ধুর সঙ্গে এই পরিকল্পনা অনেক আগেই করা আছে। সেভাবে রিসোর্টও বুক করা আছে।’
তবে যেখানেই থাকুক না কেন ঈদে পাঞ্জাবি পরার ইচ্ছে আছে। ডিজাইনার মায়া আল মুক্তাদিরের তৈরি করা ছাইরঙা এই পাঞ্জাবিটা সঙ্গেই যাবে বালিতে। পাঞ্জাবির সঙ্গে জিনস আর হাতে থাকবে সোয়াচ ব্র্যান্ডের ঘড়ি। ইরেশের পছন্দের সুগন্ধি মন্ট ব্ল্যাক। ঈদের দিনও সেটা ব্যবহার করেন।
তৌহিদা শিরোপা